বাহামায় শক্তিশালী স্রোতে ভেসে গিয়ে দুই মার্কিন নাগরিকের মৃত্যু

বাহামায় শক্তিশালী স্রোতে ভেসে গিয়ে দুই মার্কিন নাগরিক মারা গেছেন। শুক্রবার বিকেলে একদল সাঁতারু স্রোতে ভেসে যাওয়ার পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত দুজন হলেন ৩৮ বছর বয়সী এক পুরুষ ও ৪০ বছর বয়সী এক নারী। রয়্যাল বাহামা পুলিশ ফোর্স জানিয়েছে, তাঁরা শক্তিশালী স্রোতের বিষয়ে সতর্কবার্তা দেওয়া সাইনবোর্ডের সীমানার বাইরে গিয়ে সাঁতার কাটছিলেন।
পুলিশ জানায়, বিকেল ৩টার কিছু আগে খবর পেয়ে তারা নর্থ বিমিনির দক্ষিণ প্রান্তে, বিমিনি হারবারের প্রবেশপথের কাছে যায়।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, সাঁতার কাটার সময় কয়েকজন শক্তিশালী স্রোতে ভেসে যান।
কাছাকাছি থাকা একটি ফেরি নৌকা কয়েকজন সাঁতারুকে উদ্ধারে সাহায্য করে। তবে দুই মার্কিন নাগরিক অচেতন হয়ে পড়েন; পরে তাঁদের পানি থেকে তোলা হয়।
তাঁদের সিপিআর দেওয়া হয় এবং স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়, যেখানে চিকিৎসাকর্মীরা জীবন বাঁচানোর চেষ্টা চালিয়ে যান। বিকেল ৪টার কিছু আগে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
পুলিশ বলেছে, এ ঘটনায় কোনো অপরাধের সন্দেহ করা হচ্ছে না। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্ত করা হবে।
ঘটনার পরিস্থিতি নিয়ে তদন্ত এখনো চলছে বলে জানিয়েছে পুলিশ।



