আজমানে জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশের মেয়েরা, দিলারার অপরাজিত ৬৮

পাকিস্তানের কাছে বাজেভাবে হারের পরদিনই ঘুরে দাঁড়াল বাংলাদেশ। আজমানে নারী ইমার্জিং নেশনস ট্রফিতে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
আজমানে গতকাল পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। ঠিক তার পরের দিনই জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ বল হাতে রেখে ৯ উইকেটের স্বস্তির জয় পেয়েছে জ্যোতির দল।
১৩২ রানের লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতেই জয় অনেকটা নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। ৭৮ বলে ১০৪ রানের জুটি গড়েন দুই ওপেনার সাথি রানী ও দিলারা আক্তার।
১৩তম ওভারের শেষ বলে সাথিকে ফিরিয়ে জুটি ভাঙেন জিম্বাবুয়ের পেসার মিচেল মাভুঙ্গা। ৪৩ বলে ৬টি চারে ৪৫ রান করেন সাথি।
তিন নম্বরে নামা শারমিন আক্তার সুপ্তা দ্বিতীয় উইকেটে দিলারার সঙ্গে ২৭ বলে ২৮ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে মাঠ ছাড়েন।
দিলারা আক্তারের ৪৯ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংসই ছিল ম্যাচের সর্বোচ্চ। ৪৯ বলের ইনিংসে তিনি মেরেছেন ৮টি চার। তিনিই হয়েছেন ম্যাচসেরা।
এর আগে টস জিতে আগে ব্যাট করে জিম্বাবুয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রানে আটকে যায়। সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন চিপো মুগেরি তিরিপানো; ৩০ বলের ইনিংসে তিনি মেরেছেন ২টি চার ও ১টি ছক্কা। বাংলাদেশের রাবেয়া খান ৪ ওভারে ২৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
পয়েন্ট তালিকায় ২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে পাকিস্তান। বাংলাদেশ ২ ম্যাচে ১ জয় ও ১ হারে ২ পয়েন্ট নিয়ে তিনে আছে। দুইয়ে থাকা নেদারল্যান্ডসেরও ২ পয়েন্ট; ডাচরা নিজেদের একমাত্র ম্যাচে গতকাল থাইল্যান্ডকে হারিয়েছে ৫ উইকেটে। নেদারল্যান্ডসের নেট রানরেট +০.২২৬, বাংলাদেশের −০.৩২৪। চার ও পাঁচে থাকা থাইল্যান্ড ও জিম্বাবুয়ে এখন পর্যন্ত কোনো ম্যাচ জেতেনি।



