চট্টগ্রামের পতেঙ্গায় বাইসাইকেল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় বাইসাইকেল চুরির অভিযোগে মোবারক ইসলাম (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মরদেহ মাঠে ফেলে পালানোর সময় মোহাম্মদ মুসা (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে পতেঙ্গার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোবারক পতেঙ্গা এলাকার আবদুল মাবুদ ও আমেনা বেগম দম্পতির বড়ো ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মুসার ছেলের একটি বাইসাইকেল চুরি হয়। এ ঘটনায় মোবারককে সন্দেহ করে তাকে ডেকে নেওয়া হয়।
পরে স্থানীয় একটি মাঠে তাকে বাঁশ দিয়ে মারধর করা হয়। এরপর পাশের একটি গুদামে নিয়ে হাত-পা বেঁধে বৈদ্যুতিক তার দিয়ে প্রায় দুই ঘণ্টা নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।
একপর্যায়ে মোবারক অচেতন হয়ে পড়লে তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে মরদেহ মাঠে ফেলে রেখে পালানোর চেষ্টা করেন মুসাসহ অন্যরা। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে মুসাকে আটক করে পুলিশে দেন।
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলী বলেন, প্রাথমিক তদন্তে বাইসাইকেল চুরির অভিযোগে মুসা ও তার ছেলের মারধরের বিষয়টি পাওয়া গেছে। মোবারককে শ্বাসরোধে হত্যার চেষ্টার বিষয়টিও তদন্ত করা হচ্ছে।
ওসি বলেন, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মুসাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় মুসাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।



