৫১তম বিশেষ বিসিএসের প্রিলি ১১ ডিসেম্বর: হাতে অল্প সময়ে চিকিৎসকদের প্রস্তুতি যেমন হবে

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর। হাতে সময় খুবই কম। এই অল্প সময়ে সঠিক পরিকল্পনা, সুশৃঙ্খল প্রস্তুতি এবং একাগ্র পরিশ্রমই চিকিৎসক পরীক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লিখিত পরীক্ষার চাপ না থাকায় এই বিশেষ বিসিএস চিকিৎসকদের সামনে বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে সিলেবাস ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিগত তিনটি বিশেষ বিসিএস (৩৯তম, ৪২তম ও ৪৮তম) এবং সর্বশেষ পাঁচটি বিসিএসের (৪৬তম থেকে ৫০তম) প্রশ্ন কয়েকবার পড়লে তিনটি বিষয় পরিষ্কার হবে—নিজের দুর্বলতা কোথায়, কোন টপিক থেকে বারবার প্রশ্ন আসে এবং কোন অধ্যায় অল্প পড়ে বেশি নম্বর পাওয়া সম্ভব। এসব অধ্যায় আলাদা করে চিহ্নিত করতে হবে।
সংগ্রহে রাখতে হবে একটি বিসিএস প্রশ্নব্যাংক এবং যেকোনো একটি সিরিজের বই। একাধিক সিরিজ অনুসরণ করলে বিভ্রান্তি বাড়ে এবং রিভিশনও কঠিন হয়ে পড়ে বলে পরামর্শে বলা হয়েছে।
বাংলা সাহিত্যে চর্যাপদ ও মধ্যযুগ ভালোভাবে পড়তে হবে। আধুনিক যুগে কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন, শামসুর রাহমান ও বেগম রোকেয়াকে বিশেষ গুরুত্ব দিতে হবে; তাঁদের গ্রন্থ, উপাধি, জন্মস্থান ও ছদ্মনাম থেকে প্রশ্ন আসে। বাকি অংশ সময়ের সঙ্গে মিলিয়ে পড়লেই চলবে।
বাংলা ব্যাকরণে বিগত বিসিএসের প্রশ্ন সমাধান করতে হবে। যেসব টপিকে ভুল হবে, সেগুলো ব্যাখ্যাসহ বুঝে পড়তে হবে; শুধু উত্তর মুখস্থ করলে প্রশ্ন ঘুরিয়ে এলে সমস্যায় পড়তে হবে। পরিভাষা, সমার্থক ও বিপরীত শব্দ, বাগধারা এবং এককথায় প্রকাশ মূলত স্মৃতিনির্ভর—এসব অংশে আলাদা করে বেশি সময় না দিয়ে বিগত প্রশ্নের তালিকা আয়ত্ত করাই ভালো।
ইংরেজি সাহিত্যে কাল, বিভাগ ও প্রধান লেখকদের সম্পর্কে ধারণা রাখতে হবে। যেসব উক্তি বারবার পরীক্ষায় আসে, সেগুলো আলাদা তালিকায় লিখে নিয়মিত রিভিশন দিতে হবে।
ইংরেজি গ্রামারে Parts of Speech থেকে প্রচুর প্রশ্ন আসে। তাই Noun, Pronoun, Adjective, Adverb, Gerund ও Participle ভালোভাবে পড়তে হবে। এরপর Voice, Narration, Transformation of Sentences, Right Form of Verbs ও Correction-এর নিয়ম অনুশীলন করতে হবে। এসব অংশ থেকে প্রায় এক-তৃতীয়াংশ প্রশ্ন পাওয়া যায়।
ভোকাবুলারি অংশটি মূলত স্মৃতিনির্ভর। বিগত বিসিএসের প্রশ্ন ভালোভাবে পড়লে দেখা যাবে, একই শব্দ ও অর্থ ঘুরেফিরে আসে। Synonyms, Antonyms, Idioms and Phrases ও One-word Substitution আলাদা করে নোট করে প্রতিদিন নির্দিষ্টসংখ্যক শব্দ শিখতে হবে।
