কানসাসে ফুটবল মাঠে পিকআপ উঠে শিশুসহ দুজন নিহতের ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা হবে না

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটায় একটি যুব ফুটবল মাঠে পিকআপ ট্রাক উঠে গিয়ে এক শিশু ও এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় চালকের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হবে না। তদন্তের পর প্রসিকিউটররা এই সিদ্ধান্ত জানিয়েছেন।
ঘটনাটি ঘটেছিল গত মাসে, ১৭ অক্টোবর। স্ট্রাইকার স্পোর্টস কমপ্লেক্সে খেলোয়াড় ও দর্শকদের ওপর দিয়ে ট্রাকটি চলে যায়। এতে ৬ বছর বয়সী অ্যাড্রিয়ান কোল এবং ৩৫ বছর বয়সী নিকোলাস শেফার নিহত হন। আরও কয়েকজন আহত হন; প্রতিবেদনে বলা হয়েছে আহতের সংখ্যা ১০ জন।
বৃহস্পতিবার সেজউইক কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মার্ক বেনেট ২৮ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনে বলা হয়েছে, চালকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো যথেষ্ট প্রমাণ তদন্তকারীরা পাননি। ঘটনাটি অপরাধমূলক কাজ নয়, অবহেলার ফল বলে প্রতিবেদনে সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তিসংগত সিদ্ধান্ত হলো—ঘুমের মধ্যে চালকের পা অনিচ্ছাকৃতভাবে গ্যাস প্যাডেলে চাপ দেয়, তখন ট্রাকটি গিয়ারে ছিল। তবে ট্রাকটি ঠিক কীভাবে ড্রাইভ অবস্থায় এল, তা তদন্তকারীরা নির্ধারণ করতে পারেননি। কর্তৃপক্ষ চালকের পরিচয় প্রকাশ করেনি।
ঘটনার দিনের সময়রেখা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সকাল ৭টায় চালক তার স্বামীর ২০২১ সালের শেভ্রোলে সিলভেরাডো নিয়ে গার্ডেন সিটি থেকে উইচিটার উদ্দেশে রওনা হন, সন্তানদের ফুটবল খেলার জন্য।
সকাল ১০টা ৪০ মিনিট থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তিনি স্ট্রাইকার স্পোর্টস কমপ্লেক্সে খেলা দেখেন, মাঝে দুটি ফাস্টফুড রেস্তোরাঁ ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে যান এবং আবার ফিরে আসেন। দুপুর ২টা ৩৬ মিনিটে তিনি মাঠের দিকে মুখ করা একটি পার্কিং স্থানে ট্রাক থামান।
গোয়েন্দাদের তিনি বলেছেন, তার বিশ্বাস ছিল তিনি ট্রাকটি পার্ক অবস্থায় রেখেছিলেন। এরপর তিনি আসন হেলিয়ে ঘুমিয়ে পড়েন। একটি শিশু উইন্ডশিল্ডের ওপর সানশেড বসিয়ে দেয়।
বিকেল ৩টা ২২ মিনিটে ট্রাকটি কার্ব পেরিয়ে মাঠের ওপর উঠে যায় এবং দর্শকদের ধাক্কা দেয়। এতে অ্যাড্রিয়ান কোল ও নিকোলাস শেফার নিহত হন।
চালকের টক্সিকোলজি পরীক্ষায় ক্ষতিকর কোনো পদার্থের প্রমাণ মেলেনি। যান্ত্রিক ত্রুটি এবং হঠাৎ শারীরিক জরুরি অবস্থার সম্ভাবনাও তদন্তকারীরা নাকচ করেছেন।
তদন্তে ১০০-র বেশি সাক্ষাৎকার নেওয়া হয়েছে। নজরদারি ফুটেজ, মুঠোফোনের ভিডিও, টক্সিকোলজি ফলাফল এবং যানবাহন পুনর্গঠন বিশ্লেষণও তদন্তে অন্তর্ভুক্ত ছিল।
প্রসিকিউটরদের মতে, চালক জেনেশুনে বা বেপরোয়াভাবে কাউকে বিপদে ফেলেছেন—কানসাস আইনে ফৌজদারি অভিযোগের জন্য যা প্রমাণ করা প্রয়োজন—তা প্রতিষ্ঠা করা যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, একটি মাত্র অবহেলার ঘটনা রাজ্য আইনে যানবাহনজনিত হত্যার অভিযোগ সমর্থনের জন্য যথেষ্ট নয়।
নিহত অ্যাড্রিয়ান সম্পর্কে তার শোকবার্তায় বলা হয়েছে, সে ছিল প্রাণবন্ত, রসিক এবং সবার সঙ্গে সহজে বন্ধুত্ব করার বিশেষ গুণ তার ছিল। নিকোলাস শেফার সম্পর্কে শোকবার্তায় বলা হয়েছে, তিনি ছিলেন নৌবাহিনীর একজন গর্বিত সাবেক সদস্য, যিনি সম্মানের সঙ্গে দেশের সেবা করেছেন এবং প্রকৃতি ও সন্তানদের সঙ্গে বাইরে সময় কাটাতে ভালোবাসতেন।



