আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ করল আইসিসি, নজর এখন তালেবানের দিকে
নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকেরা আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে কথিত অপরাধের তদন্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। শুক্রবার প্রকাশিত আদালতের নথি অনুযায়ী, প্রসিকিউটরের তদন্ত থামিয়ে এখন মনোযোগ দেওয়া হবে ২০২১ সালের পর তালেবানের কর্মকাণ্ডের দিকে।
বৃহস্পতিবার দেওয়া এই রায় শুক্রবার প্রকাশ করা হয়। রায়ে কারণ হিসেবে বলা হয়েছে, ‘তদন্ত পরিচালনা করা এবং প্রমাণ সংগ্রহ করার ক্ষেত্রে প্রসিকিউশনের সক্ষমতায় উল্লেখযোগ্য সীমাবদ্ধতা’ রয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আইসিসির টানাপোড়েনের প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত এল। মার্কিন কর্মীদের বিরুদ্ধে তদন্ত এবং ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জেরে ওয়াশিংটন বর্তমান ও সাবেক ১৩ জন আইসিসি কর্মীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল।
এই সিদ্ধান্তে শুধু মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্তের ধারাটিই বন্ধ হলো না, যেটি ২০২১ সাল থেকে স্থবির হয়ে ছিল; একই সঙ্গে বন্ধ হয়ে গেল খোরাসান প্রদেশে ইসলামিক স্টেটের (আইএসকেপি) বিরুদ্ধে তদন্তও।
প্রসিকিউটরের কার্যালয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও রয়টার্সকে জানিয়েছে, তারা এরই মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগেই বলেছিলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প কখনোই আন্তর্জাতিক অপরাধ আদালতকে আমেরিকানদের বিচার করতে দেবেন না।’ অক্টোবরের এক বিবৃতিতে রুবিও আরও সতর্ক করেছিলেন, ‘আমেরিকানরা যত দিন হুমকির মুখে থাকবে, তত দিন যুক্তরাষ্ট্র ইট ধরে ধরে আইসিসিকে ভেঙে ফেলার অভিযান চালিয়ে যাবে।’
তদন্ত বন্ধের এই সিদ্ধান্তের পর ওয়াশিংটনের আইসিসি-বিষয়ক অবস্থানে কোনো পরিবর্তন আসবে কি না, তা এখনো স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র এই আদালতের সদস্য নয় এবং এর এখতিয়ারও স্বীকার করে না।
তবে আদালতের প্রতিষ্ঠা-সংক্রান্ত বিধি অনুযায়ী, সদস্য রাষ্ট্রগুলোর ভূখণ্ডে সংঘটিত নৃশংস অপরাধের অভিযোগে অভিযুক্ত যে কারও বিচার আইসিসি করতে পারে।
গত বছর আইসিসি তালেবান নেতাদের বিরুদ্ধে চারটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। নতুন সিদ্ধান্তের পর আফগানিস্তান-সংক্রান্ত তদন্তের কেন্দ্রে থাকবে তালেবানের সেই কর্মকাণ্ডই।
আফগানিস্তানে আইসিসির তদন্ত শুরু হয়েছিল ২০২০ সালে। এর আওতায় ছিল ২০০২ সাল থেকে আফগান সরকারি বাহিনী, তালেবান, মার্কিন সেনা ও মার্কিন বিদেশি গোয়েন্দা কর্মীদের বিরুদ্ধে কথিত অপরাধ।
২০২১ সালে তদন্তের প্রসিকিউটর করিম খান প্রমাণ সংগ্রহের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে মার্কিন বাহিনীর বিরুদ্ধে তদন্তকে ‘অগ্রাধিকার কমিয়ে দেওয়ার’ ঘোষণা দিয়েছিলেন। যৌন অসদাচরণের অভিযোগে করিম খানকে এ বছরের শুরুর দিকে আদালত থেকে অপসারণ করা হয়েছে।

