ট্রাম্প প্রশাসনের ক্ষোভ এড়াতে চেয়েও গবেষণা তহবিল হারাল নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের চ্যাপেল হিল ক্যাম্পাসের অধ্যাপকেরা চিন্তিত ছিলেন, ট্রাম্প প্রশাসনের অসন্তোষ তাঁদের বিশ্ববিদ্যালয়ের ওপর কী প্রভাব ফেলবে। তবে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব মনে করেছিলেন, প্রশাসনের ক্ষোভ এড়িয়ে প্রতিষ্ঠানটিকে রক্ষা করার একটি পরিকল্পনা তাঁদের হাতে আছে।
বাস্তবে সেই পরিকল্পনা কাজে আসেনি। জাতি ও পরিবেশগত বিপর্যয় নিয়ে গবেষণা করতে এই বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়া এক অধ্যাপকের গবেষণার অর্থায়ন বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন। সেই অর্থেই চলছিল তাঁর কাজের বড় অংশ। বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বের কাছে সেই কাজ চালিয়ে নেওয়ার তেমন কোনো উপায়ও ছিল না।
২০২৫ সালের মে মাসে এক ভিডিও বৈঠকে প্রশাসনের কর্মকর্তারা কয়েকজন অধ্যাপককে স্পষ্ট করে জানিয়ে দেন, আদালতে গিয়ে সরাসরি লড়াই করা তাঁদের পক্ষে কোনো বিকল্প নয়। বরং কর্মকর্তারা পরামর্শ দেন, গবেষকেরা চাইলে তাঁদের গবেষণা প্রস্তাব এমনভাবে নতুন করে লিখতে পারেন, যাতে ট্রাম্প প্রশাসনের আপত্তিকর মনে হতে পারে এমন বিষয় — যেমন জাতি বা বর্ণের প্রসঙ্গ — উল্লেখ না থাকে।
বৈঠকের রেকর্ডিং পেয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। সেই রেকর্ডিংয়ে শোনা যায়, ওই অধ্যাপক প্রস্তাবটিকে ‘হোয়াইটওয়াশিং’ বা সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা বলে আখ্যা দেন। তিনি তখন গভীর উদ্বেগের মধ্যে ছিলেন, কারণ তাঁর গবেষণার অর্থায়ন ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে।
বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ গবেষণা কর্মকর্তাদের একজন অ্যান্ডি জনস নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি অধ্যাপকদের বলেন, ‘এর কোনো অংশই ঠিক মনে হচ্ছে না। কিন্তু এই মুহূর্তে আমাদের যতটা সম্ভব ভালোভাবে এই পরিস্থিতি সামাল দিতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব যতই সতর্ক থাকুন না কেন, তহবিল ছাঁটাই শেষ পর্যন্ত ক্যাম্পাসে পৌঁছেছে। ক্যানসার, আত্মহত্যা, এইডস ও করোনাভাইরাস নিয়ে চলমান গবেষণাকাজও এই ছাঁটাইয়ের মুখে পড়েছে বলে জানা গেছে।
ট্রাম্প প্রশাসন অসহিষ্ণুতা ও বামপন্থী মতাদর্শের আখড়া হিসেবে চিত্রিত করে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তহবিল কমাতে চেয়েছিল, তাদের নিয়ে অভিযান শুরু হলেও তা কেবল আইভি লিগের প্রতিষ্ঠানগুলোতেই সীমাবদ্ধ থাকেনি। দেশের বড় বড় সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোও এর আওতায় পড়েছে; নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের চ্যাপেল হিল ক্যাম্পাস তারই একটি উদাহরণ। এই অভিযানকে প্রজন্মের পর প্রজন্মের মধ্যে মার্কিন বৈজ্ঞানিক গবেষণার সবচেয়ে বড় পুনর্গঠন হিসেবে বর্ণনা করা হচ্ছে।



