নাইরোবির উপকণ্ঠে নির্মাণাধীন আটতলা ভবন ধসে নিহত ৬, ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চলছে
কেনিয়ার রাজধানী নাইরোবির উপকণ্ঠে সিয়োকিমাউ এলাকায় একটি নির্মাণাধীন আটতলা ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে ভবনটি ধসে পড়ে।
ঘটনার সময় নির্মাণশ্রমিকেরা ওই স্থানে কাজ করছিলেন বলে জানা গেছে। নাইরোবি সিটি কাউন্টির জরুরি দলের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ভবনের সবচেয়ে উপরের কংক্রিটের স্ল্যাব ধসে পড়ে এবং তার সঙ্গে কাঠামোর একটি অংশ নিচে নেমে আসে। স্ল্যাবটি কেন ভেঙে পড়ল, তা প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি।
কেনিয়া রেড ক্রস প্রথমে জানায়, তিনজনকে উদ্ধার করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। পরে টেলিভিশনের খবরে বলা হয়, পাঁচজনকে জীবিত অবস্থায় ধ্বংসস্তূপ থেকে বের করে হাসপাতালে নেওয়া হয়েছে।
জরুরি দলের প্রতিবেদনে বলা হয়েছে, ধসের সময় সেখানে ঠিক কতজন শ্রমিক ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি। ফলে আরও কেউ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের কর্মী ও বিশেষায়িত উদ্ধার দল জীবিতদের খোঁজে ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
সিয়োকিমাউ যেই মাভোকো আসনের অন্তর্ভুক্ত, সেই আসনের সংসদ সদস্য প্যাট্রিক মাকাউ সামাজিক মাধ্যমে উদ্ধার সংস্থাগুলোকে দ্রুত কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ, এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এই ধসের মাত্র তিন সপ্তাহ আগের আরেকটি ঘটনা এখনো কেনিয়াজুড়ে আলোচিত। গত ২৩ অক্টোবর রাজধানীতে একই ধরনের একটি ভবন ধসে আটজন নিহত হন। পরপর দুটি প্রাণঘাতী ধসের পর নির্মাণকাজে নিরাপত্তা তদারকি আরও কঠোর করার দাবি জোরালো হয়েছে।
কেনিয়ার রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান কেনিয়া ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস ভবন ধসের পেছনের বড় কারণ হিসেবে নিম্নমানের কারিগরি কাজ, অপর্যাপ্ত তদারকি, ভেজাল নির্মাণসামগ্রী ও ত্রুটিপূর্ণ নকশাকে চিহ্নিত করেছে।

