নবীনগরে মন্দিরে তালা ভেঙে চুরি, সেবায়েতকে কক্ষে আটকে নিল অলংকার ও শ্রাদ্ধের খাবার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি মন্দিরের সেবায়েতকে তাঁর কক্ষে আটকে রেখে সোনা ও রুপার অলংকার, দানবাক্সের টাকা এবং শ্রাদ্ধানুষ্ঠানের খাবারের মালামাল চুরি করেছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা সদরের পশ্চিমপাড়ার শ্রীশ্রী ভবতারিণী কালীমাতা মন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শুক্রবার থানায় মামলা হয়েছে।
স্থানীয় লোকজন, পুলিশ ও মন্দির সূত্রে জানা গেছে, পশ্চিমপাড়ার বাসিন্দা সমীর ঘোষ গত ৩০ অক্টোবর মারা যান। তাঁর শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে আজ শুক্রবার মন্দির প্রাঙ্গণে তিন শতাধিক অতিথির মধ্যাহ্নভোজের আয়োজন করে পরিবার। এ জন্য লক্ষাধিক টাকার খাবার ও অন্যান্য মালামাল কিনে গতকাল রাতে মন্দিরের ভেতরে রাখা হয়েছিল।
বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বাঁশ দিয়ে মন্দিরের সিসি ক্যামেরা ভেঙে ফেলে। এরপর ফটক ও মূল মন্দিরের তালা ভেঙে তারা ভেতরে ঢোকে। এ সময় সেবায়েত হীরালাল বর্মণকে তাঁর কক্ষে আটকে রাখা হয়।
দুর্বৃত্তরা কালীপ্রতিমায় থাকা সোনার নাকফুল ও টিকলি, রুপার নূপুর, দানবাক্স ভেঙে ২০ থেকে ৩০ হাজার টাকা এবং শ্রাদ্ধানুষ্ঠানের খাবারের মালামাল নিয়ে যায়।
মন্দিরের সেবায়েত হীরালাল বর্মণ বলেন, মন্দিরের পাশের ঘরেই তিনি থাকেন। সেই ঘরে প্রথমে চোরের দল রাতে তাঁকে তালাবদ্ধ করে রাখে। এরপর তারা মন্দিরের সিসি ক্যামেরা নষ্ট করে মূল মন্দিরের তালা ভেঙে প্রতিমায় থাকা সোনা ও রুপার বিভিন্ন অলংকার ও শুক্রবারের শ্রাদ্ধানুষ্ঠানের মধ্যাহ্নভোজের যাবতীয় মালামাল চুরি করে নিয়ে যায়।
সমীর ঘোষের ছোট ভাই অরূপ কুমার ঘোষ বলেন, তাঁর মেজদার শ্রাদ্ধানুষ্ঠান ও আজকের মধ্যাহ্নভোজের জন্য গতকাল রাতে লক্ষাধিক টাকার বাজারসদাই করে মন্দিরের ভেতরে রাখা হয়েছিল। কিন্তু চোরেরা মন্দিরের তালা ভেঙে মালামালসহ প্রতিমা থেকে সোনা ও রুপার অলংকার চুরি করে নিয়ে গেছে। এমন হবে তিনি কল্পনাও করতে পারছেন না। সকালে আবার শ্রাদ্ধানুষ্ঠানের মালামাল কিনতে হয়েছে। মন্দির প্রাঙ্গণেই মধ্যাহ্নভোজ সম্পন্ন হয়েছে।
মন্দিরের সাধারণ সম্পাদক জয়ন্ত কপালী বলেন, সেবায়েতের কক্ষ বাইরে থেকে বন্ধ করে দিয়ে দুর্বৃত্তরা এই চুরি করে। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনায় থানায় অভিযোগ করেন সেবায়েত।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম চৌধুরী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে।




