হাঙ্গেরিতে বনে পুঁতে রাখা নগদ অর্থ উদ্ধার, জব্দ ১ কোটি ৯৫ লাখ ডলার

হাঙ্গেরির দুর্নীতিবিরোধী সংস্থা শুক্রবার জানিয়েছে, বনে পুঁতে রাখা এবং অন্য জায়গায় লুকিয়ে রাখা মোট ১ কোটি ৯৫ লাখ ডলার মূল্যের নগদ অর্থ জব্দ করা হয়েছে। সাবেক এক মন্ত্রীর বিরুদ্ধে চলা তদন্তের অংশ হিসেবে এই অর্থ উদ্ধার করা হয় বলে সংস্থাটি জানিয়েছে।
যাঁর বিরুদ্ধে তদন্ত চলছে, তিনি মিকলোশ সেস্তাক। তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত হাঙ্গেরির জাতীয় উন্নয়নমন্ত্রী ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে নিয়ে একটি প্রকল্পে পুরোনো বাস বাড়তি দামে কেনার মাধ্যমে তিনি ঘুষ নিয়েছেন।
জাতীয় সম্পদ পুনরুদ্ধার ও সুরক্ষা কার্যালয় (এনভিভিএইচ) জানিয়েছে, সেস্তাকের বিরুদ্ধে চলা ফৌজদারি কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার ও শুক্রবার একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছে। এনভিভিএইচ একটি দুর্নীতিবিরোধী সংস্থা, যার ব্যাপক ক্ষমতা রয়েছে এবং যা প্রধানমন্ত্রী পেতের মাগিয়ারের জবাবদিহি অভিযানের অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, তল্লাশির সময় তদন্তকারীরা বিপুল পরিমাণ নগদ অর্থ পেয়েছেন। সেই অর্থ বনে পুঁতে রাখা ছিল, কৃষি ও গুদাম ভবনে এবং আবাসিক বাড়িতে লুকিয়ে রাখা ছিল, আবার নির্জন জায়গায় রাখা দামি সিন্দুকেও পাওয়া গেছে।
দুই দিনের তল্লাশিতে পাওয়া মোট নগদ অর্থের পরিমাণ সংস্থাটি নির্দিষ্ট করে জানিয়েছে। অর্থের মধ্যে ছিল ৫০৭ কোটি ১৬ লাখ ৩২ হাজার ফরিন্ট, ২৬ লাখ ৫৮ হাজার ৩৫০ ইউরো এবং ১২ লাখ ৫৭ হাজার ১০০ মার্কিন ডলার। সব মিলিয়ে এর মূল্য দাঁড়ায় ১ কোটি ৯৫ লাখ ডলার।
এনভিভিএইচ জানিয়েছে, তাদের কর্মীরা উদ্ধার করা নগদ অর্থ হাঙ্গেরির রাষ্ট্রীয় কোষাগারের অ্যাকাউন্টে জমা দিয়েছেন। অর্থমন্ত্রী আন্দ্রাশ কারমান ফেসবুকে জানিয়েছেন, অর্থ পৌঁছানোর পর কোষাগারের ১২ জন কর্মী ৫টি গণনা যন্ত্র ব্যবহার করে ৮ ঘণ্টা ধরে সেই অর্থ গুনেছেন।
প্রধানমন্ত্রী পেতের মাগিয়ার এপ্রিলে ভূমিধস জয় পেয়ে ভিক্তর ওরবানের ১৬ বছরের শাসনের অবসান ঘটান। নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রতিদ্বন্দ্বীর শাসনামলে কথিত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের তদন্ত করা হবে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুর্নীতির তদন্ত জোরদার হওয়ার মধ্যে সেস্তাক, ওরবান আমলের আরও দুই মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর ভাইকে আলাদা আলাদা মামলায় হেফাজতে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
মাগিয়ার এই অর্থ জব্দকে একটি সম্ভাব্য মোড় ঘোরানো ঘটনা হিসেবে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে ফিদেস-কেডিএনপি মাফিয়ার অবসান ঘটল।’ ফিদেস-কেডিএনপি ছিল ওরবানের সাবেক ক্ষমতাসীন জোট।
সর্বশেষ এই ঘটনায় সাবেক নেতা ওরবান কোনো প্রতিক্রিয়া জানাননি। এর আগে তিনি তাঁর ঘনিষ্ঠ মহলকে লক্ষ্য করে চালানো তদন্তগুলোকে ‘রাজনৈতিক নিপীড়ন’ বলে নিন্দা করেছিলেন এবং বলেছিলেন, এসবের উদ্দেশ্য তাঁকে কারাগারে পাঠানো।


