ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে ‘বর্ণবাদী’ প্রচারণা উসকে দেওয়ার অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে আইজেনকটের
ইসরায়েলের প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী গাদি আইজেনকট অভিযোগ করেছেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্বাচনের সময় ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচারণা উসকে দিয়েছেন।
ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইজেনকট শুক্রবার দেশটির সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দেন।
আইজেনকট এক্সে লিখেছেন, ‘ইসরায়েলের আরব নাগরিকেরা মোট জনসংখ্যার ২১ শতাংশ। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে তাঁরা বিদায়ী প্রধানমন্ত্রী ও তাঁর বলয়ের রাজনৈতিক কারণে উসকে দেওয়া বৈধতা-হরণের বর্ণবাদী ও সহিংস প্রচারণার মুখে পড়েছেন।’
তিনি বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী সব নাগরিকের প্রধানমন্ত্রী, যাঁরা তাঁকে ভোট দেননি তাঁদেরও। ইসরায়েলের আরব নাগরিকেরা ইসরায়েলি গল্পের অংশ। তাঁদের প্রান্তিক করার ও একটি গোষ্ঠী হিসেবে তাঁদের কলঙ্কিত করার চেষ্টা একটি রাষ্ট্রবিরোধী কাজ।’
গত ২৭ অক্টোবরের নির্বাচনে আইজেনকটের চার দলীয় জোট ৪৮টি আসন পেয়েছে, আর নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় জোট পেয়েছে ৫৩টি আসন। সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের চেয়ে দুই পক্ষই পিছিয়ে রয়েছে। ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব-নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে।
নেতানিয়াহু বারবার আরব-সংখ্যাগরিষ্ঠ দলগুলোর বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতির অপ্রমাণিত অভিযোগ করেছেন। ইসরায়েলের নিজের নির্বাচনী কর্তৃপক্ষ এসব দাবি প্রত্যাখ্যান করেছে।
তত্ত্বাবধায়ক নেতা বারবার আরব-নেতৃত্বাধীন দলগুলোর সমালোচনা করেছেন, কারণ তারা ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে বর্ণনা করতে অস্বীকার করেছে। যদিও এসব দলের নেতারা সবাই হামাস-নেতৃত্বাধীন ওই হামলার নিন্দা করেছেন।
আইজেনকট বলেন, ‘আরব দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে কেউ দ্বিমত করতে পারে, এমনকি তাঁদের কারো কারো প্রতি গভীর বিরক্তিও অনুভব করতে পারে, কিন্তু একটি পুরো সম্প্রদায়কে কলঙ্কিত করা যায় না, করা উচিত নয় এবং আমি তা করতে দেব না।’
আরব-নেতৃত্বাধীন দলগুলো নেতানিয়াহুর বদলে আইজেনকটকে সমর্থন দিয়েছে। তবে আইজেনকট সেসব দলের সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন, যা তাঁকে ৬৭ আসনের জোট দিত। দুই অতি-অর্থোডক্স দল ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাসের সমর্থন পেলে তাঁর আসনসংখ্যা ঠিক ৬১ হবে।
জরুরি সরকার গঠনের প্রচেষ্টা প্রসঙ্গে আইজেনকট আবার বলেছেন, তিনি যত দ্রুত সম্ভব এই দায়িত্ব পূরণ করতে চান এবং আরও বলেছেন, ‘তা না করা হবে গুরুতর ভুল’। নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা আইজেনকটের কাছে নতুন সরকার গঠনের জন্য ছয় সপ্তাহ সময় রয়েছে।
নেতানিয়াহু রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়লেও তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা ভাবছেন বলে খবর পাওয়া গেছে। যদিও যুক্তরাষ্ট্র, তাঁর নিজের সামরিক প্রতিষ্ঠান এবং আইজেনকটের মধ্যে এ নিয়ে উৎসাহের অভাব রয়েছে। আইজেনকট দাবি করেছেন, গুরুতর প্রয়োজন না হলে নেতানিয়াহু যেন নতুন কোনো উত্তেজনা এড়িয়ে চলেন। শুক্রবারের পোস্টে আইজেনকট জানান, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার তিনি নেতানিয়াহু ও তাঁর সামরিক সচিবের সঙ্গে বৈঠক করেছেন, তবে কোনো বিস্তারিত তথ্য দেননি।
এর আগে সপ্তাহের শুরুতে আইজেনকট বলেছিলেন, তিনি নেতানিয়াহুকে তাঁর জোটে অন্তর্ভুক্ত করার জন্য উন্মুক্ত। নেতানিয়াহুর কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচও যোগ দিতে স্বাগত বলে তিনি ইঙ্গিত দিয়েছিলেন। আইজেনকট ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলের সামরিক বাহিনীর নেতৃত্ব দিয়েছেন এবং ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর প্রথম আট মাস নেতানিয়াহুর যুদ্ধ মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবে ছিলেন।

