আবুধাবির হোটেলে মারামারি: নুরমাগোমেদভ-দভালিশভিলি কাণ্ডে ১০ জন দণ্ডিত, আটজনের কারাদণ্ড
আবুধাবির একটি হোটেলে মারামারির ঘটনায় ১০ জনকে দোষী সাব্যস্ত করেছে আবুধাবি ক্রিমিনাল কোর্ট। মিশ্র মার্শাল আর্টস (এমএমএ) যোদ্ধা উসমান নুরমাগোমেদভ, মেরাব দভালিশভিলি ও তাঁদের সতীর্থদের মধ্যে একটি কুস্তি আয়োজনের আগে এই মারামারি বাধে।
আবুধাবি জুডিশিয়াল ডিপার্টমেন্ট শুক্রবার জানিয়েছে, হোটেলের ভেতরে মারামারির ঘটনায় ১০ আসামিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাঁদের দেশ থেকে বহিষ্কারেরও নির্দেশ দেওয়া হয়েছে।
ইএসপিএন জানিয়েছে, টিম নুরমাগোমেদভের ছয় সদস্যকে ছয় মাসের কারাদণ্ড, ৩ লাখ দিরহাম (প্রায় ৮১ হাজার ৬০০ ডলার) জরিমানা এবং সাজা শেষে দেশ থেকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে।
আবুধাবিভিত্তিক দ্য ন্যাশনাল পত্রিকার তথ্য অনুযায়ী, সাবেক ইউএফসি ব্যান্টামওয়েট চ্যাম্পিয়ন দভালিশভিলি ও তাঁর এক বন্ধুকে জননিরাপত্তা বিঘ্নিত করা ও অন্যদের ওপর হামলার অভিযোগে ৫০ হাজার দিরহাম (প্রায় ১৩ হাজার ৬০০ ডলার) জরিমানা করা হয়েছে।
এ ছাড়া আরও দুজনকে গোপনীয়তা লঙ্ঘনের দায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে; তাঁরা মারামারির ভিডিও ধারণ করে অনলাইনে প্রকাশ করেছিলেন। আদালত তাঁদের ফোন জব্দ ও ধারণ করা ফুটেজ মুছে ফেলারও নির্দেশ দিয়েছে।
মারামারি বাধে বুধবার, যখন শনিবার রিয়েল আমেরিকান ফ্রিস্টাইল (আরএএফ) আবুধাবি আয়োজনে অংশ নিতে যাওয়া জর্জিয়ার দভালিশভিলি ইয়াস হিলটন হোটেলের লবিতে সাক্ষাৎকার দিচ্ছিলেন। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পিএফএল লাইটওয়েট চ্যাম্পিয়ন উসমান পেছন থেকে এসে দভালিশভিলিকে চড় মারেন, সেখান থেকেই হাতাহাতির সূত্রপাত হয়।
উসমান এই কার্ডে খেলার কথা ছিল না; তিনি আবুধাবিতে এসেছিলেন বড় ভাই উমরের সঙ্গে, যার উরিজাহ ফেবারের বিপক্ষে ম্যাচের কথা ছিল। তবে শুক্রবার পরে আয়োজকেরা উমরকে কার্ড থেকে সরিয়ে তাঁর জায়গায় দভালিশভিলির বন্ধু সাবা লাজিশভিলিকে নেন, যিনি নিজেও মারামারিতে জড়িত ছিলেন।
আরএএফের সহপ্রতিষ্ঠাতা চ্যাড ব্রনস্টিন জানিয়েছেন, দভালিশভিলি হেফাজত থেকে ছাড়া পেয়েছেন এবং মারলন মোরায়েসের বিপক্ষে তাঁর নির্ধারিত ম্যাচের জন্য তিনি উপলব্ধ রয়েছেন। তিনি আবুধাবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পেশাদারিত্ব ও সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।
দভালিশভিলি নিজে এক্সে দেওয়া বিবৃতিতে বলেছেন, তিনি ছাড়া পেয়েছেন, ভালো ও সুস্থ আছেন এবং প্রস্তুত রয়েছেন। তিনি সবার মুক্তি আশা করে বলেছেন, তিনি কারও বিরুদ্ধে অভিযোগ করতে চান না এবং সবার জন্য শান্তি ও কল্যাণ চান।
এই দুই পক্ষের সংঘর্ষ এবারই প্রথম নয়। গত বছরের জানুয়ারিতে ইউএফসি ব্যান্টামওয়েট শিরোপা লড়াইয়ে দভালিশভিলি উসমানের বড় ভাই উমরকে হারানোর পর উত্তেজনা বেড়েছিল, আর গত জুলাইয়ে জর্জিয়ায় আরএএফের একটি আয়োজনেও তাঁদের মধ্যে ছোটখাটো বাগ্বিতণ্ডা হয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।


