হাসিনাকে নিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক জিম্মি করা যাবে না: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোজেনা
ভারতে শেখ হাসিনার অবস্থান যেন বাংলাদেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ককে নিয়ন্ত্রণ করতে না পারে, সে বিষয়ে সতর্ক করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মোজেনা। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যতের কারণে বাংলাদেশের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে দেওয়া উচিত নয়।
মোজেনা বলেন, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদার ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনাকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি জিম্মি করতে দেওয়ার পক্ষে তিনি নন। তিনি আরও বলেন, শেখ হাসিনা নন, বাংলাদেশের জনগণই সবার আগে।
২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা এই কূটনীতিক বলেন, তাঁর শাসনামলে অনেক মানুষের মধ্যে গভীর ক্ষোভ ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে, যা সহজে ভুলবার নয়। মোজেনা বলেন, ওই সরকারের হাতে অনেক মানুষ ভয়াবহভাবে নির্যাতিত হয়েছেন। এসব ঘটনা এমন নয় যে চাইলেই সবকিছু মুছে যাবে।
তবে তাঁর মতে, শেখ হাসিনাকে ঘিরে রাজনৈতিক ক্ষোভের বাইরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের দিকে মনোযোগ দিতে হবে। তিনি বলেন, একজন নেতার দায়িত্ব হলো তাঁর দেশের স্বার্থ এগিয়ে নেওয়া। তারেক রহমানকেও সেই দায়িত্ব পালন করতে হবে।
এ জন্য সীমান্ত, বাণিজ্য, পানিবণ্টন, অভিবাসন এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতের সঙ্গে কাজ করতে হবে বলে মনে করেন তিনি। মোজেনা বলেন, এসব সমস্যা থেকেই যাবে। তাই এগুলো মোকাবিলায় যোগাযোগ ও আলোচনার পথ খুঁজে বের করতে হবে।
২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার দিল্লিতে অবস্থান দুই প্রতিবেশী দেশের সম্পর্কে টানাপোড়েনের অন্যতম কারণ হয়ে উঠেছে। হাসিনাকে ভারতে অবস্থান করতে দেওয়া এবং সেখান থেকে তাঁর রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। দেশে ফেরার বিষয়ে তাঁর বিভিন্ন বক্তব্যও অনিশ্চয়তা বাড়িয়েছে। ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের ক্ষেত্রে হাসিনা বাধা হয়ে উঠেছেন কি না, এমন প্রশ্নের জবাবে মোজেনা বলেন, হ্যাঁ, স্বাভাবিকভাবেই তাই হওয়ার কথা।
হাসিনার সরকারের পুরো সময় বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করায় তাঁর শাসনপদ্ধতি সম্পর্কে ভালো ধারণা রয়েছে বলেও জানান মোজেনা। তাঁর ভাষায়, বাংলাদেশে তাঁর কাটানো পুরো সময়ই ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে। তিনি যে ক্ষতি ও তিক্ত অনুভূতি রেখে গেছেন, তা তিনি বুঝতে পারেন। তবে এসব ক্ষোভকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে না দেওয়ার আহ্বান জানান তিনি।
মোজেনার সঙ্গে হাসিনার সম্পর্কের ইতিহাস জটিল। পেশাদার মার্কিন কূটনীতিক ড্যান মোজেনা ২০১১ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের অধীনে বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।
