যুদ্ধক্ষেত্র বা চুক্তি, কোনোভাবেই ইরানের বিরুদ্ধে জিততে পারবেন না ট্রাম্প: জেফ্রি স্যাকস
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক লড়াই কিংবা আনুষ্ঠানিক কোনো চুক্তির মাধ্যমে জয়ী হতে পারবেন না বলে মন্তব্য করেছেন মার্কিন অর্থনীতিবিদ ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফ্রি স্যাকস।
ইরানের বিরুদ্ধে যুদ্ধের ভবিষ্যৎ, তেহরান-ওয়াশিংটন সম্পর্ক এবং বৈশ্বিক রাজনীতিতে বড় শক্তিগুলোর ভূমিকা নিয়ে ইরানের বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
জেফ্রি স্যাকস বলেন, যুক্তরাষ্ট্র সরকার এবং বিশেষ করে ট্রাম্প নিজেদের দুর্বল হিসেবে তুলে ধরতে চান না। কিন্তু যুদ্ধক্ষেত্রে কিংবা আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমেও তাঁদের পক্ষে জয়ী হওয়া সম্ভব নয়।
তাঁর মতে, কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই যুদ্ধ বন্ধ সম্ভব। যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিয়ে মধ্যপ্রাচ্য থেকে সেনা ও সামরিক উপস্থিতি সরিয়ে নিলে ইরানের নিরাপত্তা নিশ্চিত হবে, ধ্বংসযজ্ঞ বন্ধ হবে এবং হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া সম্ভব হবে। তবে মার্কিন নিষেধাজ্ঞা শিগগির প্রত্যাহারের সম্ভাবনা কম বলেও মনে করেন তিনি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন কূটনৈতিক কাঠামো প্রতিষ্ঠার সম্ভাবনা নাকচ করে স্যাকস বলেন, যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট, ইসরায়েলে সম্পূর্ণ ভিন্ন সরকার এবং মার্কিন রাজনৈতিক নেতৃত্বের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন না আসা পর্যন্ত এমন উদ্যোগের সম্ভাবনা নেই।
জাতিসংঘের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, নিরাপত্তা পরিষদ এ সংকটে গুরুতর ব্যর্থতার পরিচয় দিয়েছে। ইউরোপের অধিকাংশ দেশও দায়িত্বশীল আচরণ করেনি। আন্তর্জাতিক আইন মেনে চলতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
স্যাকস আরও বলেন, ব্রিকস দেশগুলোর উচিত জাতিসংঘ সনদের নীতিমালা রক্ষায় দৃঢ় অবস্থান নেওয়া। একই সঙ্গে বাইরের শক্তির ওপর নির্ভর না করে প্রতিটি অঞ্চলের নিজস্ব নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
তাঁর মতে, দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে আধিপত্য বিস্তারের মার্কিন নীতির কারণে দেশটি একাধিক ব্যয়বহুল যুদ্ধে জড়িয়েছে। এতে বিপুল পরিমাণ অর্থ ব্যয়, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সুদের হার বেড়েছে। ইরান যুদ্ধকে তিনি এমন একটি সংঘাত হিসেবে বর্ণনা করেন, যেখানে কোনো পক্ষই প্রকৃত বিজয় অর্জন করতে পারেনি।

