মেক্সিকো সীমান্তে আশ্রয় নিষেধাজ্ঞা: ট্রাম্পের আদেশ বিবেচনায় নিতে রাজি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট শুক্রবার যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশ্রয় নিষেধাজ্ঞা বিবেচনায় নিতে রাজি হয়েছে। এই নিষেধাজ্ঞা রিপাবলিকান প্রেসিডেন্টের অভিবাসনবিরোধী ব্যাপক অভিযানের একটি প্রধান স্তম্ভ।
ট্রাম্প প্রশাসন নিম্ন আদালতগুলোর সেই সিদ্ধান্ত বাতিল চায়, যেখানে আশ্রয়ের আবেদন নিষিদ্ধ করা নির্বাহী আদেশকে অবৈধ বলা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনে বলা হয়েছে, নিজ দেশে নিপীড়নের আশঙ্কা থাকলে যেকোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রে কীভাবে এসেছেন, তা নির্বিশেষে আশ্রয় চাইতে পারবেন।
একই সঙ্গে আইনটি নির্বাহী বিভাগকেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে, কাউকে আশ্রয় দেওয়া হবে কি না। ট্রাম্প প্রশাসনের যুক্তি, আদেশের আওতায় পড়া অভিবাসীদের আশ্রয় তারা সম্পূর্ণভাবে অস্বীকার করতে পারে এবং যেসব আবেদন শেষ পর্যন্ত প্রত্যাখ্যাত হওয়ার কথা, সেগুলো গ্রহণ করতেও তারা বাধ্য নয়।
ফেডারেল আইনজীবীরা বলছেন, আগে বছরের পর বছর ধরে প্রক্রিয়াকরণে দেরি হওয়ায় দক্ষিণ সীমান্তে অভিবাসীদের ঢল নেমেছিল, কারণ সিদ্ধান্তের অপেক্ষায় থাকা অনেককে দেশের ভেতরে ছেড়ে দেওয়া হয়েছিল।
তবে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) ও ন্যাশনাল ইমিগ্র্যান্ট জাস্টিস সেন্টারের অভিবাসন আইনজীবীরা পাল্টা বলছেন, ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই সীমান্ত পারাপার কমতে শুরু করেছিল।
ওই আইনজীবীদের ভাষ্য, ট্রাম্পের নির্বাহী আদেশ বিপদ থেকে পালিয়ে আসা মানুষদের সুরক্ষার জন্য তৈরি আইনি বিধান একতরফাভাবে ‘নিশ্চিহ্ন’ করার চেষ্টা।
তাঁরা আরও যুক্তি দেন, আশ্রয় মঞ্জুর হবে কি না, তা নির্বাহী বিভাগই ঠিক করে, তবে সেই সিদ্ধান্ত প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে নেওয়ার কথা এবং আইন প্রেসিডেন্টকে একতরফাভাবে মানুষকে আবেদন করা থেকেই থামিয়ে দেওয়ার ক্ষমতা দেয় না।
এই আশ্রয় নিষেধাজ্ঞা ২০২৫ সালে ক্ষমতায় ফিরে ট্রাম্প যেসব অভিবাসন বিধিনিষেধ চালু করেছিলেন, তারই একটি। মামলা চলাকালে নিষেধাজ্ঞাটি কার্যকর রয়েছে।



