প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রে আবার শুরু হলো ফ্লাইট চলাচল

প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের আকাশপথে আবার উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি এ কথা জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশের সব বিমানবন্দরে আবার উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে।
এর আগে যোগাযোগব্যবস্থার সমস্যার কারণে যুক্তরাষ্ট্রজুড়ে সব বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলা এই স্থবিরতার জেরে দেশজুড়ে ব্যাপকসংখ্যক ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয় এবং বিমানবন্দরে আটকা পড়েন অসংখ্য যাত্রী।
ডাফি সাংবাদিকদের বলেন, প্রায় চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশপথে আবার উড়োজাহাজ চলছে। এই বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘পুরোনো হার্ডওয়্যারের কারণে’ এমন বিপর্যয় হয়েছে।
বিপর্যয়টি সাইবার হামলা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কোনো ত্রুটির কারণে ঘটেছে—আগে এমন আভাস নাকচ করে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। তিনি বলেন, কোনো সাইবার হামলা হয়নি এবং এই ঘটনার সঙ্গে মাইক্রোসফটের কোনো সম্পর্ক নেই।
ডাফিও একই কথা বলেন। সাইবার হামলা বা মাইক্রোসফট বিপর্যয়ের কারণে ফ্লাইট বন্ধ হয়নি বলে জানান তিনি।
ঘটনার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের জন্য আপাতত কোনো হুমকি নেই।



