অধিনায়কত্বের প্রথম ম্যাচেই চোট, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন নাহিদা
জাতীয় নারী ক্রিকেট দলের সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম ম্যাচেই ছিটকে গেলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডান হাতের তর্জনীতে চোট পেয়ে আইসিসি উইমেনস ইমার্জিং নেশন্স ট্রফির বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি।
বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রারম্ভিক ম্যাচে পাকিস্তানি ব্যাটার শাওয়াল জুলফিকারের জোরালো শট ঠেকাতে গিয়ে তিনি আঘাত পান। নাহিদার অধিনায়কত্বে যাত্রা শুরুর সেই ম্যাচে বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
বিসিবির নারী ক্রিকেট বিভাগের ম্যানেজার বুলবুল বাশার জানিয়েছেন, ‘ডান হাতের তর্জনীতে ফ্রাকচার ধরা পড়েছে নাহিদার। সাধারণত এই চোট থেকে সারতে ৩ সপ্তাহের মতো সময় লাগে।’
নাহিদা ছিটকে যাওয়ায় টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে সোবহানা মোস্তারিকে।
টুর্নামেন্টে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেলেও নাহিদাকে এখনই দেশে ফিরিয়ে আনা হচ্ছে না। টিম ম্যানেজমেন্ট তাঁকে সফরকারী দলের সঙ্গেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
স্কোয়াডে নাহিদার বদলি হিসেবে নতুন কোনো খেলোয়াড় নেওয়া হবে না। এ প্রসঙ্গে বুলবুল বাশার বলেন, ‘নাহিদার কোনো বদলি খেলোয়াড় নেওয়া হবে না। বাঁহাতি স্পিন বোলিংয়ে অপশন হিসেবে আমাদের কাছে সানজিদা আক্তার মেঘলা আছে।’
অধিনায়ককে হারালেও টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নাহিদাকে ছাড়াই মোস্তারির নেতৃত্বে মাঠে নেমে জিম্বাবুয়ের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে দল।
টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী সোমবার, প্রতিপক্ষ নেদারল্যান্ডস।



