রাশিয়ার দিকে প্রায় ১,২০০ ড্রোন ছুড়ল ইউক্রেন, তিন অঞ্চলে শিশুসহ নিহত ৭

ইউক্রেন রাশিয়ার লক্ষ্যবস্তুতে প্রায় ১,২০০টি ড্রোন ছুড়েছে। প্রায় পাঁচ বছর আগে মস্কোর আগ্রাসন শুরুর পর থেকে এটি ইউক্রেনের সবচেয়ে বড় আকাশ হামলাগুলোর একটি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১,১৯৮টি ইউক্রেনীয় দীর্ঘপাল্লার ড্রোন ভূপাতিত করেছে।
তবে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার তিনটি অঞ্চলে হামলায় ১২ বছর বয়সী এক শিশুসহ সাতজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
এই ব্যাপক ড্রোন হামলার মধ্য দিয়েই লড়াই বন্ধের আলোচনায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচকেরা বাজি আরও উঁচুতে তুলেছেন। শীতল যুদ্ধের অবসানের পর থেকে চালু থাকা বৃহত্তর ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলোচনার প্রস্তাব এসেছে। মস্কো দীর্ঘদিন ধরেই এই পরিবর্তন চেয়ে আসছে। এতে ইউরোপীয় নেতারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং ন্যাটোর ভবিষ্যৎ ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস সামরিক জোট ন্যাটোর প্রসঙ্গ টেনে বলেছেন, ‘রাশিয়া ইউরোপীয় নিরাপত্তা কাঠামোর প্রশ্ন নিয়ে কথা বলতে চায়। আমাদের এ নিয়ে কথা বলার দরকার নেই। সে কাঠামো একটি আছেই।’
এ সপ্তাহে আবুধাবিতে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের সঙ্গে দুই দিনের আলোচনার পর যুক্তরাষ্ট্রের দূতেরা ব্যক্তিগতভাবে ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এবং আয়ারল্যান্ডের ডাবলিনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকরত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আলোচনার অগ্রগতি জানান।
যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার জানিয়েছেন, শান্তি প্রচেষ্টায় অগ্রগতির লক্ষ্যে আরও আলোচনা হবে। কুশনার বলেছেন, আসন্ন আলোচনায় ইউরোপকে অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে রাশিয়া। মস্কো দীর্ঘদিন ধরে জোর দিয়ে আসছিল, ইউক্রেনকে সমর্থন দিয়ে মহাদেশটির সরকারগুলো সমস্যার অংশ হওয়ায় তাদের বাদ রাখতে হবে।
কুশনার এক্সে (সাবেক টুইটার) বলেছেন, আলোচনার টেবিলে ইউরোপের উপস্থিতি থাকলে আলোচকেরা ‘ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার ভূখণ্ডগত বিষয়গুলোর পাশাপাশি যুদ্ধ-পরবর্তী বৃহত্তর ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও’ কথা বলতে পারবেন।
ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কায়া কাল্লাস শুক্রবার ডাবলিনে বলেছেন, আলোচনা আরও এগিয়ে নেওয়ার আগে যুদ্ধবিরতির ওপর জোর দিতে হবে ইউরোপকে—যা পুতিনের দাবির ঠিক বিপরীত। তিনি বলেন, ‘রাশিয়া নিরাপত্তা কাঠামো নিয়ে যা চাইছে, তা নিয়ে কথা বলতে শুরু করলেই আমরা আসলে রাশিয়ার পাতা ফাঁদে পা দেব।’
লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন জোর দিয়ে বলেছেন, ইউরোপকে নিজের ভাগ্য নিজের হাতে নিতে হবে। তিনি বলেন, ‘আমরা আমেরিকানদেরও আমাদের ভবিষ্যৎ ঠিক করতে দিতে পারি না, রুশদেরও না।’
ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বৃহস্পতিবার গভীর রাতে এক মূল্যায়নে বলেছে, মস্কোর লক্ষ্য ‘ন্যাটো ও শীতল যুদ্ধ-পরবর্তী ইউরোপীয় নিরাপত্তা কাঠামো ভেঙে ফেলা’। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আবার জানিয়েছেন, ইউরোপীয়দের সঙ্গে যোগাযোগের জন্য রাশিয়া উন্মুক্ত।
এদিকে শুক্রবার জেলেনস্কি যুক্তরাষ্ট্রের স্টারশিল্ড ব্যবস্থায় ড্রোনের গতিসীমা নিয়ে আবার অভিযোগ করেছেন। স্পেসএক্সের সামরিক মানের স্টারলিংক সংস্করণ এই ব্যবস্থাটি প্রতিরক্ষার জন্য ইউক্রেনের দরকার। জেলেনস্কি বলেন, গতিসীমার কারণে গোটা ফ্রন্ট লাইন ও রুশ-দখলকৃত এলাকায় ইউক্রেনীয় ড্রোন ঘণ্টায় ১৬১ কিলোমিটার (১০০ মাইল) গতিতে সীমাবদ্ধ থাকছে, ফলে রাশিয়ার দ্রুতগামী জেটচালিত ড্রোনের বিরুদ্ধে প্রতিরোধী ড্রোন কার্যকরভাবে মোতায়েন করা যাচ্ছে না।
জেলেনস্কি বলেন, বৃহস্পতিবার প্রথম বিষয়টি তোলার পরও ‘আমরা এখনো স্পষ্ট কোনো ব্যাখ্যা পাইনি’। ইউক্রেনীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, পেন্টাগন ও স্পেসএক্সকে বিষয়টি স্পষ্ট করে সমাধান করতে বলছেন বলে তিনি জানান।


