‘পোপ এসেছেন ঘরে’: চিকলাইয়োর কাছে গণপ্রার্থনায় ১৫ লাখের বেশি মানুষ, ফুসফুসের ক্যানসারের অস্ত্রোপচারের কথা বললেন লিও

পেরুর নাগরিকত্ব থাকা পোপ চতুর্দশ লিও শুক্রবার উত্তর পেরুর চিকলাইয়ো শহরের কাছে পিমেন্তেলের একটি পার্কে গণপ্রার্থনা (মাস) পরিচালনা করেছেন। যে শহরে তিনি একসময় দরিদ্র ও অভিবাসী সম্প্রদায়ের পাশে ঘনিষ্ঠভাবে কাজ করা একজন সহমর্মী বিশপ হিসেবে পরিচিতি পেয়েছিলেন, সেই এলাকাতেই এই প্রার্থনা অনুষ্ঠিত হলো। লাতিন আমেরিকা সফরের অংশ হিসেবে তিনি পেরুতে রয়েছেন।
ভ্যাটিকানের হিসাব অনুযায়ী, পোপকে স্বাগত জানাতে ১৫ লাখের বেশি মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। চিকলাইয়ো থেকে পিমেন্তেলের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার (ছয় মাইল)।
সমবেত অনুসারীদের উদ্দেশে পোপ বলেন, ‘আপনাদের ভালোবাসা, সমর্থন ও প্রার্থনার জন্য ধন্যবাদ।’ তিনি আরও বলেন, ‘বিশেষ করে এই পরীক্ষার সময়ে আমার স্বাস্থ্যের জন্য (প্রার্থনা করেছেন); ঈশ্বরের সাহায্যে আমি তা কাটিয়ে উঠছি।’ এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি মাত্র কয়েক সপ্তাহ আগে হওয়া ফুসফুসের ক্যানসারের অস্ত্রোপচারের দিকে ইঙ্গিত করেন।
প্রার্থনা শুরুর অনেক আগেই ভিড় জমতে শুরু করে। কেউ কেউ ১২ ঘণ্টা আগে এসে সারা রাত জেগে অপেক্ষা করেছেন। ইসা ওর্দেরিকে বলেন, ‘আমরা পরিবারের পাশে সারা রাত প্রার্থনা করে কাটিয়েছি, চিকলাইয়োর পোপকে স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত।’
ইকুয়েডর সীমান্তের কাছের এলাকা থেকে আসা মেরলি ক্রুস গেরেরো কয়েক ঘণ্টা বাসে ভ্রমণ করে এসেছেন এবং তিনিও সারা রাত অপেক্ষা করেছেন। পেরুর নানা প্রান্ত এমনকি প্রতিবেশী দেশগুলো থেকেও মানুষ এই প্রার্থনায় যোগ দিতে এসেছিলেন।
তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পরও খোলা জায়গায় দীর্ঘ সময় অপেক্ষা করেন অনুসারীরা। পোপের গাড়িবহর কাছে আসতেই ভিড়ের মধ্যে নেমে আসে গভীর নীরবতা। পেরু সফরে পোপের অংশ নেওয়া অনুষ্ঠানগুলোর মধ্যে এটিকে বিশেষভাবে আবেগঘন বলে বর্ণনা করা হয়েছে।
পোপ লিও ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত চিকলাইয়োর বিশপ ছিলেন। সেই সময় তাঁর সঙ্গে কাজ করা শিক্ষক লিসবেথ দিয়াস বলেন, ‘পোপ ঘরে ফিরেছেন, আর চিকলাইয়ো উৎসব করছে।’ ক্যাথলিক চার্চের প্রধান হওয়ার আগে তিনি এই অঞ্চলে ব্যাপকভাবে কাজ করায় এলাকাটি এখন সবার নজরে এসেছে বলেও অনেকে মনে করেন।
২০২৫ সালের মে মাসে নির্বাচিত পোপের প্রথম লাতিন আমেরিকা সফরের সবচেয়ে দীর্ঘ যাত্রাবিরতি পেরু। এই সফরে তিনি আর্জেন্টিনা ও উরুগুয়েতেও গেছেন, তবে পেরুতে তাঁর সময়ের তাৎপর্য আলাদা।
