…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সৌরবিদ্যুতে ১৪ ডাক কেন্দ্রের সাশ্রয় প্রায় ১৩ লাখ টাকা, গ্রিডে গেছে ৪৮ হাজার ইউনিটের বেশি

নিজস্ব প্রতিবেদক
সৌরবিদ্যুতে ১৪ ডাক কেন্দ্রের সাশ্রয় প্রায় ১৩ লাখ টাকা, গ্রিডে গেছে ৪৮ হাজার ইউনিটের বেশি
ছবি: সংগৃহীত

সৌরবিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ বিলে প্রায় ১৩ লাখ টাকা সাশ্রয় করেছে ডাক বিভাগের ১৪টি মেইল প্রসেসিং সেন্টার (এমপিসি)। ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে কেন্দ্রগুলোর বিদ্যুৎ বিল হতো প্রায় ২০ লাখ ৮৬ হাজার টাকা; নিজস্ব চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করায় নেট মিটারিংয়ের মাধ্যমে বিল নেমে এসেছে ৭ লাখ ৯৪ হাজার টাকায়। এতে সম্ভাব্য ব্যয়ের প্রায় ৬২ শতাংশ সাশ্রয় হয়েছে।

ডাক অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত সময়ে এই সাশ্রয় হয়েছে। সরকার সব সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর জোর দেওয়ার সময়ে এই ১৪টি কেন্দ্রের অভিজ্ঞতা সরকারি স্থাপনায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের একটি বাস্তব উদাহরণ হয়ে উঠেছে।

এই সময়ে ১৪টি এমপিসির সৌর প্যানেল থেকে মোট ৮৬ হাজার ১৪১ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৪১৭ ইউনিট কেন্দ্রগুলোর নিজস্ব চাহিদা পূরণে সরাসরি ব্যবহার করা হয়েছে।

বাকি ৪৮ হাজার ৭২৪ ইউনিট নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। অর্থাৎ উৎপাদিত সৌরবিদ্যুতের প্রায় ৪৩ শতাংশ কেন্দ্রগুলো নিজেরা ব্যবহার করেছে এবং বাকি প্রায় ৫৭ শতাংশ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু থাকা কেন্দ্রগুলো হলো তেজগাঁও, চট্টগ্রাম, নোয়াখালী, হবিগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, ঈশ্বরদী, রংপুর, দিনাজপুর, বরিশাল, যশোর, খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জ এমপিসি।

মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের আওতায় ৭৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এসব কেন্দ্রের ভবন নির্মাণ করা হয়েছে। সেই সঙ্গে ৩৫ ধরনের আধুনিক আসবাব ও প্রয়োজনীয় যন্ত্রপাতি বসিয়ে কেন্দ্রগুলোকে পুরোপুরি চালু করা হয়েছে। এই অবকাঠামো উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো নেট মিটারিং সুবিধাসহ সৌর প্যানেল।

অধিদপ্তরের হিসাবে, সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে ১৪টি কেন্দ্রকে গ্রিড থেকে মোট ১ লাখ ৩৯ হাজার ৯৭ ইউনিট বিদ্যুৎ নিতে হতো। ইউনিটপ্রতি ১৫ টাকা ধরে এর বিল দাঁড়াত ২০ লাখ ৮৬ হাজার ৪৫৫ টাকা।

কিন্তু সৌরবিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহের পর নেট মিটারিংয়ের মাধ্যমে সমন্বয় করে কেন্দ্রগুলোর প্রকৃত প্রদেয় বিদ্যুতের পরিমাণ দাঁড়িয়েছে ৫২ হাজার ৯৫৬ ইউনিট। এর বিপরীতে বিল এসেছে ৭ লাখ ৯৪ হাজার ৩৪০ টাকা। ফলে সাশ্রয় হয়েছে ১২ লাখ ৯২ হাজার ১১৫ টাকা, যা সম্ভাব্য ব্যয়ের ৬১ দশমিক ৯৩ শতাংশ। এই হিসাবে প্রতিটি কেন্দ্রে গড়ে প্রায় ৯২ হাজার টাকা সাশ্রয় হয়েছে।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার শুধু বিদ্যুৎ সাশ্রয় নয়, বরং টেকসই ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, ‘নেট মিটারিংয়ের মাধ্যমে বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করে সরকারি স্থাপনাগুলোকে আরও জ্বালানিসাশ্রয়ী ব্যবস্থার অংশ হিসেবে গড়ে তোলা সম্ভব।’

