মুন্সিগঞ্জে ধলেশ্বরী তীরে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির প্রস্তুতিকালে ৩৭ কিশোর-যুবক আটক
মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মসূচি পালনের প্রস্তুতিকালে সন্দেহভাজন ৩৭ জন কিশোর-যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় শহরের মোল্লাচরসংলগ্ন নদীতীর থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধলেশ্বরী নদীতে নোঙর করা একটি কার্গো জাহাজে জড়ো হয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি পালনের পরিকল্পনার বিষয়ে গোপন তথ্য পায় পুলিশ।
এ খবরের ভিত্তিতে নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় ট্রলারযোগে দলবদ্ধভাবে নদীতে আসা কয়েকজনকে আটক করা হয়। পরে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা আরও কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, এর আগে ওই একই স্থানে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি পালনের ঘটনা ঘটেছিল। সেখানে আবারও একই ধরনের কর্মসূচি আয়োজনের তথ্য ছিল তাঁদের কাছে।
ওসি আরও জানান, এ ঘটনায় মোট ৩৭ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।