পোপ লিও ১৯৮৫ থেকে ২০২৩ সালের মধ্যে দীর্ঘ সময় পেরুতে কাটিয়েছেন এবং ২০১৫ সালে দেশটির নাগরিকত্ব পান। স্থানীয় সম্প্রদায়গুলোর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে সেই সময়েই।
চিকলাইয়োতে তাঁর নানা স্মৃতি এখনো মানুষের মুখে মুখে। ক্যাথেড্রালের পাশের এল ত্রেবোল রেস্তোরাঁয় পেরুর ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেওয়া, টেনিসের প্রতি তাঁর অনুরাগ, কোভিড-১৯ মহামারির সময় স্যুপ কিচেন চালু করতে সাহায্য করা এবং বন্যার সময় ঘোড়ায় চড়ে গভীর পানি পেরিয়ে যাওয়ার ঘটনা—এসবের কথা বাসিন্দারা স্মরণ করেন। এসব স্মৃতির কয়েকটি ছবি বিশপের বাসভবনের প্রবেশমুখে তাঁর জন্য তৈরি ছোট একটি জাদুঘরেও প্রদর্শিত হচ্ছে।
চিকলাইয়োর স্থানীয় প্যারিশ পুরোহিত সামুয়েল দাভিদ মিরান্দা আতোচে, যাঁকে পোপ তাঁর জন্মনাম রবার্ট প্রেভোস্ত হিসেবে বিশপ থাকাকালে অভিষিক্ত করেছিলেন, বলেন, ‘যে মানুষটি পেরুবাসীকে চার্চের আরও কাছে নিয়ে এসেছিলেন, তাঁরই প্রত্যাবর্তন এটি।’
অভিবাসীদের সঙ্গেও পোপের সম্পর্কের কথা উঠে এসেছে। ভেনেজুয়েলা থেকে চিকলাইয়োতে আসা দিয়াস বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট পেরিয়ে বহু ভেনেজুয়েলান যখন চিকলাইয়ো দিয়ে যাচ্ছিলেন, তখন রাস্তায় থাকা অভিবাসীদের দেখে তিনি বিচলিত হতেন। দিয়াসের ভাষ্য অনুযায়ী, তিনি অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং অনেকের বৈধ বসবাস ও কাজের অনুমতির কাগজপত্র দ্রুত পেতে অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করেন।
বিশপ হিসেবে তাঁর সময়ে কঠিন সিদ্ধান্তও ছিল। দশকের পর দশক ধরে যৌন নিপীড়নের অভিযোগে ঘেরা পেরুর ক্যাথলিক সংগঠন সোদালিতিউম অব ক্রিশ্চিয়ান লাইফ বিলুপ্তি ঘিরে বিতর্ক ও কেলেঙ্কারি তাঁকে সামলাতে হয়েছিল। পেরুর লেখক ও সাংবাদিক সান্তিয়াগো রোনকাগলিওলোর মতে, সেই সংকট সামলানোর ধরনই তাঁকে পূর্বসূরি পোপ ফ্রান্সিসের অনুকূলে এনেছিল এবং পোপ হওয়ার পথে এগিয়ে দিয়েছিল।
ফাদার দাভিদ জোর দিয়ে বলেন, মানুষকে একত্র করাই ছিল বিশপ প্রেভোস্তের কাজের একটি বড় অংশ। তিনি বলেন, ‘বিশপ প্রেভোস্ত একটি বিষয়ের জন্য কাজ করেছেন, তা হলো ঐক্য।’
চিকলাইয়ো শহর ও আশপাশের এলাকায় সাধারণত প্রায় আট লাখ মানুষ বাস করেন, কিন্তু পোপের সফরে সেই সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা পোপের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিক্রি বাড়িয়েছেন এবং হোটেলগুলো রাতপ্রতি কক্ষভাড়া অনেক বাড়িয়ে দিয়েছে।
প্রার্থনার মাঠে ‘পোপ চিকলাইয়োর!’ স্লোগান বারবার শোনা গেছে। মঞ্চ থেকে পোপ বলেন, ‘আপনাদের মুখের দিকে তাকিয়ে প্রভুর প্রতি কৃতজ্ঞতার প্রার্থনা আমার হৃদয়ে জেগে ওঠে; আপনারা আমার জীবনে যে আশীর্বাদ ছিলেন এবং এখনো আছেন, তার জন্য।’



