অতীতে সমাজব্যবস্থার ওপর ভয়ের চাদর ঢেকে দেওয়া হয়েছিল: শফিকুল আলম

মানুষ যাতে সর্বদা ভয় পায়, তাই অতীতে পুরো সমাজব্যবস্থার ওপর একটি ভয়ংকর ও নিয়ন্ত্রণমূলক চাদর ঢেকে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অধিকার কর্তৃক আয়োজিত ‘মতপ্রকাশ ও গণতান্ত্রিক ব্যবস্থার সংকট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, সংবাদ প্রকাশ দমাতে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো বিভিন্ন নিবর্তনমূলক টুল ব্যবহার করা হলেও সেই সময় হাসিনা জনগণ ও সমাজের মন জয় করতে ব্যর্থ হয়েছেন।
বর্তমান সাইবার সুরক্ষা আইন সংশোধন ও সাংবাদিকদের বিভিন্ন উদ্বেগকে গুরুত্ব দেওয়ার প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, অধিকাংশ কনসার্ন ইতিমধ্যে অ্যাড্রেস করা হয়েছে এবং সরকারের সঙ্গে সাংবাদিক সমাজের নিবিড় যোগাযোগ ও আলোচনা চলছে। তবে অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতার নামে একশ্রেণির নন-স্টেট অ্যাক্টরদের স্বেচ্ছাচারিতা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
শফিকুল আলম বলেন, বর্তমানে শুধুমাত্র সরকার নয়, বরং সমাজের বিভিন্ন পুঁজিপতি ও প্রভাবশালী ব্যক্তিরাও ফ্রিডম অব এক্সপ্রেশনের মূল নীতিকে অপব্যবহার করছেন। সাধারণ নাগরিক, সাংবাদিক বা সুধী সমাজের কেউ যদি কোনো অনিয়ম, দুর্নীতি বা পরিবেশ ধ্বংসের কথা তুলে ধরেন, তবে তাদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। এমনকি চরিত্রহনন, মিথ্যা অপবাদ এবং মানহানিকর তথ্য ছড়িয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটছে, যা অত্যন্ত ভয়ানক।
তিনি আরও বলেন, ১৯৭২ সাল থেকে মানহানির আইনে সাধারণ মানুষ বা ক্ষতিগ্রস্তরা কখনোই উপযুক্ত প্রতিকার পাননি। অথচ বর্তমান অনলাইন যুগে যে কেউ ইচ্ছেমতো যেকোনো ব্যক্তির চরিত্রহনন বা মানহানিকর তথ্য প্রকাশ করতে পারছে এবং তা স্থায়ীভাবে থেকে যাচ্ছে, যা ভুক্তভোগী ও তার পরিবারের জন্য সারা জীবনের ভোগান্তি বয়ে আনে।
আন্তর্জাতিক মানদণ্ড ও আইনি কাঠামোর সঙ্গে সংগতি রেখে এই ধরনের অরাজকতার বিরুদ্ধেও শক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন শফিকুল আলম।



