…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

শেখ হাসিনা আইনি প্রক্রিয়াতেই দেশে আসবেন: আইনমন্ত্রী আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনা আইনি প্রক্রিয়াতেই দেশে আসবেন: আইনমন্ত্রী আসাদুজ্জামান
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে আইনি সুযোগ দেওয়া হবে কি না—এই প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি।’

আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

শেখ হাসিনাকে কোনো আইনি সুযোগ দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় যখন তাঁকে প্রত্যর্পণ করা হবে, সেটা একটা আইনি প্রক্রিয়া।

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে বিবিসির সাম্প্রতিক এক প্রতিবেদনের কথা উল্লেখ করে আইনি প্রক্রিয়া সম্পর্কে জানতে চান এক সাংবাদিক। উত্তরে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি। উনারা (ভারত) কী করবেন, সেটা উনাদের বিষয়।’

এ প্রসঙ্গে ১৯৭৩ সালের আইনের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ওই আইনের ৪৭ (৩) অনুচ্ছেদে বলা আছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না।

শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো আলোচনা করেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ওনারা বলতে পারবেন।’

জুলাই গণ-অভ্যুত্থানের হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় প্রত্যর্পণ করতে ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে ভারতের কাছ থেকে এখনো সাড়া পাওয়া যায়নি।

এর মধ্যে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, যেকোনো মূল্যে ডিসেম্বরে দেশে ফিরতে চান তিনি। বার্তা সংস্থা রয়টার্স সম্প্রতি খবর দিয়েছে, শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি লিখেছেন।

বিবিসি বাংলার প্রতিবেদনে এমন ধারণা দেওয়া হয়েছে যে, ভারতের সম্মতি ছাড়া হাসিনা দেশে ফেরার ঘোষণা দেননি। সে ক্ষেত্রে ভারতের দুটি শর্তের কথা বলা হয়েছে ওই প্রতিবেদনে।

প্রথম শর্ত অনুযায়ী, শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে; তাঁকে ফিরিয়ে নিতে হলে সে কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে। সেই প্রত্যাবর্তন স্থলপথে হতে পারে, আকাশপথেও হতে পারে। দ্বিতীয় শর্ত, হাসিনা যাতে তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার বিচার যাতে নতুন করে শুরু হয়, বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।

এই খবর নিয়ে প্রশ্নের কোনো জবাব দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আপনি বেশ কয়েকটি সম্ভাব্য পরিস্থিতির কথা বলেছেন। দেখুন, সে বিষয়ে আমার বলার কিছু নেই।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

জেনেভায় সুইজারল্যান্ডের সংসদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক
রাজনীতি

জেনেভায় সুইজারল্যান্ডের সংসদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

সুইজারল্যান্ডের জেনেভায় দেশটির সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল। বাংলাদেশের পক্ষে প…

ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু তহবিলে জোর দিতে সরকারের প্রতি জামায়াতের আহ্বান
রাজনীতি

ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু তহবিলে জোর দিতে সরকারের প্রতি জামায়াতের আহ্বান

ঋণের চেয়ে অনুদানভিত্তিক তহবিলের দিকে বাংলাদেশ সরকারকে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কপ৩১–এ অংশ নেওয়া প্রতিনিধিদলের সদস্য…

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন শর্টসার্কিটে নয়, তদন্ত প্রতিবেদন রোববার
রাজনীতি

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন শর্টসার্কিটে নয়, তদন্ত প্রতিবেদন রোববার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন…

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা
রাজনীতি

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা

মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকার নিরাপত্তা জোরদার করতে ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স…