জুনিয়র হকি বিশ্বকাপ থেকে রাশিয়াকে বাদ দেওয়ায় কানাডাকে ক্ষতিপূরণের হুমকি মস্কোর

কানাডায় অনুষ্ঠেয় জুনিয়র আইস হকি বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে রাশিয়ার দলকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর টুর্নামেন্টটি স্থগিত বা বাতিলের দাবি জানিয়েছে রাশিয়ার আইস হকি ফেডারেশন। আগামী মাসে কানাডায় হওয়ার কথা এই আসর, কিন্তু অটোয়া জানিয়ে দিয়েছে, রুশ খেলোয়াড়েরা সেখানে খেলতে পারবেন না।
রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস বৃহস্পতিবার জানিয়েছে, রুশ আইস হকি ফেডারেশনের সভাপতি ভ্লাদিস্লাভ ত্রেতিয়াক হুমকি দিয়েছেন, রাশিয়াকে অংশগ্রহণে বাধা দেওয়া হলে তিনি কানাডার কাছে ক্ষতিপূরণ দাবি করবেন। একই দাবি উঠতে পারে জার্মানির ক্ষেত্রেও, কারণ ২০২৭ সালের পুরুষ বিশ্ব চ্যাম্পিয়নশিপের আয়োজক জার্মানি।
মস্কোয় শারীরিক সংস্কৃতি ও ক্রীড়া উন্নয়নবিষয়ক প্রেসিডেনশিয়াল কাউন্সিলের সভায় ত্রেতিয়াক বলেন, রাশিয়ার বিপক্ষে খেলা বয়কটের আয়োজনকারী জাতীয় ফেডারেশনগুলোর বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি জানিয়ে তিনি আন্তর্জাতিক আইস হকি ফেডারেশনের (আইআইএইচএফ) নৈতিকতা কমিটির কাছে আবেদন করেছেন।
তাসের উদ্ধৃতিতে ত্রেতিয়াক বলেন, ‘নিয়ম আছে: কোনো দল বরফে না নামলে তাদের টেকনিক্যাল পরাজয় হয় এবং শাস্তি আরোপ করা হয়। আইআইএইচএফের সামনে পথ আছে—হয় আমাদের খেলতে দিক, নয়তো আমরা কানাডায় ঢুকতে না পারলে তারা চ্যাম্পিয়নশিপ সরিয়ে নিক, আদৌ আয়োজন না করুক, অথবা কানাডার হকি অ্যাসোসিয়েশনের ওপর শাস্তি আরোপ করুক।’
এর এক দিন আগেই কানাডা নিশ্চিত করে, ২৬ ডিসেম্বর থেকে আলবার্টা প্রদেশে শুরু হতে যাওয়া ১০ দেশের এই টুর্নামেন্টে রুশ খেলোয়াড়দের অংশ নিতে দেওয়া হবে না।
কানাডার এই অবস্থানের পেছনে রয়েছে গত মাসে ক্রীড়া সালিশি আদালতের (ক্যাস) একটি রায়, যেখানে আন্তর্জাতিক আইস হকিতে রাশিয়ার অংশগ্রহণের অধিকার ফিরিয়ে দেওয়া হয়। সেই রায়ে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর আইআইএইচএফের আরোপ করা নিষেধাজ্ঞা বাতিল হয়ে যায়।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, ‘ইউক্রেনের শহরগুলোতে বোমা ফেলে তারপর সভ্য মানুষের মতো করে নিজেদের জুনিয়রদের আলবার্টায় হকি খেলতে পাঠানো যায় না। বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে কোনো রুশ বা বেলারুশি দল নয়। নিজেদের পতাকায় নয়। অন্য কোনো পতাকায়ও নয়। ব্যস।’
রুশ ক্রীড়া দৈনিক স্পোর্ট-এক্সপ্রেস জানিয়েছে, বিশ্ব চ্যাম্পিয়নশিপের ভিসা প্রত্যাখ্যাত হবে বলে রাশিয়া শুরু থেকেই ধারণা করেছিল; তাই শুধু উত্তর আমেরিকার এনএইচএল ক্লাবের খেলোয়াড়দের নিয়ে দল গড়ার পরিকল্পনা ছিল রুশ ফেডারেশনের। তবে অটোয়া বলেছে, এসব রুশ খেলোয়াড়ও জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না, কারণ তাঁদের কর্মভিসায় সেই অনুমতি নেই।
