১৫ বছর বয়সেই টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক, বিশ্বরেকর্ড গড়লেন সূর্যবংশী

মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হওয়ার বিশ্বরেকর্ড গড়েছেন বৈভব সূর্যবংশী। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহার দলের নেতৃত্ব দিয়ে এই কীর্তি গড়েছেন তিনি।
২০২৬-২৭ মৌসুমের টুর্নামেন্টে বিহারের প্রথম ম্যাচ ছিল ইন্দোরে সৌরাষ্ট্রের বিপক্ষে। জয়দেব উনাদকাটের নেতৃত্বাধীন শক্তিশালী দলটির বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়েই রেকর্ডটি নিজের করে নেন সূর্যবংশী।
এর আগের রেকর্ডটি ছিল ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের দখলে। ১৭ বছর ৩১১ দিন বয়সে নিজ দেশের অধিনায়কত্ব করে এত দিন সবচেয়ে কম বয়সী টি-টোয়েন্টি অধিনায়কের মর্যাদা ধরে রেখেছিলেন তিনি।
সূর্যবংশীর ক্যারিয়ারে রেকর্ড নতুন কিছু নয়। মাত্র পাঁচ মাস আগে ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে তাঁর। এরও আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই বাঁহাতি ব্যাটার।
তবে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে ব্যাট হাতে খুব একটা জ্বলে উঠতে পারেননি তিনি। টস জিতে ব্যাটিংয়ে নামা বিহারের হয়ে ১২ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন সূর্যবংশী। বাঁহাতি পেসার চেতন সাকারিয়ার বলে ক্যাচ অ্যান্ড বোল্ড হন তিনি।
রঞ্জি ট্রফির চলতি মৌসুমে প্রথম চার ম্যাচেই হেরেছে বিহার। এমন দুঃসময়ে দলে সূর্যবংশীর উপস্থিতি বিহারের জন্য বড় প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে।
সৈয়দ মুশতাক আলী ট্রফিতে অবশ্য আর মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। এরপর ১৯ নভেম্বর থেকে দোহায় শুরু হতে যাওয়া এসিসি রাইজিং স্টারস এমার্জিং টুর্নামেন্টে খেলতে ভারত ‘এ’ দলের সঙ্গে যোগ দেবেন সূর্যবংশী। সেই প্রতিযোগিতা হবে ৫০ ওভারের সংস্করণে।
ভারতের হয়ে সর্বশেষ নিউজিল্যান্ড সফরে খেলেছেন এই কিশোর ব্যাটার। সেখানে একটি টি-টোয়েন্টিতে মাত্র ১৯ বলে ৪৫ রান করেন তিনি; অভিষেক শর্মার সঙ্গে মাত্র ৭.১ ওভারে গড়েন ১৩৩ রানের উদ্বোধনী জুটি। ওই সফরে দুটি ম্যাচ খেলেন সূর্যবংশী, পাঁচ ম্যাচের সিরিজটি ভারত জেতে ৩-২ ব্যবধানে।
এখন পর্যন্ত বিহারের হয়ে আটটি এবং সব মিলিয়ে ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে ২৩টি ম্যাচ খেলেছেন আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে।
গত বছরের নভেম্বরে ভারত ‘এ’ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৪২ বলে ১৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সূর্যবংশী। এসিসি রাইজিং স্টারস টুর্নামেন্টের সেই সেঞ্চুরিটি ছিল ভারতীয় ব্যাটারদের মধ্যে যৌথভাবে তৃতীয় দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি। ব্যাট হাতে একের পর এক কীর্তির পাশাপাশি এবার অধিনায়ক হিসেবেও বিশ্ব ক্রিকেটে নাম লেখালেন তিনি।




