যোগাযোগ সমস্যায় যুক্তরাষ্ট্রজুড়ে সব বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধের নির্দেশ এফএএর

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) যোগাযোগ সমস্যার কারণে শুক্রবার দেশের সব বিমানবন্দরে দেশব্যাপী গ্রাউন্ড স্টপের নির্দেশ দিয়েছে। এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণে প্রভাব ফেলা একটি যোগাযোগ সমস্যার কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
এফএএর সতর্কবার্তায় বলা হয়েছে, এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে ‘অসাধারণ পরিস্থিতির কারণে এবং নিরাপত্তার স্বার্থে’।
পরিবহনমন্ত্রী শন ডাফি কিছুক্ষণ পর এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, সব এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারে প্রভাব ফেলা যোগাযোগ সমস্যার কারণে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তিনি এক্সে লেখেন, এফএএর প্রযুক্তিবিদেরা সমস্যাটি তদন্ত করছেন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর এফএএ দেশব্যাপী গ্রাউন্ড স্টপের নির্দেশ দিল মাত্র দ্বিতীয়বার। এর আগেরবার এমন নির্দেশ দেওয়া হয়েছিল ২০২৩ সালে, যখন এফএএর নোটাম ব্যবস্থা অচল হয়ে পড়েছিল এবং পাইলটেরা উড্ডয়নের আগের প্রয়োজনীয় কাগজপত্র পেতে পারছিলেন না।
এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলো ১৮ হাজার ফুটের ওপরে থাকা সব ফ্লাইটের দায়িত্বে থাকে। যুক্তরাষ্ট্রে এ ধরনের কেন্দ্র রয়েছে ২২টি।
একই দিন বিকেলে এর আগে, যন্ত্রপাতির ত্রুটির কারণে এফএএ শিকাগোর ও'হেয়ার ও মিডওয়ে—দুই বিমানবন্দরেই গ্রাউন্ড স্টপ জারি করেছিল।
দেশব্যাপী এই নির্দেশের পর পরিস্থিতি এখনো বিকাশমান রয়েছে বলে জানানো হয়েছে।



