চীননীতি বদলানোর আগেই এনভিডিয়ার ৫০ লাখ ডলার পর্যন্ত শেয়ার কিনেছিলেন ট্রাম্প: বিশ্লেষণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন বিষয়ে এমন সিদ্ধান্ত নেওয়ার সময় চিপ নির্মাতা এনভিডিয়ার কয়েক মিলিয়ন ডলারের শেয়ার কিনেছিলেন, যেসব সিদ্ধান্তে কোম্পানিটির সুবিধা হয়েছে—একটি বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে।
২০২৫ সালের মে মাসে ট্রাম্প প্রশাসন বাইডেন-আমলের একটি নিয়ম বাতিল করে, যার উদ্দেশ্য ছিল সবচেয়ে উন্নত মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ চীনে রপ্তানি ঠেকানো।
ওই নিয়মের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের নিজস্ব চিপ শিল্পকে শক্তিশালী করা এবং একটি জাতীয় নিরাপত্তা হুমকি থেকে দেশকে রক্ষা করা—সেই হুমকি ছিল চীনের উন্নততর এআই তৈরি করে ফেলার সম্ভাবনা।
নিয়মটি বাতিলের কয়েক দিন আগে ট্রাম্পের প্রকাশ্য আর্থিক বিবরণী অনুযায়ী তিনি ১০ লাখ ডলার থেকে ৫০ লাখ ডলার মূল্যের এনভিডিয়ার শেয়ার কিনেছিলেন। দুর্নীতিবিরোধী গোষ্ঠী ডিক্লেপ্টোক্র্যাসির বিশ্লেষণে এই কেনাকাটার বিষয়টি উঠে এসেছে।
একই সময়ে তিনি মাইক্রোসফট, মেটা ও অ্যাপলসহ অন্যান্য প্রযুক্তি কোম্পানির শেয়ারও কিনেছিলেন।
বাতিল হওয়া ‘ডিফিউশন’ নিয়মটি এনভিডিয়ার সবচেয়ে বড় বাজারগুলোর একটিতে বিক্রির সক্ষমতা সীমিত করে দিত। ২০১০ থেকে ২০২২ সালের মধ্যে চীন কোম্পানিটির বিক্রির প্রায় এক-চতুর্থাংশ জোগান দিয়েছিল। ট্রাম্প নিয়ম বাতিলের ঘোষণা দেওয়ার ঠিক পরেই এনভিডিয়ার শেয়ারের দাম বেড়ে যায়—আর সেই কেনাকাটা তিনি করেছিলেন এর আগেই।
২০২৫ সালের ডিসেম্বরে ট্রাম্প বলেন, তিনি এনভিডিয়াকে চীনে এইচ২০০ চিপ বিক্রির অনুমতি দেবেন; ২০২৬ সালের জানুয়ারিতে বাণিজ্য বিভাগ সেই সিদ্ধান্তে সবুজ সংকেত দেয়। পদক্ষেপটি ছিল বিতর্কিত। বিশেষজ্ঞদের মতে, এইচ২০০ ছিল কোম্পানিটির সবচেয়ে উন্নত চিপগুলোর একটি—তখন চীনে পাওয়া চিপের তুলনায় ছয় গুণ ভালো।
কাউন্সিল অন ফরেন রিলেশনসের মতে, এইচ২০০ বিক্রি চীনের ভবিষ্যৎ এআই কারখানাগুলোকে ‘অতিরিক্ত গতি’ দেবে এবং যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীকে শক্তিশালী করবে।
ট্রাম্পের প্রকাশ্য আর্থিক বিবরণী অনুযায়ী, এই ঘোষণার পরের কয়েক দিনে তিনি অন্তত তিন দফায় এনভিডিয়ার শেয়ার কেনেন, যার প্রতিটির মূল্য ছিল ২ লাখ ৫০ হাজার ১ ডলার থেকে ৫ লাখ ডলারের মধ্যে।
এসব লেনদেন এনভিডিয়ার শেয়ারে তাঁর বড় কেনাকাটাগুলোর মধ্যে পড়ে, যদিও দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির শেয়ারে কয়েক ডজন লেনদেন করেছেন বলে মনে করা হচ্ছে।
ডিক্লেপ্টোক্র্যাসি তাদের বিশ্লেষণে লিখেছে, কোনো সম্ভাব্য চীনা গুপ্তচর একটি এআই কোম্পানির জন্য হোয়াইট হাউসের নীতি ঘুরিয়ে দিয়েছে কি না—সে বিতর্কের পাশাপাশি দেশকে এটাও ভাবতে হবে, ট্রাম্পের দুর্নীতিই তাঁকে পুরো এআই শিল্পের প্রযুক্তি চীনের হাতে তুলে দিতে প্ররোচিত করেছে কি না।
এই বিতর্কের পেছনে রয়েছে এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে প্রকাশিত তথ্যও। অভিযোগ রয়েছে, কথিত চীনা গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের সূত্রে অ্যালিস হুয়াংয়ের কোম্পানি মেগাস্পিড অন্য কোম্পানিগুলো হিমশিম খেলেও এনভিডিয়ার কয়েক বিলিয়ন ডলারের চিপ পেয়েছে।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা দুবার ট্রাম্পকে অবহিত করেছিলেন যে অ্যালিস হুয়াং একজন চীনা এজেন্ট—এমন সিদ্ধান্তে তারা পৌঁছেছেন। তবে সেই মূল্যায়নের ভিত্তিতে ট্রাম্প কোনো পদক্ষেপ নেননি।
জেনসেন হুয়াংকে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বর্ণনা করা হয়েছে এবং তিনি কয়েকবার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন। ২০২৫ সালের অক্টোবরে এনভিডিয়া ট্রাম্পের বলরুমে ২ কোটি ৫০ লাখ ডলার অনুদান দেয়; হুয়াং তখন বলেছিলেন, এর অংশ হতে পেরে তিনি আনন্দিত।