কাজী আসাদুল ইসলাম আরও বলেন, ১৪টি কেন্দ্রের অভিজ্ঞতা প্রমাণ করেছে, সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ শুধু পরিবেশের জন্য নয়, সরকারি অর্থ সাশ্রয়ের জন্যও কার্যকর। একটি সরকারি প্রতিষ্ঠান নিজের বিদ্যুৎ নিজে উৎপাদন করছে, আবার উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছে—এটি অন্য সরকারি দপ্তরের জন্যও অনুসরণযোগ্য হতে পারে।

পরিবেশের দিক থেকেও এই উদ্যোগের সুফল রয়েছে। আন্তর্জাতিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম লো কার্বন পাওয়ারের হিসাবে, ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত দেশের গ্রিডে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড়ে প্রায় ৫৮২ গ্রাম কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয়েছে। এ হার ধরলে ১৪টি এমপিসির উৎপাদিত সৌরবিদ্যুৎ আনুমানিক ৫০ টন কার্বন নিঃসরণ কমিয়েছে।

তবে সৌরবিদ্যুৎ উৎপাদন আবহাওয়ার ওপর নির্ভরশীল হওয়ায় বৃষ্টির দিন ও ঘন কুয়াশার সময় উৎপাদন কমে যায়; তখন কেন্দ্রগুলোকে জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভর করতে হয়। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে কেন্দ্রগুলো গ্রিড থেকে মোট ১ লাখ ১ হাজার ৬৮০ ইউনিট বিদ্যুৎ গ্রহণ করেছে।

ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ বলেন, সৌরবিদ্যুৎ আবহাওয়ার ওপর নির্ভরশীল, তাই বৃষ্টি ও কুয়াশার দিনে গ্রিডের বিদ্যুৎ নিতে হয়। তবুও উৎপাদিত বিদ্যুতের বড় অংশ গ্রিডে সরবরাহ করতে পারায় কেন্দ্রগুলোর বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে। তিনি বলেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে দীর্ঘ মেয়াদে এই সাশ্রয় আরও বাড়বে।

অধিদপ্তর জানায়, ২০২২ সালের জুলাই থেকে কেন্দ্রগুলোর সৌরবিদ্যুৎ কার্যক্রম শুরুর পরিকল্পনা থাকলেও প্রযুক্তিটি দেশে নতুন হওয়ায় প্যানেল স্থাপনের পর চালু অবস্থায় বিভিন্ন সরকারি সংস্থার ছাড়পত্র নিতে হয়েছে এবং নেট মিটারিংয়ের হিসাবরক্ষণ ও আর্থিক সমন্বয়ের প্রক্রিয়া ঠিক করতে সময় লেগেছে। এসব কারণে ২০২৩ সাল থেকে কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ কার্যক্রম শুরু হয়। মহাপরিচালক বলেন, এখন সেই পথ তৈরি হয়ে গেছে; এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে ডাক বিভাগের অন্যান্য স্থাপনায় আরও দ্রুত ও পরিকল্পিতভাবে সৌরবিদ্যুৎ চালু করা সম্ভব হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ
জাতীয়

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামে শনিবার আয়োজিত এক মেজবানে একসঙ্গে খেয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। নুরুদ্দীন খান ওয়েলফেয়…

জাতীয়

কলকাতার হোটেলে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জন নিহত: ৯০ দিনে ৩৫০ পৃষ্ঠার চার্জশিট, অভিযুক্ত মালিকসহ তিনজন

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকার…

জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও হামিদা হোসেন

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)…

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী
জাতীয়

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী

প্রায় আট মাস আগে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন মো. শাহজাহান আলীকে (৭০) অবশেষে ফিরে পেয়েছে তাঁর পরিবার। আজ শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে…