লাকের ছবির মতো স্মৃতিশক্তি ম্যানিং-ব্র্যাডিরও ছিল না, বললেন সাবেক কোচ অ্যারিয়ান্স

সাবেক এনএফএল কোচ ব্রুস অ্যারিয়ান্স বলেছেন, কোয়ার্টারব্যাক অ্যান্ড্রু লাকের এমন এক বিরল দক্ষতা ছিল, যা পেইটন ম্যানিং কিংবা টম ব্র্যাডিরও ছিল না। এনএফএল ইনসাইডার জর্ডান শুলৎজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি লাকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা বলেছেন।
অ্যারিয়ান্সের ভাষ্য, লাকের ছিল ফটোগ্রাফিক মেমোরি বা ছবির মতো হুবহু মনে রাখার ক্ষমতা। সাক্ষাৎকারে তিনি বলেন, লাক কোনো নোট নিতেন না। বিপরীতে পেইটন ম্যানিংয়ের ছিল খাতার পর খাতা, আর টম ব্র্যাডির ছিল খাতার ওপর খাতা জমানো নোট।
২০১২ মৌসুমে অ্যারিয়ান্স ছিলেন ইন্ডিয়ানাপোলিস কোল্টসের অফেন্সিভ কো-অর্ডিনেটর, পরে তিনি দলটির অন্তর্বর্তী প্রধান কোচের দায়িত্বও নেন। লিউকেমিয়ার চিকিৎসার জন্য প্রধান কোচ চাক প্যাগানো সরে দাঁড়ালে অ্যারিয়ান্স সেই দায়িত্ব সামলান।
সেই ২০১২ সালই ছিল স্ট্যানফোর্ড থেকে আসা লাকের এনএফএলে রুকি মৌসুম। অ্যারিয়ান্স বলেন, নতুন কোয়ার্টারব্যাককে দেখেই তিনি বুঝেছিলেন, লাকের মধ্যে আলাদা কিছু আছে। লাক তাকে বলতেন, ‘আমি বুঝে গেছি; চলুন এগিয়ে যাই।’
কেন নোট নেন না—এমন প্রশ্নের উত্তরে লাক বলতেন, তার নোটের দরকার নেই। অ্যারিয়ান্সের ভাষ্য, লাক প্রশিক্ষণের প্রতিটি কথা হুবহু মুখস্থ বলে দিতে পারতেন।
ওই মৌসুমে শেষ মুহূর্তের নাটকীয় জয়ের জন্য কোল্টস পরিচিত হয়ে ওঠে। অ্যারিয়ান্স স্মরণ করেন, অনুশীলনে শেখানো একটি নির্দিষ্ট পরিস্থিতি রোববারের ম্যাচে হুবহু ঘটে যায়; ডাক পাওয়ার আগেই লাক মাঠে নেমে পড়েছিলেন। লাক নিখুঁতভাবে সেই খেলা সম্পন্ন করেন এবং শেষ মুহূর্তের ফিল্ড গোলে কোল্টস ম্যাচ জেতে।
লাক এখন স্ট্যানফোর্ড কার্ডিনালস ফুটবল কর্মসূচির জেনারেল ম্যানেজার। অন্যদিকে অ্যারিয়ান্স পরে অ্যারিজোনা কার্ডিনালস ও টাম্পা বে বুকানিয়ার্সের কোচ হন এবং টাম্পা বের হয়েই সুপার বোল জেতেন।
একই সাক্ষাৎকারে অ্যারিয়ান্স স্বাস্থ্য সমস্যা কাটিয়ে আবার এনএফএলের সাইডলাইনে ফেরার আগ্রহের কথাও জানিয়েছেন। তিনি বলেন, ‘এখন আমি পুরোপুরি সুস্থ, আবার সেই টানটা অনুভব করছি; দেখা যাক কী হয়।’




