…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

গোপন যুদ্ধ পরিকল্পনা পাচারের অভিযোগ ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডারের বিরুদ্ধে, দিল্লি পুলিশের চার্জশিট

নিজস্ব প্রতিবেদক
গোপন যুদ্ধ পরিকল্পনা পাচারের অভিযোগ ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডারের বিরুদ্ধে, দিল্লি পুলিশের চার্জশিট
ছবি: সংগৃহীত

পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এক এজেন্টের কাছে অত্যন্ত সংবেদনশীল সামরিক তথ্য পাচারের অভিযোগ উঠেছে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে। দিল্লি পুলিশের দাখিল করা একটি অভিযোগপত্রে (চার্জশিট) এ তথ্য উঠে এসেছে।

অভিযুক্ত কর্মকর্তা বিমানবাহিনীর একজন উইং কমান্ডার। দিল্লি পুলিশের দাবি, তিনি বিমানবাহিনীর গোপন যুদ্ধ পরিকল্পনা, ড্রোন ইউনিটের সক্ষমতা, যুদ্ধবিমান মোতায়েন, সামরিক মহড়া এবং স্পর্শকাতর সামরিক স্থাপনার অবস্থানের মতো গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানি এজেন্টের কাছে সরবরাহ করেছেন।

পুলিশ জানিয়েছে, এ ধরনের তথ্য পাচার দেশের সামরিক প্রস্তুতি ও জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে। অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে দায়ের করা একটি মামলায় অভিযুক্ত কর্মকর্তা গত পাঁচ মাস ধরে পুলিশি হেফাজতে রয়েছেন।

দিল্লি পুলিশের অভিযোগপত্র অনুযায়ী, চলতি বছরের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই পাকিস্তানি এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন অভিযুক্ত উইং কমান্ডার এবং এই সময়ের মধ্যেই তিনি গোপনীয় সামরিক নথি পাচার করেন। গত ১ এপ্রিল নিজের কার্যালয়ে স্মার্টফোন নিয়ে প্রবেশের সময় তল্লাশিতে তিনি ধরা পড়েন।

চার্জশিটে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানি এজেন্ট উইং কমান্ডারকে একটি নগ্ন ছবি পাঠিয়েছিলেন এবং এর বিনিময়ে বিমানবাহিনীর গোপন যুদ্ধ পরিকল্পনার একটি পৃষ্ঠা পাঠান ওই কর্মকর্তা। চার্জশিট অনুযায়ী, অভিযুক্ত কর্মকর্তা নিজেই প্রস্তাব দিয়েছিলেন যে প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে তিনি যুদ্ধ পরিকল্পনার নথির একটি করে পৃষ্ঠা সরবরাহ করবেন।

দিল্লি পুলিশের তদন্ত প্রতিবেদনে পাচার হওয়া তথ্যের মধ্যে একটি গোপন ড্রোন ইউনিটের জনবল, সাংগঠনিক কাঠামো ও পরিচালন পদ্ধতির বিস্তারিত তথ্য রয়েছে। এর মধ্যে ড্রোনের পরীক্ষা-নিরীক্ষা, কার্যক্ষমতা, আকাশে ওড়ার সময়সীমা এবং অস্ত্র লক্ষ্যভেদ করার ব্যবস্থার তথ্যও ছিল।

যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে ওই ড্রোন ইউনিটগুলো সম্ভাব্য কোন কোন স্থানে মোতায়েন করা হবে, সেই তথ্যও ফাঁস করা হয়েছে বলে চার্জশিটে বলা হয়েছে। পুলিশের মতে, শত্রুপক্ষের জন্য এই তথ্য অত্যন্ত মূল্যবান, কারণ এর মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনীর রণকৌশল সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।

লাদাখের লেহতে যুদ্ধবিমান মোতায়েনের বিস্তারিত তথ্য এবং রাজস্থানের সুরাটগড়ের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত একটি সামরিক মহড়ার তথ্যও সরবরাহ করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। এ ছাড়া যুদ্ধকালীন সময়ে সৈন্য মোতায়েনের কৌশল ও সংবেদনশীল স্থাপনার অবস্থানও জানিয়ে দেওয়া হয়েছিল।

পুলিশের মতে, মামলার সবচেয়ে গুরুতর দিক হলো অভিযুক্ত কর্মকর্তা কেবল নিজে তথ্য পাচার করেননি, সাইবার গুপ্তচরবৃত্তিতেও সহায়তা করেছেন। চার্জশিট অনুযায়ী, পাকিস্তানি এজেন্ট তাঁকে ম্যালওয়্যার বা স্পাইওয়্যারযুক্ত বিভিন্ন অ্যাপ ও লিংক পাঠিয়েছিলেন এবং তিনি তাঁর অধীনে কর্মরত পাঁচজন কর্মকর্তার মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইসে কৌশলে সেই স্পাইওয়্যার ইনস্টল করিয়ে দেন।

অভিযোগপত্রে দুজনের ডিজিটাল যোগাযোগের রেকর্ডও উপস্থাপন করা হয়েছে। হোয়াটসঅ্যাপ ডেটা পরীক্ষা করে দুজনের মধ্যে মোট ৩ হাজার ৮টি টেক্সট মেসেজ, ৬৫টি রিঅ্যাকশন, ৪২টি ভয়েস কল, ৪টি ভিডিও কল এবং ৬টি ওয়েব লিংক আদান-প্রদানের তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

এই ডিজিটাল প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত কর্মকর্তা ঠিক কী পরিমাণ স্পর্শকাতর তথ্য পাচার করেছেন এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে আরও তদন্ত চালাচ্ছে দিল্লি পুলিশ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

কর্ডোফানে এগিয়ে যাচ্ছে সুদানের সেনাবাহিনী, চাপে পড়ছে আরএসএফ

সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) এই সপ্তাহে পশ্চিম কর্ডোফানের কয়েকটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রাম ও এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এতে প্রতিদ্বন্দ্বী আধা …

আন্তর্জাতিক

এক আলোক-দিন দূরে পৌঁছাচ্ছে ভয়েজার ১, মানবসৃষ্ট প্রথম বস্তু হিসেবে রেকর্ড

মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, তাদের ভয়েজার ১ মহাকাশযান শিগগিরই পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে পৌঁছানো মানবসৃষ্ট প্রথম বস্তু হবে। ১৯৭৭ সালে উৎক্…

আন্তর্জাতিক

ন্যাটো সদস্যপদের বিনিময়ে ডনবাসের অংশ ছাড়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের আলোচকেরা প্রস্তাব তুলেছিলেন যে ন্যাটো সদস্যপদের বিনিময়ে ইউক্রেন পূর্ব ডনবাসের কিছু অং…

ইংল্যান্ডে ক্যানসার চিকিৎসার লক্ষ্য পূরণে ঘাটতি প্রায় ১০ হাজার রোগী, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
আন্তর্জাতিক

ইংল্যান্ডে ক্যানসার চিকিৎসার লক্ষ্য পূরণে ঘাটতি প্রায় ১০ হাজার রোগী, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইংল্যান্ডে প্রায় ১০ হাজার বেশি ক্যানসার রোগী সময়মতো চিকিৎসা পাবেন না, কারণ সরকার তার নির্ধারিত লক্ষ্য পূরণে ব্যর্থ হতে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা সতর্ক ক…