মুন্সিগঞ্জের শ্রীনগরে জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে খতিব কারাগারে
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় জিন তাড়ানোর কথা বলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক মসজিদের খতিবকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম রেজাউল বারী (৪৭)। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলায়। তিনি শ্রীনগরের একটি মসজিদে খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন এবং শ্রীনগর বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, কিশোরীটি প্রায়ই অসুস্থ থাকত। বিভিন্ন জায়গায় চিকিৎসক দেখিয়েও তাকে সুস্থ করতে পারেননি পরিবারের সদস্যরা।
একপর্যায়ে ওই কিশোরীকে নিয়ে গত ২০ সেপ্টেম্বর রেজাউল বারীর কাছে যান তার মা-বাবা। সম্প্রতি ওই কিশোরী আবার অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগ করেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে কিশোরীকে নিয়ে রেজাউল বারীর ভাড়া বাসায় যান তার মা-বাবা। সেখানে জিন তাড়ানোর কথা বলে একটি কক্ষে নিয়ে কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে শ্রীনগর বাজার এলাকা থেকে আটক করা হয় বলে জানান শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া।
ওসি জুয়েল মিয়া বলেন, পরে শুক্রবার সকালে কিশোরীর মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত রেজাউল বারীকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়।
মুন্সিগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম মিয়া জানান, শুনানি শেষে আদালত রেজাউল বারীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।




