উরুগুয়ের কাছে হারের পর তরুণদের সময় চাইলেন স্কালোনি: ‘কাঁধে পুরো দলের দায়িত্ব চাপানো যাবে না’

লা বোম্বোনেরায় উরুগুয়ের কাছে ২-১ গোলের হারের পর তরুণ খেলোয়াড়দের কাছ থেকে এখনই বড় কিছু প্রত্যাশা না করার আহ্বান জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। লিওনেল মেসিসহ অভিজ্ঞ তারকারা এই ম্যাচে ছিলেন না; নতুনদের নিয়ে দল গড়ার পথে হাঁটছে আর্জেন্টিনা।
এই হারকে শুধু ব্যর্থতা হিসেবে দেখছেন না স্কালোনি। বরং দল পুনর্গঠনের প্রক্রিয়ায় নতুনদের সময় দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি। তাঁর মতে, অভিজ্ঞ তারকাদের অনুপস্থিতিতে তরুণদের ওপর বাড়তি দায়িত্ব চাপিয়ে দেওয়া উচিত নয়।
ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘তারা তরুণ এবং আমরা বিশ্বাস করি, তাদের সুযোগ দেওয়ার জন্য সঠিক সময় খুঁজে বের করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আজ আমরা তাদের নিজেদের খেলা উপভোগ করার মতো পরিস্থিতি তৈরি করতে পারিনি। আমাদের ধৈর্য ধরতে হবে। তারা নিজেদের সর্বোচ্চটা দিতে প্রস্তুত। আমরা তাদের কাঁধে পুরো দলের দায়িত্ব চাপিয়ে দিতে পারি না। বিশেষ করে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কাজটা কঠিন।’
তরুণদের জাতীয় দলের জার্সিতে মানিয়ে নিতে সময় দিতে চান স্কালোনি। একই সঙ্গে দলকে আরও স্থিতিশীল করে তোলার ওপর জোর দিয়েছেন তিনি। আর্জেন্টিনার কোচ বলেন, ‘আমি চাই, তারা এই জার্সিতে খেলার সঙ্গে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠুক। আমাদের পরিকল্পনা এই নয় যে দল বারবার ভেঙে পড়বে। আমরা এই খেলোয়াড়দের আরও কিছুটা স্থিতিশীলতা দিতে চাই।’
তবে হারের মধ্যেও দলের ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন স্কালোনি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে খেলোয়াড়দের পারফরম্যান্স এবং দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সন্তুষ্ট তিনি।
স্কালোনি বলেন, ‘দ্বিতীয়ার্ধে বিশেষ করে দলের কিছু ভালো মুহূর্ত ছিল। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর দলের প্রতিক্রিয়ায় আমি সন্তুষ্ট। খেলোয়াড়েরা ঘুরে দাঁড়িয়েছে এবং ধৈর্য ধরে খেলেছে। সতীর্থদের সম্পর্কে জানতে হয়, কে কীভাবে নড়াচড়া করে, কীভাবে খেলে। এসব ম্যাচ খেলেই শেখা যায়।’
তরুণদের ওপর প্রত্যাশার চাপ না বাড়ানোর আহ্বান জানিয়ে স্কালোনি আরও বলেন, ‘আমরা জানি, দলের তারকা খেলোয়াড়েরা এখানে নেই। যারা আছে, তারাও ভালো খেলোয়াড়। তাদের সময় দিতে হবে। তরুণরাই ম্যাচ জেতাবে, এমনটা ভাবা ঠিক হবে না। আশা করি, তারা ম্যাচ জেতাবে। কিন্তু এখনই তাদের ওপর সেই দায়িত্ব চাপিয়ে দেওয়া উচিত নয়।’
উরুগুয়ের বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষেক হওয়া গোলরক্ষক হেরোনিমো রুল্লির পাশেও দাঁড়িয়েছেন স্কালোনি। হজম করা গোলগুলোর জন্য রুল্লিকে দায়ী করতে নারাজ তিনি। স্কালোনি বলেন, ‘গেরো নির্ভরযোগ্য একজন গোলরক্ষক। গোলগুলোর জন্য তার কোনো দায় ছিল না। আমরা তার পারফরম্যান্সে খুশি।’
আগামী মঙ্গলবার কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে পরবর্তী প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। কয়েকজন খেলোয়াড়কে আবারও সুযোগ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।