তাঁর দ্বিতীয় দফার দায়িত্ব পালনকালে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল বেশ উত্তপ্ত। গণতান্ত্রিক শাসনব্যবস্থা, রাজনৈতিক সহিংসতা এবং ২০১৪ সালের জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ওয়াশিংটন ও হাসিনা সরকারের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। ওই নির্বাচন বিএনপি ও তার মিত্ররা বর্জন করেছিল। সে সময় বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং দেশের বিভিন্ন এলাকায় সফরের কারণে আলোচনায় ছিলেন মোজেনা। তাঁর এসব কর্মকাণ্ডের সমালোচনা করে আওয়ামী লীগের একাংশ বিদেশি কূটনীতিকদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ তুলেছিল। তবে বাংলাদেশের ৬৪টি জেলা সফর, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ এবং বিশেষ করে গ্রামীণ অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরার জন্যও পরিচিত ছিলেন তিনি।
হাসিনার সঙ্গে সম্পর্কের বিষয়ে সাক্ষাৎকারে মোজেনা বলেন, তাঁর সঙ্গে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ছিল নানা বৈপরীত্যে ভরা। তিনি বলেন, হাসিনা তাঁকে ভীষণ অপছন্দ করতেন, এমনকি প্রকাশ্যে বলেও বেড়াতেন যে তিনি তাঁকে ঘৃণা করেন। তবে সেই হাসিনার সরকারই তাঁকে দেশের ৬৪টি জেলা সফরের সুযোগ করে দিয়েছিল বলে জানান মোজেনা। তিনি বলেন, যে মানুষটি তাঁকে এতটা অপছন্দ করতেন, তিনিই আবার তাঁকে বাংলাদেশের ৬৪টি জেলা ঘুরে দেখার সুযোগ করে দিয়েছিলেন—বিষয়টি তিনি বুঝতে পারেন না। তিনি আরও বলেন, হাসিনা তাঁর পরিবারের একজন সদস্যকেও তাঁর সঙ্গে গোপালগঞ্জে পাঠিয়েছিলেন; ওই ব্যক্তি তাঁকে তাঁদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখিয়েছিলেন। অথচ একই সময়ে তিনিই ছিলেন হাসিনার সবচেয়ে অপছন্দের মানুষ। বিষয়টি তাঁর কাছে এখনো রহস্যময়।
বাংলাদেশ ছাড়াও অ্যাঙ্গোলায় ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন মোজেনা। ভারত, পাকিস্তান ও আফ্রিকার কয়েকটি দেশেও কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন তিনি।
শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, নাকি দিল্লিতেই থাকবেন, এমন প্রশ্নে অনুমান করতে রাজি হননি মোজেনা। তিনি বলেন, সত্যি বলতে, শেখ হাসিনার চিন্তাভাবনা সম্পর্কে তাঁর কোনো ধারণা নেই।
বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে মোজেনা বলেন, এ বিষয়ে নিশ্চিত করে বলা কঠিন, তবে তাঁর ব্যক্তিগত ধারণা, হাসিনার সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে। তবে রাজনৈতিক আলোচনায় হাসিনার উপস্থিতি অব্যাহত থাকতে পারে বলে মনে করেন তিনি। তাঁর ভাষায়, এর অর্থ এই নয় যে তাঁর কাছ থেকে আর কোনো বক্তব্য শোনা যাবে না; তবে ক্ষমতার সর্বোচ্চ আসনে বসার ক্ষেত্রে তাঁর ধারণা, সেটি আর হবে না। শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং আওয়ামী লীগের ভবিষ্যৎকে আলাদা করে দেখার বিষয়টিও স্পষ্ট করেন তিনি। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আগে টানা ১৫ বছরের বেশি সময় দেশ শাসন করেছে দলটি। আওয়ামী লীগের লাখ লাখ বর্তমান ও সাবেক সদস্য রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তবে শেখ হাসিনাকে ভারতের প্রত্যর্পণ করা উচিত কি না, সে বিষয়ে মন্তব্য করতে চাননি মোজেনা। তিনি বলেন, ভারতের কী করা উচিত বা উচিত নয়, সে বিষয়ে তাঁর বিশেষ কোনো ধারণা নেই এবং এই বিষয়টি নিয়ে আলোচনায় যেতে চান না। বরং বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেটিকেই গুরুত্বপূর্ণ মনে করেন তিনি। মোজেনা বলেন, শেখ হাসিনা এখন আর কোনো কিছুর প্রধানমন্ত্রী নন। তিনি দিল্লির কোথাও বসে নিজের মতো কাজ করছেন, নানা লেখা লিখছেন। তাঁর ভাষায়, তাঁকে নিয়ে ব্যস্ত না হয়ে এসব উপেক্ষা করে বাংলাদেশের স্বার্থ এগিয়ে নেওয়ার কাজে মনোযোগ দেওয়া উচিত।


