রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসকে ৭ গোলে উড়িয়ে দিল নেদারল্যান্ডস, জিতল জার্মানিও

আমস্টারডামে গ্রিসকে ৭-০ গোলে বিধ্বস্ত করে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের আরও কাছে পৌঁছে গেছে নেদারল্যান্ডস। ম্যাচের প্রথম ৩৩ মিনিটেই চার গোল করে ফেলে ডাচরা, আর তিয়ানি রেইন্ডার্স পূর্ণ করেন হ্যাটট্রিক।
ম্যাচের মাত্র ৪ মিনিটের মাথায় গোলের সূচনা করেন ক্রিসেনসিও সামারভিল। গ্রিসের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে জালে বল পাঠান আল হিলালের এই উইঙ্গার।
এরপর শুরু হয় রেইন্ডার্সের শো। ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির সাবেক এই মিডফিল্ডার। ১৮ মিনিটে কাছ থেকে করেন নিজের দ্বিতীয় গোল, আর ৩৩ মিনিটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ডোনিয়েল মালেনের ক্রস থেকে গোল করেন ইউরিয়েন টিম্বার। বিরতিতে যাওয়ার আগেই স্কোরলাইন দাঁড়ায় ৫-০।
৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান আরও বাড়ান আর্সেনালের ডিফেন্ডার টিম্বার। পরে মালেনের প্রথম স্পর্শের দুর্দান্ত শটে ৭-০ গোলের বিশাল জয় নিশ্চিত হয় নেদারল্যান্ডসের।
অথচ গত মাসেই এই গ্রিসের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েছিল নেদারল্যান্ডস। পরে রেইন্ডার্সের গোলে ২-২ সমতায় ম্যাচ শেষ করেছিল ডাচরা। এবার সেই গ্রিসকেই রীতিমতো উড়িয়ে দিল তারা।
একই দিনে বেলগ্রেডে সার্বিয়াকে ৩-১ গোলে হারিয়েছে জার্মানি। ম্যাচের শেষ দিকে ৯ জন নিয়ে খেলতে হয়েছে সার্বিয়াকে।
গ্রুপ এ২-তে এখন ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। সমান ম্যাচে ৮ পয়েন্ট করে নিয়ে পরের দুই স্থানে গ্রিস ও জার্মানি। ৫ ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া সার্বিয়া এরই মধ্যে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে।
গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে সোমবার বার্লিনে জার্মানির মুখোমুখি হবে নেদারল্যান্ডস। অন্য ম্যাচে গ্রিস খেলবে সার্বিয়ার বিপক্ষে।




