একদিনে রুশ হতাহতের রেকর্ড দাবি ইউক্রেনের, আবুধাবি আলোচনায়ও অনড় মস্কো
ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, নভেম্বরের প্রথম ১০ দিনে তারা রাশিয়ার ২৬ হাজারের বেশি সেনাকে হতাহত করেছে—অর্থাৎ নিহত ও গুরুতর আহত করেছে। এই ধারা চললে নভেম্বরের সংখ্যা অক্টোবরের ৫৪ হাজার ৪০০ জনকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়তে পারে।
৯ নভেম্বর ইউক্রেন একদিনে ২ হাজার ৯৮০ রুশ সেনা নিহত বা আহত হওয়ার নতুন রেকর্ডের দাবিও করেছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এ বছর এ নিয়ে চতুর্থবার একদিনের হতাহতের রেকর্ডের দাবি জানাল কিয়েভ।
তবে কোনো পক্ষের হতাহতের দাবিই স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল জাজিরা।
শরতে একের পর এক হতাহতের রেকর্ডের এই দাবির পাশাপাশি রাশিয়া উল্লেখযোগ্য কোনো ভূখণ্ডগত অর্জন দেখাতে পারেনি। এতে ইঙ্গিত মিলছে, এই বছর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসের বাকি থাকা শেষ এক-চতুর্থাংশ দখলের লক্ষ্যের কাছাকাছিও যেতে পারছে না মস্কো।
বেলারুশের একটি ইউক্রেনপন্থী হ্যাকার গোষ্ঠী বলেছে, তারা রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্তাতের নথিতে প্রবেশ করে ২০২২ সালে পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর থেকে পুরো সময়ের জন্য ৪ লাখ ৫০ হাজার রুশ প্রাণহানির একটি সরকারি হিসাব পেয়েছে।
স্বাধীন মূল্যায়ন অনুযায়ী, এ বছর রাশিয়া নিট মাত্র ১১৭ বর্গকিলোমিটার (৪৫ বর্গমাইল) ভূখণ্ড দখল করেছে—এত মূল্যের বিনিময়ে যা খুবই কম অর্জন।
তবু ১০-১১ নভেম্বর আবুধাবিতে শান্তি আলোচনায় রাশিয়া আগের মতোই অনড় ছিল। এই সপ্তাহে ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় বসে।
রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি আলোচনা শেষে ভেস্তি টেলিভিশনকে বলেন, তিনি সন্তুষ্ট হবেন “কেবল তখনই, যখন আমরা জিতব এবং আমাদের শর্তে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করব।”
রাশিয়া এমন ভূখণ্ড দাবি করেছে, যা ইউক্রেন ছেড়ে দিতে রাজি নয়। মস্কো আরও বলেছে, ১৯৯৭ সালের পর ন্যাটোতে যোগ দেওয়া সব সাবেক সোভিয়েত ব্লক দেশ থেকে ন্যাটোকে সরে যেতে হবে।
মেদিনস্কি “ইউরোপে একটি নতুন, ব্যাপক ও ন্যায়সংগত নিরাপত্তা ব্যবস্থা”র আহ্বান জানিয়ে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা ব্যবস্থাটি “খুব খারাপভাবে কাজ করছে, বরং পুরো ব্যবস্থাটাই অসুস্থ। ইউক্রেনে একটি পুঁজভরা ক্ষত যেন ফেটে গেছে।”
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিষয়টি ভিন্নভাবে দেখেন। আলোচনা শেষের দিন ডেনমার্কের পার্লামেন্ট ফোকেটিংয়ে তিনি বলেন, “রাশিয়ানরা যখন নিজেদের জন্য নিরাপত্তা কাঠামোর কথা বলে... তারা আসলে চায় অন্য দেশের বিষয়ে স্বাধীনভাবে হস্তক্ষেপ করতে, যখন খুশি শক্তি প্রয়োগ করতে এবং নিশ্চিত করতে যে রাশিয়ার ভেতরে স্বাধীনতাকে কেউ সমর্থন করতে না পারে।”
আবুধাবিতে মার্কিন আলোচকেরা ইউরোপীয় নিরাপত্তা কাঠামোর বিষয়টি টেবিলে তুলতে রাজি হলেও উপস্থিত তিন ইউরোপীয় শক্তি—জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য—রাজি হয়নি এবং তাদের কার্যধারা থেকে বাইরে রাখা হয়। মেদিনস্কি বলেন, “আমরা তাদের সঙ্গে যোগাযোগ করিনি। তারা এখানে কী মর্যাদায় আছে, আমরা আসলে বুঝতে পারছি না।”
ইউরোপ ইউক্রেনের সঙ্গে একমত যে এমন আলোচনা বিষয়টিকে উল্টো ক্রমে সাজায়। আলোচনার আগের সন্ধ্যায় জেলেনস্কি বলেন, “ইউরোপীয়-রুশ নিরাপত্তা অবকাঠামো নিয়ে আলোচনার ধারণাটি জটিল ও সম্ভাব্য বিপজ্জনক। প্রথমত, রাশিয়ার ইউক্রেন যুদ্ধ কীভাবে শেষ হবে, তা নিয়ে আলোচনা করতে হবে। দ্বিতীয়ত, ইউক্রেনের নিরাপত্তা অবকাঠামো কী হবে।”
ইউক্রেন আবার আক্রান্ত হলে সামরিক হস্তক্ষেপের লৌহকঠিন নিশ্চয়তা চেয়েছে—যেমন ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদে দেওয়া হয়েছে। জেলেনস্কি বলেন, ট্রাম্প প্রশাসন এর বদলে “ন্যাটোর মতো কিছু একটা” প্রস্তাব দিয়েছে।
আবুধাবি আলোচনার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গে মার্কিন আলোচক দলকে অভ্যর্থনা জানান এবং রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন যে যুদ্ধোত্তর ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষীদের উপস্থিতিও হবে “একেবারেই অগ্রহণযোগ্য”।
জেলেনস্কি রাশিয়ার এই অনমনীয়তার জন্য মাঠের বাস্তবতা সম্পর্কে তাদের ভুল ধারণাকে দায়ী করেন। ১১ নভেম্বর কোপেনহেগেনে সাংবাদিকদের তিনি বলেন, “পুতিন ভিন্ন এক বাস্তবতায় বাস করেন। আবুধাবির বৈঠকের পর আমাদের আলোচক দলের কাছ থেকে দ্বিতীয় প্রতিবেদন পেয়ে আমি জেনেছি, রুশরা বিশ্বাস করে এবং দাবি করে যে তারা ইতিমধ্যে আমাদের নিয়ন্ত্রণে থাকা দনবাস অংশের অর্ধেক দখল করে ফেলেছে। এরা ছিল সামরিক কর্মকর্তা, রুশ গোয়েন্দারা।”

