…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

হবিগঞ্জ থেকে ৪২ বরযাত্রী নিয়ে রংপুরে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার বর, চার ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে

নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ থেকে ৪২ বরযাত্রী নিয়ে রংপুরে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার বর, চার ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে
ছবি: সংগৃহীত

বাসভর্তি ৪২ বরযাত্রী নিয়ে হবিগঞ্জ থেকে রংপুরে বিয়ে করতে এসেছিলেন ব্রুনেইপ্রবাসী ফয়ছল আহমেদ। কিন্তু বিয়ের আগেই চার ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে যান কনে। সঙ্গে থাকা কথিত স্বজনেরাও সটকে পড়েন। শেষ পর্যন্ত বিয়ে না করেই ফিরতে হচ্ছে বরপক্ষকে।

গত বুধবার বিকেলে রংপুরে এই ঘটনা ঘটে। প্রতারণা ও চুরির অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা করেছেন বর ফয়ছল আহমেদ। মামলায় সুমি আক্তার (২৬), তাঁর স্বামী সুভাষ আহমেদ (৩৫) ও কনে শ্যামলা খাতুনকে (১৯) আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে জানিয়ে তিনি বলেন, তদন্ত অনেক দূর এগিয়েছে এবং আশা করা হচ্ছে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

ফয়ছল আহমেদ বিয়ে করার উদ্দেশে পাঁচ মাস আগে ব্রুনেই থেকে দেশে আসেন। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলা সদরের মাছুলিয়া গ্রামে। বিয়ের পর তাঁর আবার বিদেশে যাওয়ার কথা ছিল।

মামলার এজাহার ও বরপক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ফয়ছলের ছোট বোন তামান্না আক্তারের বিয়ে হয়েছে চট্টগ্রামে। স্বামী ও শ্বশুরের সঙ্গে সেখানে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি। একই ফ্ল্যাটে থাকতেন সুমি আক্তার ওরফে মায়া ও তাঁর স্বামী সুভাষ আহমেদ। তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী এবং গ্রামের বাড়ি কুড়িগ্রামে বলে পরিচয় দিয়েছিলেন। প্রায় দুই বছর ওই ফ্ল্যাটে থাকার পর দেড় বছর আগে তাঁরা ঢাকায় চলে যান। তবে সুমির সঙ্গে তামান্নার মুঠোফোনে যোগাযোগ ছিল।

তামান্না জানান, বড় ভাই ফয়ছলের বিয়ের কথা সুমিকে জানালে তিনি তাঁর কথিত ছোট বোন শ্যামলা খাতুনের সঙ্গে বিয়ের প্রস্তাব দেন। মুঠোফোনের ভিডিও কলে শ্যামলা একাধিকবার ফয়ছল, তামান্না ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন। শ্যামলাকে পছন্দ হওয়ার পর বুধবার বিয়ের দিন ঠিক করা হয়। কনেপক্ষ রংপুর নগরের কামাল কাছনায় একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করে। সে অনুযায়ী বরসহ ৪২ জন নারী-পুরুষ বুধবার সকালে বাসে করে হবিগঞ্জ থেকে রংপুরে আসেন।

তামান্নার অভিযোগ, বিয়ের আগে বরের পক্ষ থেকে কনেকে চার ভরি স্বর্ণালংকার দেওয়া হয়। এর মান যাচাই করতে কনের বোন হিসেবে পরিচয় দেওয়া তিন নারী আগ্রহ দেখান। এরপর বর, তাঁর দুই বোন, ভগ্নিপতি, বাবা এবং কনের বোন পরিচয় দেওয়া তিন নারী ও কনেকে নিয়ে নগরের একটি জুয়েলারি দোকানে যাওয়া হয়। সেখানে স্বর্ণালংকারের মান যাচাই করা হয়। মান ঠিক পেয়ে পরে কনেকে সাজানোর জন্য নগরের একটি বিউটি পারলারে নেওয়া হয়।

