ভারতের আসামে ট্রাক-বাস সংঘর্ষে নিহত অন্তত ২৪, আহত ১১
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গোলাঘাট জেলায় মহাসড়কে একটি কনটেইনার ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। একশৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত কাজিরাঙা জাতীয় উদ্যান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান। দুর্ঘটনাস্থলটি রাজ্যের রাজধানী দিসপুর থেকে প্রায় ২২৫ কিলোমিটার (১৪০ মাইল) পূর্বে অবস্থিত।
কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজন শিশু এবং বাসের চালক রয়েছেন। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। তিনি লিখেছেন, ‘এই ক্ষতির মাত্রা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে, আর যেসব পরিবার প্রিয়জন হারিয়েছে, তাদের প্রত্যেকের প্রতি আমার হৃদয় সমবেদনায় ভরা। কোনো কথায় তাদের কষ্ট কমবে না, তবে তারা যেন জানে, তারা একা নয়। শোকের এই মুহূর্তে পুরো আসাম তাদের পাশে আছে।’
মুখ্যমন্ত্রী আরও জানান, স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে রয়েছে এবং তিনি নিজে ত্রাণ কার্যক্রম তদারকি করছেন, যাতে আহতরা দেরি না করে সর্বোত্তম চিকিৎসা পান।
গোলাঘাট জেলার পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, বাসটি প্রতিবেশী একটি জেলার দিকে যাচ্ছিল এবং তাতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন।
বিশ্বে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার সবচেয়ে বেশি এমন দেশগুলোর একটি ভারত। দুর্বল রক্ষণাবেক্ষণের সড়ক ও যানবাহনের কারণে দেশটিতে নিয়মিত এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।


