পাকিস্তানকে হারালেই ফাইনাল সহজ হবে, ২৩ বছর পর সাফ শিরোপার স্বপ্ন ইমরুল হাসানের

শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এবার সামনে পাকিস্তান। শনিবার এই লড়াই জিতলেই ফাইনালের টিকিট, আর সেই সঙ্গে ২৩ বছর পর শিরোপা জয়ের স্বপ্নও আরও কাছে চলে আসবে।
পাকিস্তানকে কঠিন প্রতিপক্ষ মানলেও বাংলাদেশকে নিয়ে আশাবাদী ফুটবল সংগঠক ও এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান। তার বিশ্বাস, সেমিফাইনালের বাধা পেরোতে পারলে ফাইনালে শিরোপা জেতা কঠিন হবে না।
গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে ওঠা বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সে সন্তুষ্ট ইমরুল। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে দলের ভালো খেলাকে দেখছেন আশার জায়গা হিসেবে। তবে পাকিস্তানকে শ্রীলঙ্কার চেয়ে কঠিন প্রতিপক্ষ মনে করছেন তিনি। নতুন কয়েকজন খেলোয়াড় যোগ হওয়ায় দলটির শক্তি বেড়েছে বলেও মনে করেন এই সংগঠক।
এ প্রসঙ্গে ইমরুল বলেন, ‘বাংলাদেশ গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে গিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ অনেক দিন পর একটি ভালো ম্যাচ খেলেছে, যেটা আমাদের আশান্বিত করেছে। এখন সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান। তাদের দলে সম্ভবত আরও পাঁচজন নতুন খেলোয়াড় যুক্ত হয়েছে। তাদের যোগদানে পাকিস্তান দল আরও শক্তিশালী হয়েছে। তারপরও আমি আশাবাদী। শ্রীলঙ্কার মতো সহজ না হলেও পাকিস্তানের বিপক্ষে আমাদের ছেলেরা ভালো খেলে জয় ছিনিয়ে আনবে।’
পাকিস্তানকে হারাতে পারলে শিরোপা জয়ের পথ অনেকটাই সহজ হয়ে যাবে বলে মনে করেন ইমরুল। ২৩ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্নও দেখছেন তিনি। তিনি বলেন, ‘আমরা আশাবাদী। খুব ভালোভাবেই আশাবাদী। কালকের বাধাটা যদি আমরা টপকাতে পারি, তাহলে আশা করছি সাফ ফাইনাল আমরা খুব সহজেই জিতে যাব।’
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের খেলায় আরেকটি ইতিবাচক দিক দেখেছেন ইমরুল। অরিজিন ফুটবলারদের পাশাপাশি স্থানীয় খেলোয়াড়দেরও সমানতালে পারফর্ম করতে দেখে খুশি তিনি।
তিনি বলেন, ‘আপনি যখন ভালো কোনো খেলোয়াড়ের সান্নিধ্যে থাকবেন, তখন নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। ভালো খেলোয়াড়ের সান্নিধ্য আপনাকে সহায়তা করবে। আমার মনে হয়, ঘটনাটা এভাবেই ঘটেছে। বাংলাদেশে এখন অধিকসংখ্যক অরিজিন ফুটবলার এসেছে, তাদের পাশাপাশি আমাদের বেশ কিছু স্থানীয় খেলোয়াড়ও খেলছে। বাংলাদেশের প্রতিনিধিত্বের ক্ষেত্রে লোকাল-অরিজিন বলে কিছু নেই। একটা ভালো সমন্বয় তৈরি হয়েছে। আশা করছি, সামনের ম্যাচগুলোতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।’
তবে একটি ভালো ম্যাচ দিয়েই বাংলাদেশের ফুটবলের অগ্রগতি বিচার করতে চান না ইমরুল। তার মতে, সাম্প্রতিক সাফল্য ধরে রাখতে পারলেই বোঝা যাবে দেশের ফুটবল সত্যিকার অর্থে কতটা এগিয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক দিন পর আমরা একটি ভালো ম্যাচ খেলেছি। এখনই আমাদের বাস্তবতা বুঝতে হবে। এই সফলতাকে দীর্ঘমেয়াদে ধরে রাখতে হবে। তাহলে বুঝব বাংলাদেশের ফুটবল এগিয়েছে। একটি ম্যাচ দিয়ে আমি এখনই বিচার করতে চাই না যে আমরা কতটুকু এগিয়েছি। সময়ই বলে দেবে আমরা কতটুকু এগিয়েছি।’
দলের অধিনায়ক হিসেবে হামজা চৌধুরীর ভূমিকাও আলাদা করে উল্লেখ করেছেন ইমরুল। তিনি বলেন, ‘হামজার মতো মানের কোনো খেলোয়াড় যখন একটি দলের বা দেশের অধিনায়কত্ব নেবেন, তখন সেটা স্বাভাবিকভাবেই সহখেলোয়াড়দের মধ্যে বাড়তি অনুপ্রেরণা জোগাবে। আমাদের ক্ষেত্রেও তাই ঘটেছে। হামজার অধিনায়কত্বে আমাদের খেলোয়াড়েরা আরও বেশি উদ্বুদ্ধ হয়েছে ভালো খেলার জন্য।’




