বিশ্ব বদলেছে, নিরাপত্তা পরিষদের কাঠামো আটকে আছে ১৯৪৫ সালেই: ড. খলিলুর রহমান
বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার ভারসাম্যে ব্যাপক পরিবর্তন এলেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাঠামো এখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ১৯৪৫ সালের বাস্তবতায় আটকে রয়েছে। ফলে বর্তমান বিশ্বের সংকট মোকাবিলা ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় পরিষদটির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
এ পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের কাঠামোগত সংস্কার এবং সিদ্ধান্ত গ্রহণে বিশ্বের পরিবর্তিত বাস্তবতার প্রতিফলন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ৩১-এর ফাঁকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের ‘ওয়ান অন ওয়ান’ অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে নিরাপত্তা পরিষদের সংস্কার, ভেটো ক্ষমতার প্রয়োগ, রোহিঙ্গা গণহত্যার বিচার, জাতিসংঘের মাঠপর্যায়ের কার্যক্রম এবং নতুন মহাসচিব নিয়োগের প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় উঠে আসে।
ড. খলিলুর রহমান বলেন, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতায় জাতিসংঘের কাঠামো তৈরি হয়েছিল, বর্তমান বিশ্ব তার চেয়ে অনেকটাই আলাদা। কিন্তু বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন এলেও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ ও ক্ষমতার কাঠামোয় তার প্রতিফলন ঘটেনি।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ‘বিশ্ব পাঁচ দেশের চেয়েও বড়’ বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিশ্বের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বর্তমান বৈশ্বিক বাস্তবতার প্রতিফলন থাকা জরুরি।
নিরাপত্তা পরিষদে আফ্রিকার প্রতিনিধিত্ব না থাকাকে বড় ধরনের ঐতিহাসিক বৈষম্য হিসেবে উল্লেখ করেন সাধারণ পরিষদের সভাপতি। তাঁর মতে, আফ্রিকার শান্তি ও নিরাপত্তা নিয়ে পরিষদ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেও সিদ্ধান্ত গ্রহণের টেবিলে মহাদেশটির স্থায়ী প্রতিনিধিত্ব নেই। আফ্রিকাকে সিদ্ধান্ত গ্রহণের অংশীদার হতে হবে, কোনোভাবেই আলোচনার বিষয়বস্তু বা ‘মেনু’ হয়ে থাকা চলবে না।
সংস্কার প্রক্রিয়ায় অগ্রগতির কথা জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে আন্তঃসরকার আলোচনার সমন্বয়ের জন্য ইতিমধ্যে কো-চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। তবে সংস্কার বাস্তবায়ন সহজ নয়। নিরাপত্তা পরিষদের স্থায়ী কিংবা অস্থায়ী সদস্যপদের কাঠামোয় পরিবর্তন আনতে হলে জাতিসংঘ সনদ সংশোধন করতে হবে। এ ক্ষেত্রে পাঁচ স্থায়ী সদস্যের সম্মতি ও প্রয়োজনীয় অনুমোদন গুরুত্বপূর্ণ।
তাই রাতারাতি কাঠামোগত পরিবর্তনের বদলে ধাপে ধাপে এগোনোর ওপর গুরুত্ব দেন তিনি। নিজের সভাপতিত্বের মেয়াদে সংস্কার আলোচনায় দৃশ্যমান অগ্রগতি অর্জনই তাঁর লক্ষ্য।
বিশ্বের বিভিন্ন সংঘাত ও মানবিক সংকট মোকাবিলায় নিরাপত্তা পরিষদের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ড. খলিলুর রহমান। তিনি বলেন, জাতিসংঘ সনদ অনুযায়ী আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব নিরাপত্তা পরিষদের। কিন্তু স্থায়ী সদস্যদের পারস্পরিক স্বার্থের সংঘাত এবং ভেটো ক্ষমতার ব্যবহারের কারণে অনেক গুরুত্বপূর্ণ সংকটে কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।
এর ফলে আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধ ও সহিংসতা বন্ধের উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন সংঘাত দীর্ঘস্থায়ী হচ্ছে। সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাব গৃহীত হলেও নিরাপত্তা পরিষদে কোনো স্থায়ী সদস্যের ভেটোর কারণে তা কার্যকর না হওয়ার ঘটনা এই অচলাবস্থার অন্যতম উদাহরণ বলে তিনি উল্লেখ করেন।
আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং জাতিসংঘের সদস্যপদ বাতিলের ক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, জাতিসংঘ সনদে সদস্য রাষ্ট্রকে বহিষ্কারের বিধান রয়েছে। তবে ইতিহাসে এই বিধানের প্রয়োগ অত্যন্ত বিরল। চীনের প্রতিনিধিত্ব পরিবর্তন করে গণপ্রজাতন্ত্রী চীনকে জাতিসংঘে চীনের প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘটনাকে তিনি এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
আন্তর্জাতিক অপরাধের বিচারিক নিষ্পত্তিতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ভূমিকা তুলে ধরে ড. খলিলুর রহমান রোহিঙ্গা গণহত্যা মামলার প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি জানান, এই মামলায় ১৯ নভেম্বর আদালতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণার কথা রয়েছে।
নিরাপত্তা পরিষদের রাজনৈতিক অচলাবস্থার কারণে জাতিসংঘের সামগ্রিক কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠলেও সংস্থাটির মাঠপর্যায়ের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন সাধারণ পরিষদের সভাপতি। তিনি বলেন, নিরাপত্তা পরিষদের রাজনৈতিক সীমাবদ্ধতা দিয়ে জাতিসংঘের সামগ্রিক কার্যক্রমের মূল্যায়ন করা ঠিক হবে না। বিশ্বজুড়ে মানবিক সহায়তা, মানুষের জীবন রক্ষা এবং বিভিন্ন সংকটে জরুরি সেবা নিশ্চিত করতে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জাতিসংঘকে বিলুপ্ত করার চিন্তাকে অবাস্তব উল্লেখ করে তিনি বলেন, আজ যদি জাতিসংঘ বিলুপ্ত করা হয়, তাহলে বিশ্বশান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার স্বার্থেই আগামীকাল আবার একটি জাতিসংঘ প্রতিষ্ঠার প্রয়োজন দেখা দেবে। জলবায়ু সংকটসহ বৈশ্বিক সমস্যার সমাধানে তরুণ সমাজ ও সাধারণ মানুষের আস্থা এখনো এই আন্তর্জাতিক সংস্থার ওপর রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

