প্রায় ১০০ বছর পর আলোয় আসছে আয়ারল্যান্ডের ‘নিষিদ্ধ বইয়ের ঘর’, যাচ্ছে জাতীয় আর্কাইভে
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের প্রাণকেন্দ্রে একটি সরকারি ভবনে প্রায় এক শতাব্দী ধরে লুকিয়ে ছিল এক গোপন সংগ্রহ—‘নিষিদ্ধ বইয়ের ঘর’। সেন্ট স্টিফেনস গ্রিনে বিচার বিভাগের ওই ভবনে জনসাধারণের প্রবেশ ছিল না, কারণ তাকগুলোতে ছিল অশ্লীল বা অশোভন বলে ঘোষিত ১২ হাজার বই।
এটি ছিল সেন্সরশিপ অব পাবলিকেশন্স বোর্ডের হাতে নিষিদ্ধ হওয়া বইগুলোর একরকম কবরস্থান। যৌনতা বা অন্যান্য ‘অপসংস্কৃতি’র গন্ধ পেলেই বোর্ড বই নিষিদ্ধ করত।
হ্যারল্ড রবিনসের বই ছিল সেখানে। ছিলেন ইয়ান ফ্লেমিং, এডনা ও’ব্রায়েন, ব্রেন্ডান বেহান, অস্কার ওয়াইল্ড, ডি এইচ লরেন্স, জে ডি স্যালিঞ্জার, জন আপডাইক, আইরিস মারডক, এফ স্কট ফিটজেরাল্ডসহ আরও অনেকে।
এবার সেই সংগ্রহের ‘পুনরুত্থান’ ঘটতে যাচ্ছে। আয়ারল্যান্ডের সেন্সরশিপ আইন বাতিলের অংশ হিসেবে পুরো সংগ্রহটি জাতীয় আর্কাইভে সরিয়ে নেওয়া হবে। কোন বই কেন নিষিদ্ধ হয়েছিল, তা বিস্তারিতভাবে লেখা সেন্সরদের নোট, সভার কার্যবিবরণী ও খাতাপত্র প্রথমবারের মতো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে—যা সামাজিক ইতিহাস ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের গবেষকদের জন্য বড় সম্পদ।
জাতীয় আর্কাইভের পরিচালক ওরলাইথ ম্যাকব্রাইড বলেন, ‘সেন্সররা সেইসব লেখা নিষিদ্ধ করত, যেগুলোকে তারা জননৈতিকতা পরিপন্থী বা ক্ষুণ্নকারী মনে করত—অশ্লীল বা যৌন অনৈতিকতার ইঙ্গিতবাহী যেকোনো কিছুই।’ তিনি বলেন, ‘প্রায়ই শুধু এমন কিছুর ইঙ্গিতই যথেষ্ট ছিল, যা মানুষকে বিপথগামী বা দুর্নীতিগ্রস্ত করতে পারে বলে মনে করা হতো।’
বইগুলো ১৯২৬ থেকে ১৯৯৬ সালের মধ্যে প্রকাশিত—এর মধ্যে আছে পাল্প ফিকশন, উচ্চমানের সাহিত্য ও অ্যাকাডেমিক গ্রন্থ। ম্যাকব্রাইড জানান, পরিবার পরিকল্পনা, জন্মনিয়ন্ত্রণ ও সহিংসতার উল্লেখ থাকলেই নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা ছিল।
শুধু বইয়ের বিষয়বস্তু নয়, ইঙ্গিতপূর্ণ ছবিও নিষেধাজ্ঞার কারণ হতো। ও’ব্রায়েনের আলোচিত ১৯৬০ সালের উপন্যাস ‘দ্য কান্ট্রি গার্লস’-এর প্রচ্ছদ প্রসঙ্গে ম্যাকব্রাইড বলেন, ‘খুব সূক্ষ্মভাবে করা হলেও নারীদেহের রেখা দেখা যায়। সমস্যাটা শুধু বিষয়বস্তুতে ছিল না, ছবিতেও ছিল।’
নিষিদ্ধ বইয়ের মধ্যে ওয়াইল্ডের ‘দ্য পিকচার অব ডোরিয়ান গ্রে’, বেহানের ‘বোরস্টাল বয়’ ও লরেন্সের ‘লেডি চ্যাটারলিস লাভার’-এর মতো ক্লাসিকের পাশাপাশি ‘দ্য বেবি ডল মার্ডার্স’-এর মতো পাল্প পেপারব্যাকও ছিল। ‘সেক্সুয়াল লাইফ ইন ইংল্যান্ড পাস্ট অ্যান্ড প্রেজেন্ট’-এর মতো গবেষণামূলক বইও শেষ পর্যন্ত ‘নিষিদ্ধ বইয়ের ঘর’ নামে পরিচিত ওই কক্ষে জায়গা পায়।
১৯২৬ সালে স্বাধীনতার পরপরই নবগঠিত আইরিশ ফ্রি স্টেট জননৈতিকতা রক্ষার দায়িত্বে পাঁচ সদস্যের ‘কমিটি অব ইভিল লিটারেচার’ গঠন করে। সেই কমিটির সুপারিশে কড়া যাচাই-ব্যবস্থা চালু হয়, যা থেকে সেন্সরশিপ অব পাবলিকেশন্স বোর্ড ও একটি আপিল বোর্ড গঠিত হয়; একসময় বোর্ডটির নেতৃত্বে ছিলেন একজন ক্যাথলিক যাজক।
বড়দিনের পর বইগুলো জাতীয় আর্কাইভে সরিয়ে নেওয়া হবে; সেখানে সেগুলো সংরক্ষণ, তালিকাভুক্ত ও সংরক্ষণাগারে রাখা হবে। ম্যাকব্রাইড বলেন, অনেক বই প্রথম সংস্করণ এবং বয়সের কারণে ভঙ্গুর অবস্থায় থাকায় সেগুলো সরাসরি জনসাধারণের হাতে দেওয়া হবে না। সেন্সরদের রেজিস্টার ও নোট, জনসাধারণ ও বিভিন্ন সংগঠনের চিঠি চলতি সপ্তাহেই হস্তান্তর করা হয়েছে এবং সেগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার আগে সংরক্ষণের কাজ চলছে। ম্যাকব্রাইডের ভাষায়, ‘এগুলোই সবচেয়ে আকর্ষণীয়, কারণ এতে সিদ্ধান্তগুলো লিপিবদ্ধ আছে এবং নিষেধাজ্ঞার পেছনের চিন্তাধারা প্রকাশ পায়।’