রাশিয়াকে অন্তর্ভুক্ত করা হলে জার্মানিসহ আরও কয়েকটি দেশ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপের নতুন সূচিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছে। জার্মান আইস হকি অ্যাসোসিয়েশনের প্রধান ফ্রাংক লুৎজ বুন্দেস্টাগের ক্রীড়া কমিটির সভায় এ কথা জানান।
আইস হকির সূচিতে পরের আসর নারীদের অনূর্ধ্ব-১৮ বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ২০২৭ সালের ৮ থেকে ১৬ জানুয়ারি চেকিয়ার ওস্ত্রাভায়। তবে প্রাগ আগেই স্পষ্ট করে দিয়েছে, রুশ খেলোয়াড়দের ভিসা দেওয়া হবে না।
এদিকে বয়কটের ঢেউয়ের প্রেক্ষাপটে ২০২৭ সালের বসন্তে পুরুষ বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন থেকে সরে আসার কথা ভাবছে জার্মানি। ক্যাসের রায়ে রাশিয়া ও বেলারুশকে আন্তর্জাতিক আইস হকিতে ফিরিয়ে আনার পর বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি হকি দেশ বলেছে, তারা রাশিয়ার বিপক্ষে খেলবে না।
তবে জার্মানির প্রান্তিক দলগুলো—উগ্র ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি ও উগ্র বাম দি লিংকে—বার্লিনের প্রতি আহ্বান জানিয়েছে, রুশ দলের অংশগ্রহণে বাধা না দিতে।
দ্রুত বেড়ে চলা এই সংঘাতের কেন্দ্রে থাকা আইআইএইচএফ এখনো বিতর্কটি নিয়ে মন্তব্য করা থেকে বিরত রয়েছে। কানাডা, সুইডেন, ফিনল্যান্ড, জার্মানি, চেকিয়া ও লাটভিয়াসহ বেশ কয়েকটি জাতীয় ফেডারেশন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, তারা রাশিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে না। রাশিয়াকে অংশ নিতে দেওয়া হলে সহযোগিতা শেষ করার হুমকি দিয়েছে টুর্নামেন্টের কিছু পৃষ্ঠপোষকও।
আইআইএইচএফের জন্য এত শেষ মুহূর্তে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ সরানো অত্যন্ত কঠিন হবে; কানাডার কাছ থেকে আয়োজকের দায়িত্ব নিতে রাজি এমন আরেকটি দেশ খুঁজে পাওয়াও দুষ্কর। রবিবার নরওয়ে জানায়, রাশিয়ার জায়গা করে দিতে তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হচ্ছে বলে আইআইএইচএফের কাছ থেকে তারা বিজ্ঞপ্তি পেয়েছে; যদিও ফেডারেশন নিজে এখনো এই পরিবর্তনের ঘোষণা দেয়নি।
এর সঙ্গে যোগ হয়েছে নতুন করে রুশ নাগরিকদের প্রবেশে বিধিনিষেধ কড়াকড়ি করার উদ্যোগ। ফিনল্যান্ড রুশ নাগরিকদের দেশে প্রবেশের বিধিনিষেধ আরও কঠোর করছে। ২০২৬ সালের ১২ নভেম্বর ফিনিশ সরকার এক ডিক্রি গ্রহণ করে, যেখানে বলা হয় রুশ নাগরিকদের প্রবেশ ফিনল্যান্ডের আন্তর্জাতিক সম্পর্কের জন্য হুমকি। নতুন বিধিনিষেধের আওতায় পড়েছে ভিসার ভিত্তিতে স্বল্পমেয়াদি কাজ, যার মধ্যে পেশাদার খেলাধুলাও রয়েছে।


