গিনিতে স্বর্ণখনি নিষেধাজ্ঞা কার্যকরে সংঘর্ষে অন্তত ১০ জন নিহত, আহত ১৩
উত্তর-পূর্ব গিনিতে স্বর্ণখনন নিয়ে নিষেধাজ্ঞা কার্যকর করা নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন বলে দেশটির সরকার জানিয়েছে।
গিনির টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রণালয় বৃহস্পতিবার গভীর রাতে জানায়, বুধবার এই সংঘর্ষ হয়, যখন প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী কারিগরি (আর্টিসানাল) স্বর্ণখননের ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়ন যাচাই করছিল।
সিগুইরি অঞ্চলের বালাতো এলাকায় অবৈধ ও অনিয়ন্ত্রিত স্বর্ণখননের বিরুদ্ধে টহলের সময় সহিংসতা শুরু হয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিক্ষোভকারীরা টহলদলকে আটকাতে ব্যারিকেড তৈরি করলে পরিস্থিতি সংঘর্ষ ও গুলি বিনিময়ের দিকে গড়ায়। বিবৃতিতে কে প্রথম গুলি চালিয়েছে, তা নির্দিষ্ট করে বলা হয়নি।
নিহত ১০ জনের মধ্যে পাঁচজন বিদেশি নাগরিক রয়েছেন, যাঁদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। আহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন।
সংঘর্ষে দুটি পিকআপ ট্রাক ও নিরাপত্তা বাহিনীর একটি ট্রাক পুড়িয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীরা একটি আগ্নেয়াস্ত্র ও একটি মোটরসাইকেল নিয়ে গেছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।
সহিংসতা কী থেকে শুরু হয়েছিল এবং এর দায় কার, তা নির্ধারণের দায়িত্ব বিচার বিভাগীয় কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।
পরিবেশের ক্ষতির কারণ দেখিয়ে গিনি ২ নভেম্বর সিগুইরিতে কারিগরি স্বর্ণখনন নিষিদ্ধ করে। কর্তৃপক্ষ বলেছে, কারিগরি খনিশ্রমিকদের নিয়ম না মানার ফলে পরিবেশের ক্ষতি হয়েছে — যার মধ্যে রয়েছে কৃষিজমি, নদী ও গাছপালার আচ্ছাদনের দূষণ।
প্রতিবেশী মালি গত সপ্তাহে জানায়, নিষেধাজ্ঞা ঘোষণার পর গিনি ছাড়তে বাধ্য হয়ে প্রায় এক লাখ মানুষ রাজধানী বামাকোতে এবং আরও প্রায় ৬০ হাজার মানুষ সীমান্তবর্তী শহর কুরেমালেতে পৌঁছেছেন।
বুরকিনা ফাসো শুক্রবার জানায়, নিষেধাজ্ঞার ফলে গিনি ছাড়তে বাধ্য হওয়া তাদের ৪৫ হাজার ৪০৬ জন নাগরিককে তারা দেশে ফিরিয়ে নিয়েছে।
ধাতুর চাহিদা ও দাম বাড়ার ফলে পশ্চিম আফ্রিকার বড় অংশজুড়ে কারিগরি স্বর্ণখনন একটি সাধারণ কার্যক্রম। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির হিসাবে, গিনিতে কারিগরি ও ক্ষুদ্র পরিসরের স্বর্ণখনন তিন লাখের বেশি মানুষের জীবিকার অবলম্বন।
তবে গিনি সরকার বলেছে, এই বিধিনিষেধের লক্ষ্য খননের ফলে পরিবেশের ক্ষতি কমানো — যার মধ্যে রয়েছে ভারী যন্ত্রপাতিতে কৃষিজমি ধ্বংস এবং রাসায়নিকে নদীর পানি দূষণ।
কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসের শুরুতে সিগুইরি অঞ্চলে অবৈধ স্বর্ণখননের সন্দেহে এক হাজার ২০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ সপ্তাহে প্রথম গণবিচার শুরু হয়েছে।

