ভারতের আসামে কাজিরাঙার কাছে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত, আহত ১১

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটেছে আসামের গোলাঘাট জেলায়, কাজিরাঙা জাতীয় উদ্যানের পাশ দিয়ে যাওয়া একটি মহাসড়কে। কাজিরাঙা জাতীয় উদ্যান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত।
আহতদের জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আসামের গ্রামোন্নয়নমন্ত্রী অতুল বড়া জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজন কলেজ শিক্ষার্থী রয়েছেন। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
অতুল বড়া আরও জানান, প্রত্যক্ষদর্শীরা বলেছেন, দুর্ঘটনার সময় যানবাহন দুটির কোনো একটি অতিরিক্ত গতিতে চলছিল বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পরই দুর্ঘটনার সঠিক কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, এই ক্ষতির মাত্রা সবাইকে নাড়া দিয়েছে।
মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হলো আহতরা যেন দেরি না করে সর্বোত্তম চিকিৎসা পান, তা নিশ্চিত করা।
বাসটি বোকাখাত থেকে যাত্রী নিয়ে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। বোকাখাত কাজিরাঙা জাতীয় উদ্যানের প্রবেশপথ হিসেবে পরিচিত; উদ্যানটি একশৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত।
নগাঁও মধ্য আসামের একটি গুরুত্বপূর্ণ কৃষি ও বাণিজ্যিক কেন্দ্র, যা সড়কপথে বোকাখাত থেকে প্রায় ১২০ কিলোমিটার (৭৪ দশমিক ৫ মাইল) পশ্চিমে অবস্থিত।
আঞ্চলিক বিরোধী দলের প্রধান লুরিনজ্যোতি গগৈ বলেছেন, রাজ্যে সড়ক নিরাপত্তা দীর্ঘদিন ধরেই বড় উদ্বেগের বিষয়। সরকারকে এটি গুরুত্বের সঙ্গে নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
ভারতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়। ২০২৩ সালে দেশটির সড়কে ১ লাখ ৭২ হাজার মানুষ প্রাণ হারান, যা দিনে ৪৭৪ জন বা প্রায় প্রতি তিন মিনিটে একজন। ২০২৫ সালে এই সংখ্যা বেড়ে ১ লাখ ৮৩ হাজার ৩৮২ জনে দাঁড়ায়।


