এক বছরে প্রায় পাঁচ লাখ অভিবাসীকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র, গ্রেপ্তারেও আইসিইর রেকর্ড

যুক্তরাষ্ট্রে এক বছরে প্রায় পাঁচ লাখ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় সমসংখ্যক মানুষকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এই হিসাব প্রকাশ করেছে; সংস্থাটির ভাষ্য অনুযায়ী, এক বছরে এত বেশি গ্রেপ্তার ও বিতাড়নের ঘটনা যুক্তরাষ্ট্রে আগে ঘটেনি।
ডিএইচএসের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে—২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত—ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ৪ লাখ ৮৩ হাজার ২০০ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। একই সময়ে সংস্থাটি গ্রেপ্তার করেছে ৪ লাখ ৯১ হাজারের বেশি অভিবাসীকে। অভিবাসনবিষয়ক এই সংস্থার ২৩ বছরের ইতিহাসে এটাই সর্বোচ্চ গ্রেপ্তার ও বিতাড়নের সংখ্যা। তুলনায় ২০২৫ সালে আইসিই বিতাড়িত করেছিল ৪ লাখ ৪২ হাজার ৬৪০ জনকে।
এই হিসাব প্রকাশের আগের দিন মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তাঁর প্রশাসনের অভিবাসন নীতি ‘কিছুটা বেশি কঠোর’ হতে পারে। তবে তাঁর দাবি, অপরাধীদের দেশ থেকে বের করে দিয়ে তিনি বেশ প্রশংসা পাচ্ছেন।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী মার্কওয়েইন মুলিন এক বিবৃতিতে জানান, গত সেপ্টেম্বরে আইসিই ৪৮ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে। এর আগের টানা দুই মাসেও গ্রেপ্তারের রেকর্ড হয়েছিল; তার মধ্যে আগস্টে সংস্থাটি সর্বোচ্চ ৫০ হাজার ৯২৫ জনকে গ্রেপ্তার করে।
তবে প্রশাসনের দেওয়া এই হিসাব নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াশিংটন ডিসিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের (সিআইএস) গবেষণা পরিচালক স্টিভেন ক্যামারোটা। তিনি বলেন, আগের যেকোনো প্রেসিডেন্টের তুলনায় ট্রাম্প অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন, তাতে সন্দেহ নেই; কিন্তু ডিএইচএসের তথ্যে কিছুটা অস্পষ্টতা রয়েছে, কারণ দেশের ভেতর থেকে গ্রেপ্তারের সংখ্যা এবং সীমান্ত বা বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর সংখ্যা আলাদাভাবে দেওয়া হয়নি।
এদিকে আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ট্রাম্পের এই অভিবাসনবিরোধী অভিযান থামাতে তৎপর হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা। প্রতিনিধি পরিষদের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সম্ভাব্য চেয়ারম্যান ও মিসিসিপির ডেমোক্র্যাট সংসদ সদস্য বেনি থম্পসন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকানদের বিরুদ্ধে ডিএইচএসকে অস্ত্র হিসেবে ব্যবহার এবং প্রশাসনের নিয়ন্ত্রণহীন অভিবাসন নীতির বিষয়ে তাঁরা তদন্ত করবেন।