বাংলাদেশ বিষয়াবলিতে কম পড়ে বেশি নম্বর পাওয়া সম্ভব। শুরুতে শেষ করতে হবে সংবিধানের মৌলিক অধিকার ও মূলনীতি, অর্থনীতি, শিল্প, সম্পদ, উপজাতি ও কৃষি। এরপর মনোযোগ দিতে হবে ইতিহাস ও অন্যান্য বিষয়ে। এতে অল্প সময়ে সিলেবাসের বড় একটি অংশের প্রস্তুতি হয়ে যাবে।
আন্তর্জাতিক বিষয়াবলিতে জাতিসংঘ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। পাশাপাশি সার্ক, বিমসটেক, আসিয়ান ও বিশ্বব্যাংকের মতো অর্থনৈতিক ও বাণিজ্যিক সংগঠন সম্পর্কে পড়তে হবে। পরিবেশ অংশে কপ৩১ সম্মেলন ও সংশ্লিষ্ট সংস্থার বিষয়গুলো দেখে নিতে হবে। সাম্প্রতিক বিষয়াবলিতে অতিরিক্ত সময় না দিয়ে নির্বাচিত বিষয়গুলোতেই প্রস্তুতি নিতে হবে।
গণিতে নিয়মিত প্রশ্ন আসে লসাগু-গসাগু, ধারা, লগারিদম, বীজগাণিতিক রাশি, সেট, সরলরেখা ও ত্রিভুজ থেকে—এসব অধ্যায় ভালোভাবে অনুশীলন করতে হবে। মানসিক দক্ষতায় বিগত ১০টি বিসিএসের প্রশ্ন সমাধান করলে প্রশ্নের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হবে। অনেক চিকিৎসক এই অংশে তুলনামূলক দুর্বল থাকেন, তাই এখানে ভালো প্রস্তুতি অন্যদের চেয়ে এগিয়ে থাকার সুযোগ তৈরি করবে।
মেডিকেল অংশে প্রায় সবাই কমবেশি আত্মবিশ্বাসী থাকলেও পরিকল্পনাহীন অতিরিক্ত পরিশ্রম ব্যর্থতার কারণ হতে পারে। জোর দিতে হবে অ্যানাটমি, ফিজিওলজি, মেডিসিন, সার্জারি এবং গাইনি ও অবসটেট্রিকসে। প্রিলিমিনারি একক উত্তরভিত্তিক পরীক্ষা বলে শুধু মুখস্থ না করে প্রতিটি বিষয়ের মূল ধারণা পরিষ্কার রাখতে হবে; রোগের কারণ, রোগনির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা ও ব্যবস্থাপনা সম্পর্কে ভালো ধারণা থাকা জরুরি।
জাতীয় স্বাস্থ্য ইস্যু হিসেবে ইপিআই, যক্ষ্মা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডেঙ্গু ও রক্তদান বিষয়ে প্রস্তুতি নিতে হবে। যেসব টপিক থেকে একাধিক প্রশ্ন আসে—শক, কোয়াগুলেশন, অ্যানিমিয়া, হেপাটাইটিস, অ্যাসিড-বেস ব্যালান্স, নার্ভ সাপ্লাই, ভিটামিন, লেবার ও থাইরয়েড ডিজিজ—সেগুলো বিস্তারিত পড়তে হবে। সাম্প্রতিক প্রুফের প্রশ্ন ও নন-ক্যাডার পরীক্ষার প্রশ্ন সমাধান করলেও উপকার পাওয়া যাবে।
পরীক্ষার আগে দ্রুত রিভিশনের জন্য নিজের তৈরি ছোট ছোট নোট সবচেয়ে বেশি কাজে আসবে। ওএমআর ফরমে নিয়মিত পরীক্ষা দেওয়ার অভ্যাস করলে নির্ধারিত সময়ে উত্তর দেওয়ার দক্ষতা বাড়বে এবং পরীক্ষার ভয় কমবে। পাশাপাশি প্রস্তুতির পুরো সময়ে নিজের শারীরিক ও মানসিক সুস্থতার দিকে খেয়াল রাখতে হবে। শেষ সময়ে সবকিছু পড়ার চেয়ে বাছাই করা বিষয়গুলো বারবার পড়াই বেশি কার্যকর।




