প্রতিপক্ষ ফরোয়ার্ডের মৃত্যুর ঘটনায় ১২ ম্যাচ নিষিদ্ধ আন্দোরার গোলরক্ষক ওওনো
স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে সংঘর্ষে প্রতিপক্ষ ফরোয়ার্ডের মৃত্যুর ঘটনায় এফসি আন্দোরার গোলরক্ষক হেসুস ওওনোকে ১২ ম্যাচ নিষিদ্ধ করেছে স্পেনের ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি।
গত ২ নভেম্বর এফসি আন্দোরা ও তেনেরিফের মধ্যে স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে ওওনো ও তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগেলের মধ্যে সংঘর্ষ হয়।
ওওনো মাঝমাঠে ছুটে গিয়ে আকাশে ভাসা বল ক্লিয়ার করার চেষ্টা করার সময় দে মিগেলের সঙ্গে ধাক্কা খান। সেই ম্যাচেই তাঁকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়।
সংঘর্ষের পর ৩০ বছর বয়সী দে মিগেলকে হাসপাতালে নিবিড় পরিচর্যায় রাখা হয়। স্পেনের এই ফরোয়ার্ড ৩ নভেম্বর মারা যান।
শুক্রবার শৃঙ্খলা কমিটি ওওনোকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দেয়। কমিটি বলেছে, এটি সর্বোচ্চ শাস্তি।
কমিটি এক বিবৃতিতে বলেছে, এই কার্যক্রমে বিবেচনাধীন আচরণের মূল্যায়ন হতে হবে রেফারির প্রতিবেদনে স্পষ্টভাবে লিপিবদ্ধ তথ্যের ভিত্তিতে। রেফারির প্রতিবেদনে বলা হয়েছে, বল খেলার মধ্যে থাকা অবস্থায় প্রতিপক্ষকে পা দিয়ে বুকে সহিংসভাবে আঘাত করে অতিরিক্ত শক্তি প্রয়োগের জন্য খেলোয়াড়টিকে বের করে দেওয়া হয়।
কমিটি আরও বলেছে, হেসুস দে মিগেল আলামেদার মৃত্যুর মর্মান্তিক পরিণতি সবারই জানা। বর্ণিত আচরণের ধরন ও আনুষঙ্গিক পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ১২ ম্যাচের নিষেধাজ্ঞা, ন্যায্য।
গত সপ্তাহে স্পেনের পুলিশ সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছিল, যা ঘটেছে তা নিয়ে বিচারিক তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়েছে।
ইকুয়েটোরিয়াল গিনির গোলরক্ষক ওওনো দে মিগেলের মৃত্যুর পর বলেছিলেন, তিনি তাঁর জীবনের সবচেয়ে কঠিন দিন পার করছেন।
আন্দোরার প্রকাশ করা এক বিবৃতিতে ওওনো বলেন, ‘এগুলো আমার জীবনের সবচেয়ে কঠিন দিন। শব্দ খুঁজে পেতে আমি হিমশিম খাচ্ছি, আর যা ঘটেছে তার কোনো কিছু প্রক্রিয়া করা আমার জন্য খুব কঠিন। হেসুসের মৃত্যুতে আমি অসীম যন্ত্রণা অনুভব করছি। আমি তাঁর কথা, তাঁর পরিবারের কথা আর তাঁকে ভালোবাসা সব মানুষের কথা ভাবছি।’
তিনি আরও বলেন, অনেক বিষয় সামলাতে হবে তা তিনি জানেন এবং যা আসবে তা তিনি সর্বোচ্চ সম্মানের সঙ্গে মোকাবিলা করবেন। তবে এই মুহূর্তে হেসুস আর সবার যন্ত্রণা ছাড়া আর কিছু তিনি ভাবতে পারছেন না।
২৫ বছর বয়সী ওওনো দে মিগেলের মৃত্যুর পর এই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশনস বাছাইয়ের জন্য ইকুয়েটোরিয়াল গিনির দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
এফসি আন্দোরার কোচ কার্লেস মানসো বৃহস্পতিবার বলেন, এই মর্মান্তিক ঘটনার পর ওওনো কবে ফুটবলে ফিরবেন, সেই সিদ্ধান্ত ওওনোই নেবেন। ক্লাব গোলরক্ষককে সেই সিদ্ধান্ত নেওয়ার সময় ও সুযোগ দেবে।
শনিবার তেনেরিফের ভক্ত ও খেলোয়াড়রা দে মিগেলের স্মরণ ও বিদায় জানাতে ক্লাবের স্টেডিয়ামে জড়ো হন।
গত বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ৪০০ শোকার্ত মানুষ উপস্থিত ছিলেন, যাঁদের মধ্যে ছিলেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ও রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।


