যুক্তরাজ্যের লেকেনহিথ ঘাঁটির আকাশে সন্দেহভাজন ড্রোন, জবাব দিয়েছে মার্কিন বিমানবাহিনী
যুক্তরাজ্যের সাফোকের আরএএফ লেকেনহিথ ঘাঁটির আকাশে ‘সন্দেহভাজন অননুমোদিত ড্রোন তৎপরতার’ জবাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে মার্কিন বিমানবাহিনী জানিয়েছে।
মার্কিন বিমানবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, এই ঘটনায় কোনো কর্মী, বিমান বা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।
ঘাঁটিতে সাইরেন বাজানো হয়েছিল বলে অসমর্থিত খবর পাওয়া গেছে। কাছের একটি গ্রামের বাসিন্দারা সাইরেনের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করা হয়েছে।
চলতি সপ্তাহের শুরুর দিকে কাছের আরএএফ মিলডেনহল ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর অন্তত ১২টি বিমান ছেড়ে যায়।
ওয়েস্ট সাফোকের সংসদ সদস্য নিক টিমোথি বলেছেন, তিনি ঘাঁটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁকে জানানো হয়েছে, ‘জনসাধারণের জন্য কোনো হুমকি নেই এবং ঘটনাটি এখন মিটে গেছে’।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে টিমোথি আরও বলেন, ‘হুমকির মাত্রা বেড়ে যাওয়ায় আমি সবাইকে সন্দেহজনক বা অস্বাভাবিক কিছু দেখলে কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করে যাচ্ছি।’
আরএএফ লেকেনহিথ ঘাঁটিতে রয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ৪৮তম ফাইটার উইং, যা লিবার্টি উইং নামেও পরিচিত। সেখানে প্রায় ৭ হাজার সক্রিয় দায়িত্বের কর্মী রয়েছেন, যাঁদের একাংশ এই ঘাঁটিতেই অবস্থান করেন।
ঘাঁটির ওয়েবসাইট অনুযায়ী, লিবার্টি উইং ইউরোপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যুদ্ধবিমান কার্যক্রম। এতে যুদ্ধের জন্য প্রস্তুত চারটি যুদ্ধবিমান স্কোয়াড্রন রয়েছে।


