এ জে আর কুরিয়ারের গাড়ি ও স্থাপনায় ২৪ দিনে অন্তত ১৯ বার হামলা, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন

রাজধানীর হাজারীবাগে গুদাম ও মূল সরবরাহ কেন্দ্র এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসেস লিমিটেডের। গ্রাহকের কাছ থেকে পণ্য এনে শুরুতে সেখানেই রাখা হয়, পরে গাড়িতে করে পৌঁছানো হয় সারা দেশে। কিন্তু গত তিন সপ্তাহ ধরে প্রতিষ্ঠানটির গাড়ি দেখলেই হামলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
গত ২৪ দিনে, ২০ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত, রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা, পরিবহন ও কর্মীদের ওপর অন্তত ১৯ বার হামলা হয়েছে।
কখনো চলন্ত গাড়িতে ইট ছুড়ে কাচ ভাঙা হচ্ছে, কখনো মোটরসাইকেলে এসে পথ আটকে চালককে মারধর করা হচ্ছে। কোথাও পেট্রল বোমা ও ককটেল ছুড়ে গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা চলছে। এসব হামলায় প্রতিষ্ঠানটির ছয়জন চালক ও কর্মী আহত হয়েছেন। পুড়েছে বহু গ্রাহকের পণ্যও।
সর্বশেষ বৃহস্পতিবার তিন স্থানে প্রতিষ্ঠানটির তিনটি গাড়ি হামলার শিকার হয়। ভোরে একটি কাভার্ড ভ্যান হামলার শিকার হয়। রাত সাড়ে ৮টায় দক্ষিণ যাত্রাবাড়ীতে আরেকটি গাড়িতে হামলা করা হয়। রাত ৯টা ২০ মিনিটের দিকে কেরানীগঞ্জে প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে পার্কিং করা অবস্থায় আরেকটি গাড়ি হামলার শিকার হয়। তিনটি ঘটনাতেই কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, কারা হামলা করেছে তাও শনাক্ত করতে পারেনি তারা।
বৃহস্পতিবার ভোরের হামলাটি হয় হাজারীবাগের শাহজাহান মার্কেটের সামনে, গুদামের কাছাকাছি রাখা একটি গাড়িতে। চালক ও তার সহকারী গাড়ি থেকে নেমে কিছুটা দূরে গেলে দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে ভ্যানের কেবিনে ককটেল নিক্ষেপ করে। এতে কেবিনের কাচ ভেঙে যায় এবং পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। পরে নিরাপত্তাকর্মী ও পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায়। এ ঘটনায় সেদিন রাতেই হাজারীবাগ থানায় মামলা হয়েছে।
দ্বিতীয় হামলার বিষয়ে প্রতিষ্ঠানটি জানায়, অফিসের সামনে প্রধান সড়কে গাড়ি পার্কিং করে চালক সজীব কেবিনের ভেতরে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় হামলাকারীরা মোটরসাইকেলযোগে বেপরোয়া গতিতে এসে হেলমেট দিয়ে প্রধান কাচ ভেঙে দেয়। চালক সজীব প্রাণ বাঁচাতে কাভার্ড ভ্যান থেকে নেমে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এরপর রাত ৯টা ২০ মিনিটের দিকে কেরানীগঞ্জে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসের সামনে গাড়ি পার্কিং করে চালক মামুন অফিসের ভেতরে ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি হামলা চালায়। এতে ভ্যানটির কেবিনের কাচ ভেঙে যায়।
এ জে আর কুরিয়ারের পক্ষ থেকে হামলা ও হুমকির ঘটনায় বিভিন্ন থানায় এখন পর্যন্ত ৭টি মামলা, ৪টি সাধারণ ডায়েরি ও ৪টি অভিযোগ করা হয়েছে। তবে হামলা বন্ধ হয়নি। অনেকগুলো ঘটনার সিসিটিভি ফুটেজ থাকার পরেও কেন হামলাকারীরা গ্রেপ্তার হচ্ছেন না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন শুক্রবার সন্ধ্যায় বলেন, বৃহস্পতিবারের ঘটনায় হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তবে এখনো মোটরসাইকেলের নম্বরটি স্পষ্ট পাওয়া যায়নি। অন্য ঘটনাগুলোতে জড়িত ব্যক্তিদের ধরতেও চেষ্টা চলছে, তবে হামলাকারীদের পাওয়া যাচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক জয়ন্ত চৌধুরী শুক্রবার জানান, হামলাকারীরা নিজেদের শীর্ষ সন্ত্রাসী ইমনের লোক পরিচয় দিয়ে চাঁদা দাবি করছে। সাইফুল ও জুয়েল নামের দুজনের সম্পৃক্ততার বিষয়েও পুলিশকে জানানো হয়েছে। তবে প্রথম হামলার পরের ঘটনাগুলোতে এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলে তিনি জানান।
ধারাবাহিক আক্রমণ শুরু হয় গত ২০ অক্টোবর হাজারীবাগে প্রতিষ্ঠানটির প্রধান গুদামে হামলার মধ্য দিয়ে। প্রতিষ্ঠানটির অভিযোগ, ৩৫ থেকে ৪০টি মোটরসাইকেলে ৭০ থেকে ৮০ জন সশস্ত্র ব্যক্তি সেখানে গিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। তারা নিজেদের সন্ত্রাসী ইমনের লোক পরিচয় দিয়ে জায়গার ভাড়া হিসেবে চাঁদা দাবি করেন।
প্রতিষ্ঠানটি বলছে, প্রথম হামলার সময় সিসিটিভি ক্যামেরা, এনভিআর ও ল্যাপটপসহ প্রায় ৩১ লাখ টাকার মালামাল লুট করা হয়। এ ঘটনায় হাজারীবাগ থানায় মামলা হয়। মামলার বাদীকে পরে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হলেও নির্দেশদাতা কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এরপর থেকে বৃহস্পতিবার পর্যন্ত আরও ১৮টি হামলা ও মারধরের ঘটনা ঘটেছে।
তবে ঢাকা মহানগর পুলিশের দাবি, প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে। ডিএমপির মুখপাত্র উপকমিশনার মো. আকতার হোসেন সন্ধ্যায় বলেন, কুরিয়ার সার্ভিসে হামলার ঘটনায় কিছু আসামি গ্রেপ্তার হয়েছে। পুলিশের পক্ষ থেকে অবহেলার কোনো সুযোগ নেই।
ক্রমাগত হামলার কারণে পণ্য নিয়ে সড়কে বের হলেই চালকদের আতঙ্কে থাকতে হচ্ছে। ব্যবসা বন্ধের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত পাঁচ হাজার কর্মীর চাকরিতেও ঝুঁকি তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা বলছেন, হামলা বন্ধ না হলে প্রতিষ্ঠানটির ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। সেটি হলে কুরিয়ারে কর্মরত কর্মী ও তাদের পরিবারের কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবেন, পাশাপাশি গ্রাহকরাও ভোগান্তিতে পড়বেন।
কুরিয়ার সার্ভিসেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হাফিজুর রহমান পুলক বলেন, একটি কুরিয়ার সেবা প্রতিষ্ঠান দাঁড় করানো অত্যন্ত কষ্টকর। নিয়মিত কর দেওয়া, বিপণন করা এবং পণ্য হারালে বা ক্ষতিগ্রস্ত হলে তার ক্ষতিপূরণ দিতে হয়। কেন এসব ঘটনা ঘটছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।