অভিযোগ থেকে আরও জানা যায়, বিউটি পারলারে বর ফয়ছল তাঁর দুই বোনকে রেখে বাবা ও ভগ্নিপতিকে নিয়ে বিয়ের বাকি কেনাকাটা করতে অন্যত্র যান। এ সময় কনেকে স্বর্ণালংকার পরিয়ে বিয়ের সাজে সাজানো হয়। পরে তাঁকে একটি রিকশায় তোলা হয়। সঙ্গে ওঠেন কনের বোন পরিচয় দেওয়া একজন। অন্য একটি অটোরিকশায় ওঠেন বরের দুই বোন ও কনের বোন পরিচয় দেওয়া আরও দুজন। এরপর কনেকে নিয়ে যাওয়া রিকশাটি আর খুঁজে পাওয়া যায়নি।

অন্য অটোরিকশাটি রংপুর নগর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়ার কাছে একটি বটগাছের নিচে গিয়ে থামে। বুধবার বিকেল পাঁচটার দিকে সেখানে তাঁরা অটোরিকশা থেকে নামেন। এরপর অটোরিকশাটি ছেড়ে দেওয়া হয়। বরের দুই বোনকে রাস্তায় অপেক্ষায় রেখে কনের বোন হিসেবে পরিচয় দেওয়া দুই নারী কৌশলে সেখান থেকে চলে যান। দীর্ঘ সময় অপেক্ষার পর বরকে বিষয়টি ফোন করে জানান তাঁর দুই বোন।

তামান্নার অভিযোগ, বরের দেওয়া চার ভরি স্বর্ণালংকারের মধ্যে রয়েছে গলার হার, চেইন, হাতের বালা ও আংটি। এ ছাড়া নগদ সাত হাজার টাকা, শাড়িসহ বিয়ের নতুন কাপড় নিয়ে উধাও হয়েছেন কনে ও তাঁর লোকজন।

বর ফয়ছল আহমেদ শুক্রবার রাতে মুঠোফোনে বলেন, ‘ছোট বোন তামান্না আমার বিয়ের সবকিছু ঠিকঠাক করেছিল। তার প্রতি আমার ও পরিবারের আস্থা ছিল। তামান্নার আস্থা ছিল একই ফ্ল্যাটে পাশাপাশি ভাড়া থাকা সুমি আক্তারের প্রতি। বিশ্বাস করে এত বড় প্রতারণার শিকার হব, কখনো ভাবিনি।’

বিয়ের আয়োজন করা হয়েছিল কামাল কাছনার একটি কমিউনিটি সেন্টারে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (অপারেশন) রাকিবুল ইসলাম জানান, কমিউনিটি সেন্টার ভাড়া নিতে এক সপ্তাহ আগে বুকিং দিতে হয় এবং ভাড়া পরিশোধ করতে হয়। কিন্তু বুধবার সকালে বাসভর্তি লোকজন কিছুটা দূরে রেখে কনেপক্ষের পরিচয় দেওয়া তিনজন তাঁদের কাছে আসেন। তাঁরা জানান, মেয়ের বিয়েতে বরসহ ১০ থেকে ১২ জন আসার কথা ছিল, কিন্তু ৪২-৪৩ জন চলে এসেছেন। এ কারণে তাঁরা কমিউনিটি সেন্টার ভাড়া নিতে চান। তিনি বলেন, মানবিক দিক বিবেচনায় তাঁদের কমিউনিটি সেন্টার ভাড়া দেওয়া হয়। ভাড়া নির্ধারণ করা হয় ৪২ হাজার টাকা। দুপুরের খাবারের জন্য আরও প্রায় ৪০ হাজার টাকা ঠিক হয়। টাকা চাইলে কনেপক্ষের লোকজন ব্যাংকে গিয়ে টাকা তোলার কথা বলেন। এই আয়োজনের টাকাও কনেপক্ষ পরিশোধ করেনি এবং খাওয়াদাওয়ার পর্বও হয়নি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার …

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত
আইন ও অপরাধ

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লার দেবিদ্বারে জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহউদ্দিন রুহুলকে বরখাস্ত করেছে স…

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ
আইন ও অপরাধ

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের সাত দিন পর রুহুল আমিন সিকদার (৬৫) নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শরবতের সঙ্গ…