যুক্তরাষ্ট্রে ভোটার তালিকা নিয়ে ট্রাম্প প্রশাসনের চাপ অব্যাহত থাকার আশঙ্কা নির্বাচন কর্মকর্তাদের

যুক্তরাষ্ট্রে নির্বাচনের দিন পার হয়ে গেলেও রাজ্যগুলোর ভোটার তালিকায় সম্ভাব্য অনাগরিকদের নিয়ে ট্রাম্প প্রশাসনের চাপ অব্যাহত থাকবে বলে প্রস্তুতি নিচ্ছেন নির্বাচন কর্মকর্তা ও নাগরিক অধিকার আইনজীবীরা। তবে সাম্প্রতিক আদালতের রায়গুলো এই উদ্যোগের সামনে নতুন বাধা তৈরি করেছে।
নির্বাচনের আগের সপ্তাহগুলোতে প্রশাসন ভোট জালিয়াতির অনুসন্ধান জোরদার করে এবং বিশেষ করে ক্যালিফোর্নিয়ায় অনাগরিকদের অবৈধ ভোট দেওয়া ঠেকাতে নির্বাচন কর্মকর্তাদের ওপর চাপ বাড়ায়।
ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা কাউন্টির নির্বাহী জেমস উইলিয়ামস বলেন, ‘এটা স্পষ্ট যে, এমন তথ্য তৈরি করার চেষ্টা চলছে, যার অস্তিত্বই নেই। আমার মনে হয় না এটা বদলাবে। তাই আমরা এটা মোকাবিলা চালিয়ে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত আছি।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফেডারেল কৌঁসুলিরা কয়েক ডজন মানুষের বিরুদ্ধে নাগরিক না হয়েও ভোট দেওয়া বা ভোটার হিসেবে নিবন্ধনের অভিযোগে ফৌজদারি মামলা করেছেন। তবে মোট ভোটারের তুলনায় অনাগরিকদের ভোট দেওয়ার ঘটনা অত্যন্ত বিরল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রশাসন গ্রীষ্মকাল থেকে রাজ্যের ভোটার তালিকায় অনাগরিকদের যে সংখ্যার কথা বলে আসছিল, তা অনেক বাড়িয়ে বলা হয়েছে বলেও দেখা গেছে।
অক্টোবরের মাঝামাঝি ফেডারেল কর্মকর্তারা দাবি করেন, ক্যালিফোর্নিয়ার ভোটার তালিকায় ২০ হাজার ‘সম্ভাব্য’ অনাগরিক পাওয়া গেছে। বিচার বিভাগ রাজ্যের বিরুদ্ধে মামলা করে যেসব ভোটারের নাগরিকত্ব যাচাই হয়নি, তাঁদের ব্যালট না গণনার নির্দেশ দেওয়ার চেষ্টা করে। একজন ফেডারেল বিচারক ও একটি ফেডারেল আপিল আদালত সেই আবেদন নাকচ করেন এবং সুপ্রিম কোর্টও হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানায়।
মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় নির্বাচনের আগের দিনগুলোতে ক্যালিফোর্নিয়ায় মার্কিন অ্যাটর্নিরা কয়েকটি কাউন্টিতে গ্র্যান্ড জুরির সাবপোয়েনা পাঠিয়ে বিচার বিভাগের দাবির জবাবে স্থানীয় কর্মকর্তারা কী করেছেন, সে সম্পর্কিত নথি চান। বিচার বিভাগ গত সপ্তাহে মামলাটি প্রত্যাহার করলেও সাবপোয়েনাগুলো প্রত্যাহার করেনি।
মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বিভিন্ন রাজ্যে ভোট প্রক্রিয়া নিয়ে আমাদের চলমান মামলা ও তদন্ত রয়েছে। আমরা সক্রিয়ভাবে নির্বাচনের সততা নিয়ে ফৌজদারি ও দেওয়ানি তদন্ত চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব।’
ক্যাম্পেইন লিগ্যাল সেন্টারের ভোটাধিকার মামলাবিষয়ক পরিচালক আনা বল্ডউইন বলেন, ‘আমার মনে হয় তারা এটা চালিয়ে যাবে, তবে আদালতে এতগুলো পরাজয় হয়েছে যে সেগুলো এড়িয়ে এগোনো তাদের জন্য সত্যিই কঠিন হবে। তারা বড় ধরনের বাধার মুখে পড়েছে, কারণ এটি এমন একটি কর্মসূচি, যা কংগ্রেস কখনো অনুমোদন দেয়নি।’
সাম্প্রতিক আদালতের আদেশগুলোতে আবারও বলা হয়েছে, নিজেদের নির্বাচন পরিচালনার ক্ষমতা রাজ্যগুলোর হাতেই রয়েছে এবং অনাগরিকদের বিষয়ে ফেডারেল সরকারের তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। নির্বাচনের আগের রাতে দেওয়া একটি রায়ে ওয়াশিংটন ডিসির একজন ফেডারেল বিচারক বলেন, সন্দেহভাজন অনাগরিকদের তালিকা নির্বাচন কর্মকর্তাদের কাছে দেওয়ার কোনো আইনি ক্ষমতা বিচার বিভাগ ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নেই এবং এই কাজ গোপনীয়তা আইনও লঙ্ঘন করে। ফেডারেল সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে অক্টোবরে আরেকজন বিচারক রাজ্যগুলোর কাছ থেকে সম্পূর্ণ ভোটার তালিকা চাওয়া, তা ফেডারেল তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে দেখা এবং সন্দেহভাজন অনাগরিকদের তালিকা থেকে বাদ দিতে নির্দেশ দেওয়ার বিচার বিভাগের প্রকল্পটি বাতিল করেন। রায়ে বলা হয়, এসব কাজ বেআইনি ছিল এবং এতে যোগ্য ভোটাররা ভোটাধিকার হারিয়েছেন। বিচার বিভাগ ওই রায়ের বিরুদ্ধেও আপিল করেছে।
বিচার বিভাগ মামলা বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে এক বিবৃতিতে বলেছে, ‘বিভাগ ফেডারেল নির্বাচন আইন প্রয়োগ চালিয়ে যাবে এবং তথ্য ও আইনের ভিত্তিতে বিষয়গুলো মূল্যায়ন করবে।’
সান লুইস ওবিসপো কাউন্টির জেলা অ্যাটর্নি ড্যান ডাউ তাঁর কাউন্টিতে ফেডারেল কর্মকর্তাদের চিহ্নিত সম্ভাব্য অনাগরিক ভোটারদের বিষয়ে তদন্ত করছেন এবং এখন পর্যন্ত একজনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তিনি বলেন, ‘এটা সব সময়ই অপরাধ ছিল, তবে আমার কাছে কখনো অনাগরিকের কোনো মামলা আসেনি। যখন আমরা ৬৩টি পেলাম, তখন বললাম, আমরা এগুলো খতিয়ে দেখব। ক্যালিফোর্নিয়ার আইন রক্ষা করা আমাদের দায়িত্ব।’
লয়োলা ল স্কুলের অধ্যাপক ও বাইডেন প্রশাসনে ভোটাধিকারবিষয়ক হোয়াইট হাউস উপদেষ্টা জাস্টিন লেভিট বলেন, অনাগরিকদের ভোট দেওয়ার প্রকৃত ঘটনাগুলোর ক্ষেত্রে ‘সামান্য কিছু প্রকৃত পদক্ষেপ’ দেখা যেতে পারে। তাঁর ভাষ্য অনুযায়ী, এমন ঘটনা ঘটে, তবে খুব কমই ঘটে—এটা কয়েক দশক ধরেই জানা।



