আরব সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘বর্ণবাদী’ প্রচারের অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে আইজেনকোটের, সরকার গঠনের লড়াইয়ে আরব দলগুলোই এখন নির্ণায়ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী পদের আশাবাদী গাদি আইজেনকোট শুক্রবার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশের আরব সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘বর্ণবাদী’ প্রচার চালানোর অভিযোগ তুলেছেন। নেতানিয়াহু আরব সম্প্রদায়ের আইনপ্রণেতাদের হামাসের সঙ্গে যুক্ত করে তাঁদের বৈধতা নষ্টের চেষ্টা করেছেন—এমন অভিযোগের পরই আইজেনকোট এই বক্তব্য দেন।
আইজেনকোটের এই বক্তব্য ছিল আরব ইসরায়েলিদের পক্ষে একজন বিশিষ্ট ইহুদি রাজনৈতিক নেতার দৃঢ় অবস্থানের বিরল উদাহরণ। আরব ইসরায়েলিরা ইসরায়েলের মোট জনসংখ্যার ২০ শতাংশেরও বেশি।
গত মাসের নির্বাচনে আরব-সংখ্যাগরিষ্ঠ দুটি দল—রাম ও জয়েন্ট লিস্ট—মিলে ১৯টি আসন পেয়েছে। ১২০ আসনের পার্লামেন্টের প্রায় এক-ষষ্ঠাংশ আসন এখন তাদের হাতে, আর আইজেনকোটের সরকার গঠনের চেষ্টায় তারা নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে।
শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে আইজেনকোট লেখেন, ‘ইসরায়েলের আরব নাগরিকরা ইসরায়েলের গল্পের অবিচ্ছেদ্য অংশ।’ তিনি আরও লেখেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে বিদায়ী প্রধানমন্ত্রী ও তাঁর আশপাশের লোকদের জ্বালানো বর্ণবাদী ও আগ্রাসী অবৈধকরণ প্রচারের শিকার হয়েছেন তাঁরা।’ তাঁর ভাষায়, ‘তাঁদের প্রান্তিক করে ফেলা ও সমষ্টিগতভাবে কলঙ্কিত করার চেষ্টা নাগরিক দায়িত্বের নীতির গভীর লঙ্ঘন।’
নেতানিয়াহু ও তাঁর মিত্ররা বারবার আরব দলগুলোর নেতাদের সমালোচনা করেছেন, কারণ ২০২৩ সালের ৭ অক্টোবরের নজিরবিহীন হামলার পর তাঁরা হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলতে অস্বীকৃতি জানিয়েছেন।
তবে আরব দলগুলোর সব নেতাই ওই হামলার নিন্দা করেছেন। ওই হামলায় নিহতদের মধ্যে আরব ইসরায়েলিরাও ছিলেন—তাঁরা সেই ফিলিস্তিনিদের বংশধর, যাঁরা ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় সেখানেই থেকে গিয়েছিলেন।
নেতানিয়াহু বারবার আরব-সংখ্যাগরিষ্ঠ দলগুলোর বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতির অভিযোগও তুলেছেন, তবে নির্বাচন কর্তৃপক্ষ সেই দাবি প্রত্যাখ্যান করেছে।
এক ভাষণে নেতানিয়াহু দুঃখ প্রকাশ করে বলেন, দুটি আরব তালিকাই ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে—যদিও রামের নেতা মানসুর আব্বাস অতীতে তা করেছেন। নেতানিয়াহু আরও দাবি করেন, তারা হয় একটি ‘ইসলামি রাষ্ট্র’ নয়তো একটি ‘জাতীয়তাবাদী ফিলিস্তিনি রাষ্ট্র’ প্রতিষ্ঠা করতে চায়।
একই অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিনের শপথ গ্রহণের সময় তাঁকে উদ্দেশ করে চিৎকার করে বলেন, জাবারিন ‘হামাসের প্রতি আনুগত্যের শপথ নিয়েছেন’।
আইজেনকোট বলেন, ‘আরব দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে দ্বিমত করা সম্পূর্ণ বৈধ, এমনকি তাঁদের কাউকে কাউকে তীব্রভাবে অপছন্দ করাও বৈধ। কিন্তু একটি গোটা সম্প্রদায়কে কলঙ্কিত করা বৈধও নয়, গ্রহণযোগ্যও নয়, আর আমি তা হতে দেব না।’
রোববার প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন। তার আগে পরামর্শ প্রক্রিয়ায় অধিকাংশ রাজনৈতিক দল—দুটি আরব তালিকাসহ—তাঁকেই এই পদের জন্য সুপারিশ করেছিল।
তবে আইজেনকোটের এক ডানপন্থী মিত্র আভিগদর লিবারম্যান বলেছেন, আরব ইসরায়েলিরা জোটের অংশ হলে তিনি জোট থেকে সরে যাবেন।
আইজেনকোট যদি ২৮ দিনের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হন, তিনি আরও ১৪ দিন সময় বাড়ানোর অনুরোধ করতে পারবেন। তার পরও ব্যর্থ হলে দায়িত্ব যাবে অন্য কোনো আইনপ্রণেতার কাছে—সম্ভবত নেতানিয়াহুর কাছেই।


