ট্রাম্পের সঙ্গে মামদানির চুক্তি: খাদ্য সহায়তার নতুন নিয়ম কার্যকরে ৯০ দিনের স্থগিতাদেশ

যুক্তরাষ্ট্রের খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপের (সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম) নতুন নিয়ম কার্যকর হওয়ার ক্ষেত্রে ৯০ দিনের স্থগিতাদেশ আদায় করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর এই চুক্তির ফলে সারা দেশের বোদেগা ও কর্নার স্টোরগুলো নিয়ম মেনে চলার জন্য বাড়তি সময় পাবে।
মামদানি জানিয়েছেন, ট্রাম্প এবং কৃষিমন্ত্রী ব্রুক রলিন্সের সঙ্গে তাঁর আলোচনার ফল হিসেবে শুক্রবার থেকে এই মেয়াদ বৃদ্ধি শুরু হচ্ছে।
যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তরের করা নতুন নির্দেশনা অনুযায়ী, খুচরা বিক্রেতাদের ৪ নভেম্বরের মধ্যে নিয়ম মানতে হতো। নিয়মে বলা হয়েছে, প্রধান খাদ্যের প্রতিটি শ্রেণিতে—দুগ্ধজাত, শস্য, প্রোটিন এবং ফল বা সবজি—অন্তত সাত ধরনের পণ্য মজুত রাখতে হবে। পাশাপাশি প্রধান খাদ্যের তিনটি শ্রেণিতে পচনশীল পণ্য রাখার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে বিক্রেতাদের।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে মেয়র বলেন, নতুন নির্দেশনা ‘১০ লাখের বেশি নিউইয়র্কবাসী’ এবং ‘আমেরিকাজুড়ে আরও কোটি কোটি মানুষের’ জীবন ‘বিশৃঙ্খলায়’ ফেলে দিয়েছিল।
মামদানি বলেন, ‘মানুষ এমনিতেই ঘরের প্রয়োজনীয় জিনিস কেনার মতো সাশ্রয়ী জায়গার ঘাটতি, ক্যাশ রেজিস্টারে লাফিয়ে বাড়তে থাকা দাম এবং পাঁচটি বরোজুড়ে খাদ্য মরুভূমির সঙ্গে লড়ছেন; এখন তাঁদের ভয় ছিল, যে সামান্য কয়েকটি জায়গায় তাঁরা কেনাকাটা করতে পারেন, সেগুলো হয়তো আর তাঁদের ভাতা গ্রহণ করতে পারবে না।’
বেশ কয়েকজন অধিকারকর্মী উদ্বেগ প্রকাশ করেছিলেন যে নতুন নিয়মের ফলে স্ন্যাপের ওপর নির্ভরশীল মানুষ তাঁদের একমাত্র নাগালের দোকান থেকে মুদিপণ্য কিনতে পারবেন না। ফুড রিসার্চ অ্যান্ড অ্যাকশন সেন্টারের তথ্য অনুযায়ী, বোদেগা, কনভেনিয়েন্স স্টোর ও ছোট মুদি দোকান মিলিয়ে স্ন্যাপের খুচরা বিক্রেতাদের প্রায় ৭০ শতাংশ।
মেয়র বলেন, মজুত বদলে নতুন শর্ত পূরণের জন্য সময় এত কম ছিল যে ছোট খুচরা বিক্রেতারা স্ন্যাপ ভাতা গ্রহণ করতে না পারলে ব্যবসা গুটিয়ে ফেলার ঝুঁকিতে ছিলেন।
মামদানি বলেন, ‘আমাদের অনেক সহ-আমেরিকানের জন্য, তাঁরা মিশিগানের একটি সাধারণ দোকানে কেনাকাটা করুন বা মিজৌরির একটি কনভেনিয়েন্স স্টোরে, তাঁদের ভাতা ব্যবহার করে প্রিয়জনদের খাওয়ানো কঠিন হয়ে পড়ত।’
নতুন নিয়ম নিয়ে উদ্বেগ জানিয়ে ১০০ জনের বেশি বোদেগা মালিক মামদানির কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন। নিউইয়র্ক সিটির নগর পরিকল্পনা দপ্তরের তথ্য অনুযায়ী, পাঁচটি বরোতে ১০ হাজারের বেশি বোদেগা ও কর্নার স্টোর রয়েছে।



