কপ-৩১-এর আসরে দুর্যোগের আগাম সতর্কতায় উন্নত প্রযুক্তি ও অর্থায়ন চাইল বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় আগাম সতর্কতা ব্যবস্থা আরও শক্তিশালী করতে উন্নত প্রযুক্তি ও আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ।
তুরস্কে কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত ‘আর্লি ওয়ার্নিংস ফর অল: ডেলিভারিং অন আওয়ার প্রমিজ টু প্রটেক্ট এভরিওয়ান’ শীর্ষক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রীরা অংশ নেন। এ সময় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. ফাহমিদা খানম প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আগাম সতর্কতা ব্যবস্থা উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরেন।
তিনি বলেন, পূর্বাভাস ব্যবস্থা, আশ্রয়কেন্দ্র নির্মাণ, দুর্যোগের সময় মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া এবং ব্যাপকসংখ্যক স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে বাংলাদেশ দুর্যোগে প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে।
তিনি জানান, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশে বিপুলসংখ্যক কমিউনিটি স্বেচ্ছাসেবক কাজ করছেন, যাদের প্রায় ৫০ শতাংশ নারী। দুর্যোগের আগাম প্রস্তুতি ও সাড়া দানে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
শামা ওবায়েদ বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষায় সরকার আগাম সতর্কতা ব্যবস্থার কার্যকারিতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, অত্যাধুনিক আগাম সতর্কতা ব্যবস্থা স্থাপনে বিপুল অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন। এ ক্ষেত্রে উন্নত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পাশাপাশি কার্যকর আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে তুলতে আঞ্চলিক পর্যায়ে তথ্য আদান-প্রদান ও সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।



