মেরু ঘূর্ণির বাতাসের দিক বদলে রেকর্ড, শীতের আবহাওয়ায় প্রভাব নিয়ে অনিশ্চয়তা

আর্কটিকের অনেক ওপরে ঘূর্ণায়মান মেরু ঘূর্ণির বাতাসের দিক উল্টে গেছে, যা আধুনিক পর্যবেক্ষণে রেকর্ড করা সবচেয়ে আগাম ‘বড় আকস্মিক স্ট্র্যাটোস্ফিয়ার উষ্ণায়ন’ বা এসএসডব্লিউ হিসেবে চিহ্নিত হয়েছে।
এই মেরু বাতাস সাধারণত পশ্চিমমুখী হয়ে প্রবাহিত হয় এবং ঠান্ডা বাতাসকে উত্তর মেরুর ওপরে আটকে রাখে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মেরু ঘূর্ণি দুর্বল হয়ে অবস্থান বদলেছে। পর্যবেক্ষণে এখন পূর্বমুখী বাতাস দেখা গেছে, যাকে বিশেষজ্ঞরা বড় আকস্মিক স্ট্র্যাটোস্ফিয়ার উষ্ণায়নের লক্ষণ বলছেন।
শরৎকালে এত আগেভাগে এমন ঘটনা আধুনিক পর্যবেক্ষণে নজিরবিহীন। এর আগের সবচেয়ে আগাম এসএসডব্লিউ রেকর্ড হয়েছিল ২৮ নভেম্বর—১৯৬৯ ও ২০২৫ সালে।
মেরু ঘূর্ণি শীতের আশপাশের মাসগুলোতে জলবায়ুর একটি স্বাভাবিক বৈশিষ্ট্য। উত্তর মেরু সূর্য থেকে দূরে হেলে থাকলে আর্কটিকের ওপরে তাপমাত্রা কমে যায় এবং স্ট্র্যাটোস্ফিয়ারে শক্তিশালী পশ্চিমা বাতাস তৈরি হয়।
আকস্মিক স্ট্র্যাটোস্ফিয়ার উষ্ণায়ন ঘটে যখন পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ১০ থেকে ৩০ মাইল (১৫ থেকে ৫০ কিলোমিটার) ওপরে স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রা দ্রুত ও নাটকীয়ভাবে বেড়ে যায়। বায়ুমণ্ডলীয় বিঘ্নে মেরু ঘূর্ণির অবস্থান বা আকৃতি বদলে গেলে এর বাতাস দুর্বল হয়ে এটা ঘটতে পারে।
পরের দিন ও সপ্তাহগুলোতে এই পরিবর্তন ধীরে ধীরে বায়ুমণ্ডলের নিচের স্তরে নেমে এসে জেট স্ট্রিমের অবস্থান বদলে দিতে পারে, যা ভূপৃষ্ঠে আমরা কী ধরনের আবহাওয়া পাই, তা নির্ধারণ করে।
বড় এসএসডব্লিউর পর ঐতিহাসিকভাবে যুক্তরাজ্যে শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ার সম্ভাবনা বেড়েছে, উত্তর বা পূর্ব দিক থেকে আর্কটিকের বাতাস এসে ঠান্ডা বাড়িয়েছে। এতে তুষারপাতের সম্ভাবনাও বাড়তে পারে, বিশেষ করে যুক্তরাজ্যের পূর্বাঞ্চলে। ২০১৮ সালের ‘বিস্ট ফ্রম দ্য ইস্ট’ শৈত্যপ্রবাহের কয়েক সপ্তাহ আগেও একটি বড় এসএসডব্লিউ ঘটেছিল।
তবে এসএসডব্লিউ মানেই ঠান্ডা বা তুষারপাত হবে, এমন নয় এবং কোনো প্রভাব তৈরি হতেও সময় লাগে। মৌসুমের এত আগের বড় এসএসডব্লিউর তুলনা করার মতো ঐতিহাসিক উদাহরণ খুব কম থাকায় কয়েক সপ্তাহ পর ঠিক কী প্রভাব পড়বে, তা স্পষ্ট নয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমান শৈত্যপ্রবাহের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই।
মেরু ঘূর্ণি বৈশ্বিক পরিসরে কাজ করায় এর বিঘ্ন ও দিকবদলের প্রভাব বিশ্বজুড়ে পড়তে পারে, উত্তর আমেরিকাসহ অনেক অঞ্চলে ঠান্ডা আবহাওয়া, বরফ ও তুষারপাতের সম্ভাবনা বাড়তে পারে। তবে যুক্তরাষ্ট্র ও কানাডায় এর সম্ভাব্য প্রভাবও যুক্তরাজ্যের মতোই খুব অনিশ্চিত।
এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে টেক্সাস পর্যন্ত পৌঁছে যাওয়া প্রাণঘাতী শীতঝড়ের আগের মাসে একটি বড় এসএসডব্লিউ ঘটেছিল। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ব্যাপক তুষারপাত এবং ২০১০ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে রেকর্ড তুষারপাতের সঙ্গেও মেরু ঘূর্ণির পরিবর্তনের সম্পর্ক টানা হয়েছে। এসব উদাহরণের সবকটিই শীতের শেষভাগের, যখন মেরু ঘূর্ণিতে বিঘ্ন সবচেয়ে বেশি ঘটে।
এবারের পার্থক্য হলো, এসএসডব্লিউ ঘটেছে নজিরবিহীনভাবে আগেভাগে, শরৎকালে, ফলে এর প্রত্যাশিত প্রভাব স্বাভাবিকের চেয়েও বেশি অনিশ্চিত। এমনকি উত্তরমুখী বাতাস ব্যাপকভাবে তৈরি হলেও আর্কটিক এখনো শীতের শেষভাগের মতো প্রচণ্ড ঠান্ডা হয়নি, তাই ঠান্ডার প্রকোপ তুলনামূলক কম হতে পারে।
একই সময়ে প্রশান্ত মহাসাগরে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী এল নিনোর চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে বিশ্ব। এল নিনো যুক্তরাজ্যে শরৎ ও শীতের শুরুতে বেশি ভেজা ও ঝোড়ো আবহাওয়া এবং শীতের শেষভাগে ঠান্ডা আবহাওয়ার সম্ভাবনা বাড়াতে পারে। যুক্তরাষ্ট্র ও কানাডায় উত্তরাঞ্চলে উষ্ণ ও শুষ্ক শীত এবং দক্ষিণে বন্যার বৃষ্টির ঝুঁকি বাড়তে পারে। শক্তিশালী এল নিনো ও আগাম এসএসডব্লিউর মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো স্পষ্ট নয় এবং আরও গবেষণা দরকার হবে।



