২০২৮ সালের নির্বাচনের আগেই ডাকযোগে ভোট সীমিত করতে আপিলে ১২ অঙ্গরাজ্যের রিপাবলিকান কর্মকর্তা

মার্কিন যুক্তরাষ্ট্রে এবারের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ মাত্রই শেষ হয়েছে। কিন্তু ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কীভাবে ভোট দেওয়া হবে, তা নিয়ে আইনি লড়াই এরই মধ্যে শুরু হয়ে গেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাকযোগে ভোট (মেইল-ইন ভোটিং) সীমিত করার উদ্যোগ আবার সচল করতে মাঠে নেমেছেন ১২টি অঙ্গরাজ্যের রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল। যুক্তরাষ্ট্রের ডাক বিভাগকে (ইউএসপিএস) সংশোধিত ব্যালট বিধি কার্যকর করতে বাধা দেওয়া আদালতের আদেশের বিরুদ্ধে তাঁরা আপিলের প্রক্রিয়া শুরু করেছেন।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই আপিল প্রক্রিয়ার লক্ষ্য জেলা বিচারক কার্ল নিকোলসের সেপ্টেম্বরের আদেশ। দুই বিচারকের একজন হিসেবে নিকোলস প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে ডাক বিভাগের তৈরি পরিকল্পনা কার্যকর করা আটকে দিয়েছিলেন।
আপিলকারী অ্যাটর্নি জেনারেলরা আলাবামা, ফ্লোরিডা, ইন্ডিয়ানা, কানসাস, লুইজিয়ানা, মিসৌরি, মন্টানা, নেব্রাস্কা, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা, সাউথ ডাকোটা ও টেক্সাসের। তবে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা ব্যাপক জয় পাওয়ায় এই মামলা কতদিন চলবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। টেক্সাস ও কানসাসে জানুয়ারিতে ডেমোক্র্যাট প্রার্থীরা অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব নিতে যাচ্ছেন।
এর আগে সেপ্টেম্বরে বোস্টনের জেলা বিচারক ইন্দিরা তালওয়ানির একই ধরনের রায় স্থগিত করতে অস্বীকৃতি জানিয়েছিল সুপ্রিম কোর্ট। তালওয়ানির আদেশে ডাক বিভাগের সংশোধিত ব্যালট বিধির কাজ বন্ধ হয়েছিল, তবে তা শুধু এবারের মধ্যবর্তী নির্বাচনের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল।
অন্যদিকে নিকোলসের প্রাথমিক নিষেধাজ্ঞা (প্রিলিমিনারি ইনজাংশন) ২০২৮ সালের নির্বাচনসহ সব ফেডারেল নির্বাচনের ক্ষেত্রেই ডাক বিভাগকে ওই পরিকল্পনা বাস্তবায়ন থেকে বিরত রেখেছে।
ট্রাম্প প্রশাসন নিকোলসের রায়ের বিরুদ্ধে শুক্রবারের নির্ধারিত সময়সীমার মধ্যে আপিল করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। বিচার বিভাগের মুখপাত্র ম্যাথিউ ট্র্যাগেসার ই-মেইলে জানিয়েছেন, চলমান মামলা নিয়ে বিভাগ কোনো মন্তব্য করে না।
আগস্টের শেষ দিকে ডাক বিভাগ যে বিধিটি প্রকাশ করেছিল, সেটিই এখন বিতর্কের কেন্দ্রে। ওই বিধি কার্যকর হলে ব্যালট ডাকযোগে পৌঁছে দিতে অঙ্গরাজ্যগুলোকে ভোটারদের নাম ও ঠিকানার তালিকা ডাক বিভাগের কাছে হস্তান্তর করতে হতো।
ওয়াশিংটন ডিসিভিত্তিক বিচারক নিকোলস ট্রাম্পেরই মনোনীত। তিনি রায়ে বলেছেন, ডাক বিভাগের সম্ভবত রাজ্যগুলোর ওপর এমন বাধ্যবাধকতা আরোপের ক্ষমতাই নেই। তাঁর ভাষায়, 'সরকার নিজেই স্বীকার করেছে, কংগ্রেস ক্ষমতা দিলে তবেই ডাক বিভাগ এই বিধি জারি ও প্রয়োগ করতে পারত; কিন্তু এখানে কোনো আইনই বিধিটির মূল অংশগুলো জারির ক্ষমতা ডাক বিভাগকে দেয়নি।'
মধ্যবর্তী নির্বাচনের আগে এই বিধি চালুর আগের প্রচেষ্টা অনেক নির্বাচন কর্মকর্তাকে উদ্বিগ্ন করেছিল। তাঁদের আশঙ্কা ছিল, শেষ মুহূর্তের পরিবর্তনে নিয়মিত ডাকযোগে ভোট দেওয়া কোটি কোটি ভোটার বড় ধরনের বিঘ্নের মুখে পড়বেন। প্রতিবন্ধী ভোটার এবং যেসব এলাকায় ভোটকেন্দ্র নেই, সেখানকার ভোটাররা ভোটাধিকার প্রয়োগের সুযোগই হারাতে পারেন বলেও আশঙ্কা করা হয়েছিল।
একটি হুইসেলব্লোয়ার প্রতিবেদনে দাবি করা হয়, সংশোধিত ব্যালট বিধি মানতে কর্মকর্তাদের যে অনলাইন পদ্ধতি ব্যবহার করতে হতো, তা যথাযথভাবে পরীক্ষা করা হয়নি। এর ফলে অনেক যোগ্য ভোটার সময়মতো ডাকযোগে ব্যালট নাও পেতে পারতেন, কিংবা একেবারেই পেতেন না।
মধ্যবর্তী নির্বাচনের জন্য ডাক বিভাগের বিধি সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত থামিয়ে দিলেও সে রায়ে ভিন্নমত পোষণ করেছিলেন বিচারপতি স্যামুয়েল আলিতো ও ক্ল্যারেন্স থমাস। রক্ষণশীল বিচারপতি ব্রেট কাভানফ সম্মতিসূচক মতামতে বলেছিলেন, এবার অঙ্গরাজ্য ও স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের হাতে বিধিটি যুক্তিসংগতভাবে বাস্তবায়নের মতো যথেষ্ট সময় ছিল না। তবে তিনি এটাও উল্লেখ করেন, 'চূড়ান্ত বিধিটি যে ডাক বিভাগের আইনগত ক্ষমতার আওতায় পড়ে, তার অন্তত যুক্তিসংগত সম্ভাবনা আছে।'



